১২:০২ পি.এম
গাজীপুরে পোশাকশ্রমিকেরা আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। বুধবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে মহানগরীর ছয়দানা ও হাড়িকেন এলাকায় তারা মহাসড়কে অবস্থান নেন। এর ফলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। ফলে যাত্রী ও চালকদের ভোগান্তির সম্মুখীন হতে হয়।
শ্রমিকদের অসন্তোষের কারণে গাজীপুর মহানগরীর ১০টি তৈরি পোশাক কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, গতকালের তথ্য অনুযায়ী, কর্তৃপক্ষ ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
সকাল বেলা মহানগরীর ছয়দানা এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা ও হাড়িকেন এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের তল্লাশি অভিযান
অন্যদিকে, শ্রীপুরের নতুন বাজার এলাকার এস এম নিটওয়্যার, বাঘের বাজারের গোল্ডেন রিফিট গার্মেন্টস এবং ভবানীপুরের ফকিরা গার্মেন্টসের শ্রমিকেরা কাজ বন্ধ রেখে উৎপাদন ফ্লোরে শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। মহানগরীর কোনাবাড়ী এলাকার দুটি পোশাক কারখানার শ্রমিকরাও বিক্ষোভ করেছেন। তবে তারা মহাসড়কে অবস্থান নেননি বলে জানা গেছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের এসপি আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শ্রমিক আন্দোলনের কারণে বুধবার সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবারের তথ্য অনুযায়ী, ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন করছেন। গতকাল মঙ্গলবার মহানগরীর কোনাবাড়ী, কাশিমপুর, চান্দনা চৌরাস্তা, জরুন, নাওজোড়, ছয়দানা, ভোগড়া এবং শ্রীপুরের ২ নম্বর সিএন্ডবি ও আপাডা এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকেরা।
এ সময় পরিস্থিতি সহিংস হয়ে উঠলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশ, পোশাকশ্রমিক ও সাংবাদিকসহ অনেকে আহত হন। বিশৃঙ্খলা এড়াতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর থেকে জেলার ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন