০৮:৫৮ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিশৃঙ্খলা ও মারামারির ঘটনার কারণে ফেনী জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব আকবর হোসেনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই ঘটনায় জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজিবকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে দলটির কেন্দ্রীয় কমিটি।
দলীয় সূত্রে জানা যায়, গত ১০ জুলাই ফেনীর সোনাগাজীতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীন স্থানীয় নেতাদের মধ্যে মঞ্চে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে, যা প্রকাশ্যে এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ন করে।
আরও পড়ুন: খিলগাঁওয়ে জয়বাংলা স্লোগানে বোমা হামলায় শ্রমিক দল নেত্রী আহত
একাধিক স্থানীয় নেতা ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ রয়েছে যে, এই ঘটনার মূল হোতা ছিলেন আকবর হোসেন।
এই ঘটনার পর ১৯ জুলাই এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে আকবর হোসেনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
দলটির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা সই করা চিঠিতে জানানো হয়েছে, দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি লঙ্ঘনের অভিযোগে কেন তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে না- তা নোটিশ প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে লিখিতভাবে ব্যাখ্যা করতে বলা হয়েছে।
চিঠির বিষয়ে জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজিব কালের কণ্ঠকে জানিয়েছেন, আমি ওই কর্মসূচির মূল আয়োজক ছিলাম। সেখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। শৃঙ্খলা রক্ষায় ত্রুটি থাকার কারণেই হয়তো কেন্দ্র থেকে আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: শ্রীমঙ্গলে বিএনপির বিশাল মোটরসাইকেল শোডাউন, নৈরাজ্য প্রতিহতের হুঁশিয়ারি
তবে অভিযোগ অস্বীকার করে আকবর হোসেন কালের কণ্ঠকে বলেন, আমাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। আমি বিশৃঙ্খলার সঙ্গে সম্পৃক্ত নই। যারা প্রকৃতপক্ষে ঘটনাটি ঘটিয়েছে, তারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
