১১:৫২ পি.এম
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি সাঈদ ইকবাল টিটু বলেছেন, ‘অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে যুবদল রাজপথে সক্রিয় রয়েছে এবং থাকবে। এ লক্ষ্য অর্জনের জন্য ইতোমধ্যে দেশব্যাপী যুবদলের সাংগঠনিক সপ্তাহ ঘোষণা করা হয়েছে। যুবদল সংগঠনের সাংগঠনিক পুনর্গঠন এবং ষড়যন্ত্রের মোকাবিলায় রাজপথে নেতা-কর্মীদের সক্রিয় থাকার বিষয়টি নিশ্চিত করবে।’
মঙ্গলবার দুপুরে, ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে যুবদলের সাংগঠনিক সপ্তাহের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন তিনি।
সমাবেশে সাঈদ ইকবাল টিটু আরো বলেন, দেশের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যে স্বপ্ন দেখছেন, সে স্বপ্নে যুবদল মাঠে কাজ করছে। কিন্তু কিছু বিশেষ মহল অপপ্রচার এবং কুৎসা রটনার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যুবদল তাদের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখতে থাকবে।
আরও পড়ুন: ফরিদপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কৃষকদল নেতা রাজু মোল্যা নিহত
সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকুনোজ্জামান রোকন। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় পর্যবেক্ষক দলের সদস্য এবং কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল ও আব্দুল করিম সরকার।
এ সময়, ময়মনসিংহ মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, উত্তর যুবদলের সভাপতি শামছুল হক শামছু, দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবীর মামুন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে, সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে নগরীর টাউন হল থেকে স্টেশন রোড পর্যন্ত যুবদলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়। উক্ত মিছিলে সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে।
এছাড়া, ওইদিন ময়মনসিংহ নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। এসব মিছিলে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আমিন খসরু এবং সাবেক সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুলসহ অন্যরা নেতৃত্ব দিয়েছেন।
আরও পড়ুন: মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি শাহিনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন