ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মেসিকে জিততে সাহায্য করা সম্মানের বলে উল্লেখ করলেন কাসেমিরো


মেসিকে জিততে সাহায্য করা সম্মানের বলে উল্লেখ করলেন কাসেমিরো

আন্তর্জাতিক ও ক্লাবে ছিল সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা। বর্তমানে একই দলে খেলছেন তাঁরা। মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামিতে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সতীর্থ হিসেবে রয়েছেন রিয়াদ মাদ্রিদের সাবেক ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। মায়ামিতে মেসির সতীর্থ হয়ে খেলাটিকে তিনি ‘সম্মানের’ বলে উল্লেখ করেছেন।

কাসেমিরো, যিনি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে ‘এল ক্লাসিকো’ এবং ব্রাজিল-আর্জেন্টিনার আন্তর্জাতিক ম্যাচে নিয়মিতভাবে মেসির মুখোমুখি হয়েছেন, বর্তমানে মায়ামিতে একই দলের অংশ হিসেবে আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকাকে আরো শিরোপা জিততে সাহায্য করার সুযোগটি উপভোগ করছেন।

‘থ্রু লাইনস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে কাসেমিরো বলেন, ‘তাঁর কারণে আমাকে অনেক ভুগতে হয়েছে, অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। আর এখন আমি তাঁর পাশে আছি, তাঁর সাথে খেলাটা উপভোগ করাটা সত্যিই আনন্দের। আমার জন্য তাঁর পাশে খেলা এবং তাঁকে জয়ের ধারায় থাকতে সাহায্য করাটা অনেক সম্মানের।’

আরও পড়ুন: এক মাস পর দলে ফিরছেন এভারটনের ইংলিশ তারকা জ্যাক গ্রিলিশ

এই জুটি ইতিমধ্যেই ২০২৬ সালের ‘ক্যাম্পিওনেস কাপ’ জিতেছে, যেখানে ক্রুজ আজুলের বিরুদ্ধে ২-০ গোলের জয়ে মেসি নিজে একটি গোল করার পাশাপাশি কাসেমিরোর গোলটিতে সহায়তা (অ্যাসিস্ট) করেছিলেন।

মেসি-কাসেমিরো এখন আরেকটি এমএলএস কাপ জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। কাসেমিরো মেসিকে ‘সেরা’ হিসেবে অভিহিত করে আরো বলেন, ‘তার পাশে খেললে মাঠে সবকিছুই অনেক সহজ হয়ে যায়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে দুই বছরে নীতিমালা তৈরিতে সম্মত ১২৮ দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে দুই বছরে নীতিমালা তৈরিতে সম্মত ১২৮ দেশ

মানুষের চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই লক্ষ্যবস্তুতে আঘাত ও প্রাণহানি ঘটাতে সক্ষম মারণাত্মক স্বয়ংক্রিয় অস্ত্র বা ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে আগামী দুই বছরের মধ্যে একটি আন্তর্জাতিক রূপরেখা বা নীতিমালা তৈরির উদ্যোগে সম্মত হয়েছে ১২৮টি দেশ।

জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের ‘কনভেনশন অন সার্টেইন কনভেনশনাল উইপন্স’ (সিসিডব্লিউ)-এর পর্যালোচনা সম্মেলনের শেষ দিনে শনিবার এই সিদ্ধান্তটি গৃহীত হয়। তবে মানবাধিকার ও প্রচারণা সংস্থাগুলো দ্রুত আইনি বাধ্যবাধকতাযুক্ত চুক্তি না হওয়ার কারণে এই অগ্রগতিকে দুর্বল ও ধীরগতির বলে হতাশা প্রকাশ করেছে।

সম্মেলনে প্রায় ১০০টি দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত এসব স্বয়ংক্রিয় অস্ত্রের ওপর দ্রুত আইনি বাধ্যবাধকতাযুক্ত নিয়ম চালুর পক্ষে অবস্থান নিয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইসরায়েলের মতো বড় অস্ত্র উৎপাদনকারী ও এআই সামরিক প্রযুক্তিতে এগিয়ে থাকা দেশগুলোর বিরোধিতার কারণে শেষ পর্যন্ত দ্রুত চুক্তির প্রস্তাবটি টেকেনি। ভবিষ্যতের এই পদক্ষেপ আইনিভাবে বাধ্যতামূলক হবে কি না, সে বিষয়টিও আপাতত অমীমাংসিত রাখা হয়েছে।

পাঁচ দিনব্যাপী এই আলোচনা নির্ধারিত সময়ের গণ্ডি পেরিয়ে শনিবার ভোরে শেষ হয়। সম্মেলনের সভাপতি জুলিয়েন থনি সাংবাদিকদের জানান, সদস্য দেশগুলো আগামী দুই বছরের মধ্যে মারণাত্মক স্বয়ংক্রিয় অস্ত্রব্যবস্থা সংক্রান্ত একটি আন্তর্জাতিক দলিল তৈরির প্রক্রিয়া শুরু করতে একমত হয়েছে। তাঁর মতে, এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় কোন ধরনের অস্ত্র নিষিদ্ধ করা যায় এবং কোনগুলো নিয়ন্ত্রণের মধ্যে আনা যায়, তা খতিয়ে দেখা হবে। আলোচনার সময় কিছু দেশ ‘নেগোসিয়েট’ (আলোচনা করে চুক্তি করা) শব্দের বদলে ‘ইলাবোরেট’ (বিস্তৃত রূপরেখা তৈরি) শব্দ ব্যবহারের ওপর জোর দেওয়ায় শেষ পর্যন্ত সেই শব্দটিই গৃহীত হয়।

ব্রাজিলের রাষ্ট্রদূত ফ্রেডেরিকো মেয়ারসহ অস্ট্রিয়া, বেলজিয়াম, আয়ারল্যান্ড, মেক্সিকো, নিউজিল্যান্ড ও পানামা দ্রুত আলোচনার প্রস্তাব তুলেছিল। তবে কূটনৈতিক অগ্রগতির ধীরগতি নিয়ে উদ্বেগ জানিয়ে মেয়ার মন্তব্য করেন, কূটনীতির চেয়ে প্রযুক্তির অগ্রগতি অনেক বেশি দ্রুতগতিতে এগোচ্ছে এবং কূটনীতিকদের গতি বেশ ধীর। সিসিডব্লিউতে সর্বসম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার নিয়ম থাকায় যেকোনো একটি দেশের আপত্তিও বড় চুক্তির পথে বাধা হয়ে দাঁড়ায়।

ইউক্রেন, সুদান ও মধ্যপ্রাচ্যের সংঘাতসহ বিভিন্ন যুদ্ধক্ষেত্রে স্বয়ংক্রিয় ও এআই-নির্ভর অস্ত্রব্যবস্থার ব্যবহার নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, পোপ চতুর্দশ লিও এবং রেড ক্রসসহ বিভিন্ন মানবিক সংস্থা দীর্ঘদিন ধরেই প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রের লাগাম টানতে কঠোর ও বাধ্যবাধকতামূলক নিয়মের আহ্বান জানিয়ে আসছিল।

সিদ্ধান্ত ঘোষণার পর হিউম্যান রাইটস ওয়াচের অস্ত্রবিষয়ক উপপরিচালক ভেরিটি কয়েল এই ফলাফলকে ‘হতাশাজনক’ আখ্যা দেন। তাঁর মতে, প্রযুক্তি যখন দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন নতুন নিয়ম তৈরিতে যে জরুরি পদক্ষেপ প্রয়োজন ছিল, এই সিদ্ধান্তে তা অনুপস্থিত। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় গার্মেন্টসে পরিদর্শন করলেন মজুরি বোর্ডের চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


আশুলিয়ায় গার্মেন্টসে পরিদর্শন করলেন মজুরি বোর্ডের চেয়ারম্যান

শ্রমিক-কর্মচারীদের মজুরি নির্ধারণের প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকার আশুলিয়ার পলাশবাড়ীতে অবস্থিত পার্ল গার্মেন্টস কোং লিমিটেড পরিদর্শন করেছেন ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান জনাব সৈয়দ আজাদ সুবহানী (জেলা ও দায়রা জজ)-এর নেতৃত্বে একটি পরিদর্শন দল কারখানাটিতে সরেজমিনে পরিদর্শনে যায়।

এ সময় পরিদর্শন দলের সদস্যরা কারখানার সার্বিক পরিবেশ, উৎপাদন কার্যক্রম এবং শ্রমিক-কর্মচারীদের মজুরি সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। পাশাপাশি কারখানার বিদ্যমান কর্মপরিবেশ, শ্রমিকদের সুযোগ-সুবিধা ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় পর্যবেক্ষণ করা হয়।

ন্যূনতম মজুরি নির্ধারণের কার্যক্রমকে আরও বাস্তবসম্মত ও তথ্যভিত্তিক করতে এ ধরনের সরেজমিন পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এর মাধ্যমে পোশাকশিল্পের প্রকৃত অবস্থা, শ্রমিকদের মজুরি কাঠামো এবং কারখানার সক্ষমতা সম্পর্কে প্রয়োজনীয় ধারণা পাওয়া সম্ভব হবে।

পরিদর্শনকালে কারখানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য ও প্রয়োজনীয় সহযোগিতা নেওয়া হয়।

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং শিল্পকারখানার বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণের প্রক্রিয়ার অংশ হিসেবেই এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনার তালতলীতে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


বরগুনার তালতলীতে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন

বরগুনার তালতলীতে বিয়ের দাবিতে পাঁচ সন্তানের জননী কথিত প্রেমিক বেলাল গাজীর বাড়িতে অনশনে বসেছেন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকালে ওই নারী প্রেমিক বেলাল গাজীর স্ত্রীর মারধরের শিকার হয়ে শনিবার সকালে তালতলী হাসপাতালে ভর্তি হন। এই ঘটনা উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের গেন্ডামারা গ্রামে ঘটে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, অনশনরত ওই নারীর প্রথম সংসারে তিন সন্তান ছিল। পরবর্তীতে স্থানীয় জয়নাল হাওলাদারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, এবং একপর্যায়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেখানে আরও দুই সন্তানের জন্ম হয়, ফলে তিনি মোট পাঁচ সন্তানের জননী।

গত বছর একই এলাকার বেলাল গাজী পার্শ্ববর্তী জয়নাল হাওলাদারের বাড়িতে হাইব্রিড ধানের চাষ করেন। ধান চাষের সুবাদে বেলাল গাজী নিয়মিতভাবে জয়নাল হাওলাদারের বাড়িতে যাতায়াত করতেন। এই যাতায়াতের ফলে ওই নারীর সঙ্গে বেলালের ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে বেলাল গাজী তাকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন।

অনশনরত ওই নারী বলেন, "বেলাল বিয়ের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন না করায় আমি তার বাড়িতে অনশনে বসি।" তিনি আরও জানান, সন্ধ্যার পরে বেলাল গাজীর স্ত্রী আমেনা ও প্রতিবেশী সেতারা বেগমসহ কয়েকজন মিলে তাকে বেধড়ক মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তালতলী হাসপাতালে নিয়ে আসেন। তিনি হুঁশিয়ারি দেন, "বেলাল যদি আমাকে বিয়ে না করেন তাহলে আমি বিষপানে আত্মহত্যা করব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যামিলি কার্ড শুমারি শুরু, প্রস্তুত রাখতে হবে প্রয়োজনীয় কাগজপত্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


ফ্যামিলি কার্ড শুমারি শুরু, প্রস্তুত রাখতে হবে প্রয়োজনীয় কাগজপত্র

সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের কার্যক্রম দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে। তথ্য সংগ্রহকারীরা বাড়ি, ফ্ল্যাট ও ঘরে গিয়ে পরিবারের সদস্যদের তথ্য সংগ্রহ করবেন। সমাজসেবা অধিদপ্তর নাগরিকদের কাছে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র প্রস্তুত রাখার জন্য আহ্বান জানিয়েছে।

সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের তেজগাঁও সার্কেল কার্যালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচি বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম এবং এটি সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ২০২৬ সালের অক্টোবর থেকে দেশের সব পরিবারকে শুমারির আওতায় আনার লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে।

তথ্য সংগ্রহকারীরা শিগগিরই সংশ্লিষ্ট বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করতে পারেন। এ জন্য বিজ্ঞপ্তিতে কয়েক ধরনের তথ্য ও কাগজপত্র প্রস্তুত রাখার অনুরোধ করা হয়েছে।

এতে বলা হয়েছে, যে নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড ইস্যু হবে, তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি; পরিবারের অন্যান্য সদস্যদের এনআইডি এবং যাদের এনআইডি নেই, তাদের জন্মনিবন্ধন সনদ প্রস্তুত রাখতে হবে। বিশেষ করে ১৮ বছরের কম বয়সীদের জন্মনিবন্ধন সনদ প্রস্তুত রাখতে বলা হয়েছে।

এছাড়া, কার্ডগ্রহীতা নারীর এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের তথ্য, পরিবারের আয়-ব্যয়, সম্পদ ও সদস্যসংক্রান্ত সঠিক তথ্য প্রস্তুত রাখতে হবে। বাড়ির ছবি, কার্ডগ্রহীতা নারীর ছবি এবং প্রয়োজন অনুযায়ী ফরমে স্বাক্ষর বা টিপসই দেওয়ার প্রস্তুতি রাখার কথাও বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড বিনা মূল্যে প্রদান করা হবে। যদি কেউ কার্ড পাইয়ে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে অর্থ দাবি করে, তাহলে তাঁকে কোনো টাকা দেওয়া যাবে না।

তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি নিশ্চিত করতে হবে যে, কোনো পরিবার শুমারি থেকে বাদ না পড়ে। এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

এ কার্যক্রমের প্রচার ও জনসচেতনতা সৃষ্টিতে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে ভূমিকা রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট এলাকার মসজিদের ইমাম, খতিব, প্রতিষ্ঠানপ্রধান ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করা হয়েছে।

সমাজসেবা অফিসার ইনসান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি ও সহযোগিতা করা সবার সম্মিলিত দায়িত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%