১১:২৫ পি.এম
কাঁঠালিয়ায় স্বজনপ্রীতি ও পরিবারতন্ত্রের অভিযোগ, একই পরিবারের সদস্যদের নামে একাধিক লাইসেন্স
ঝালকাঠির কাঁঠালিয়ায় সার ডিলারশিপ নিয়োগে স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ নিয়ে তালাশ বিডিতে সংবাদ প্রকাশের পর তদন্তে নেমেছে জেলা কৃষি বিভাগ। জেলা প্রশাসকের নির্দেশে সংশ্লিষ্ট তদন্ত কমিটি অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখছে। উপজেলা কৃষি অফিসের এক কর্মচারীর বিরুদ্ধে নিজের মেয়ে, স্ত্রী ও বোনের নামে বিসিআইসি ও খুচরা সার ডিলারশিপ পাইয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে কৃষি বিভাগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগের কেন্দ্রে রয়েছেন কাঁঠালিয়া উপজেলা কৃষি অফিসে মোকাদ্দম পদে কর্মরত মো. রুহুল আমিন। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন একই কর্মস্থলে থেকে প্রভাব বিস্তার করে তিনি উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নে সার ডিলারশিপ নিয়োগ ও বিতরণে স্বজনদের সুবিধা পাইয়ে দিয়েছেন। এ ঘটনায় ডিলারশিপ থেকে বঞ্চিত স্থানীয় আবেদনকারী ও কৃষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কৃষকদল নেতা রাজু মোল্যা নিহত
অভিযোগ সূত্রে জানা গেছে, রুহুল আমিনের মেয়ে মুক্তারি মরিয়ম মুন্নীর নামে পাটিখালঘাটা ইউনিয়নে নতুন বিসিআইসি সার ডিলারশিপের লাইসেন্স দেওয়া হয়েছে। অভিযোগকারীদের দাবি, লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা নন। পাটিখাল সদর এলাকা থেকে তাঁর বসবাসের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। এ ক্ষেত্রে সার ডিলার নিয়োগ নীতিমালার শর্ত যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা তদন্তের দাবি উঠেছে।
এ ছাড়া রুহুল আমিনের স্ত্রী শিউলি বেগমের নামে ‘মেসার্স খান স্টোর’ এবং বোন মোসা. খাদিজা বেগমের নামে ‘মেসার্স মোল্লা অ্যান্ড সন্স’ প্রতিষ্ঠানের অনুকূলে খুচরা সার ডিলারশিপের লাইসেন্স নেওয়ার অভিযোগ রয়েছে।
অভিযোগকারীদের প্রশ্ন, একই পরিবারের একাধিক সদস্যের নামে সার ডিলারশিপ দেওয়ার ক্ষেত্রে আবেদন যাচাই, যোগ্যতা নির্ধারণ ও স্বার্থের সংঘাতসংক্রান্ত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না। সরকারি দায়িত্বে থাকা একজন কর্মচারীর প্রভাব ব্যবহার করে পরিবারের সদস্যরা বাণিজ্যিক সুবিধা পেয়েছেন কি না, সেটিও তদন্তের গুরুত্বপূর্ণ বিষয়।
ডিলারশিপ থেকে বঞ্চিত দীর্ঘদিনের অভিজ্ঞ ও স্থানীয় স্থায়ী বাসিন্দা মো. সিদ্দিক জমাদ্দার এ বিষয়ে জেলা প্রশাসক, জেলা সার ও বীজ মনিটরিং কমিটি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ ও প্রতিকার চেয়ে আবেদন করেছেন।
আরও পড়ুন: মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি শাহিনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা
অভিযোগকারীর দাবি, ডিলার নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও নীতিমালার পরিবর্তে ব্যক্তিগত সম্পর্ক ও প্রভাবকে গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে প্রকৃত যোগ্য ও স্থানীয় আবেদনকারীরা বঞ্চিত হয়েছেন।
এর আগে অভিযোগের বিষয়ে কাঁঠালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ফাতিমা ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে অভিযোগকারীদের দাবি। অন্যদিকে, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ননী গোপাল মজুমদার বিষয়টি জেলা প্রশাসকের সিদ্ধান্ত বলে উল্লেখ করেন। অভিযুক্ত রুহুল আমিনও দাবি করেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা সবকিছু জেনেশুনেই ডিলার নিয়োগ দিয়েছেন।
তবে নিয়োগপ্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে কি না, সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমোদন ও সুপারিশের ভিত্তি কী ছিল এবং একই পরিবারের সদস্যদের নামে একাধিক লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে নীতিমালা মানা হয়েছে কি না—এসব প্রশ্নের উত্তর এখন জেলা পর্যায়ের তদন্তের ওপর নির্ভর করছে।
দৈনিক ‘খোলা কণ্ঠে’ সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসনের নির্দেশে তদন্ত শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অভিযোগকারী ও ডিলারশিপ থেকে বঞ্চিত স্থানীয়রা। তাঁদের দাবি, তদন্ত যেন কেবল কাগজপত্র যাচাইয়ের মধ্যে সীমাবদ্ধ না থাকে; বরং নিয়োগের আবেদন, লাইসেন্স প্রদানের সুপারিশ, অনুমোদন, বসবাসের ঠিকানা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পারিবারিক সম্পর্কসহ সব বিষয় নিরপেক্ষভাবে যাচাই করা হয়।
আরও পড়ুন: চৌদ্দগ্রামে ৯ দিন নিখোঁজের পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
সচেতন মহলের মতে, সার একটি গুরুত্বপূর্ণ কৃষি উপকরণ। এর ডিলার নিয়োগ ও বিতরণে স্বচ্ছতা না থাকলে প্রকৃত কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট লাইসেন্সের বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দায়ীদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।
এখন স্থানীয় কৃষক ও অভিযোগকারীদের অপেক্ষা, জেলা কৃষি বিভাগের তদন্তে কী উঠে আসে। স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, সেটিই এখন দেখার বিষয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন