১২:০৭ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি রোববার (২৬ জুলাই) সেনাসদরে ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’-এর প্রথম পর্বের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে এই কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সংকটময় মুহূর্তে এবং যেকোনো দুর্যোগে সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে যেভাবে দাঁড়িয়ে আছে, তা প্রশংসনীয়। দেশের প্রয়োজনে সশস্ত্র বাহিনীর ত্যাগ ও সমর্থনের জন্য তিনি সেনাপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর সর্বস্তরের সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এর আগে, সেনাসদরে পৌঁছালে সেনাবাহিনী প্রধান ও চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। ব্যস্ততার মধ্যেও উপস্থিত থেকে নির্বাচনি পর্ষদ উদ্বোধন করার জন্য সেনাপ্রধান প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন: কৃষক নেতা রাজু মোল্লা হত্যায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এমপি বাবুল
পদোন্নতি পর্ষদের মূল্যবান ভাষণে প্রধানমন্ত্রী শুরুতেই মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সব শহীদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং দায়িত্ব পালনকালে শহীদ হওয়া সব সেনাসদস্যের আত্মত্যাগের কথা স্মরণ করেন।
পর্ষদের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী নির্দেশ দেন যে, পদোন্নতির ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের প্রতিফলন ঘটানো যাবে না। তিনি পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও অনুগত্যের ভিত্তিতে পদোন্নতির সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
এই ১ম পর্বের পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদবির যোগ্য কর্মকর্তাদের পদোন্নতির জন্য বিবেচনা করা হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামসহ সামরিক বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে, প্রধানমন্ত্রী সেনা কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
আরও পড়ুন: ৪,৫৮৮ ইউনিয়ন পরিষদে ৯১৩ কোটি ৫০ লাখ টাকার উন্নয়ন বরাদ্দ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন