ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কাউখালী উপজেলা জামায়াতের ২০২৭–২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শপথ গ্রহণ


কাউখালী উপজেলা জামায়াতের ২০২৭–২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুরের কাউখালী উপজেলা শাখার ২০২৭–২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় কাউখালী উপজেলা জামায়াতের কার্যালয়ে নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটিতে আমীর হিসেবে শপথ গ্রহণ করেন অধ্যাপক হুমায়ুন কবির এবং সেক্রেটারি হিসেবে শপথ গ্রহণ করেন মাওলানা মোস্তাফিজুর রহমান। নবগঠিত কমিটির উপজেলা আমীর অধ্যাপক হুমায়ুন কবিরকে শপথ বাক্য পাঠ করান পিরোজপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুর রব।
এ ছাড়া অফিস বিভাগের দায়িত্বে মোঃ জামিনুল হক জামিল এবং অর্থ বিভাগের দায়িত্বে মোঃ কামরুল ইসলামসহ মোট ১০টি বিভাগের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ৭ সদস্য বিশিষ্ট মহিলা শূরা সদস্য ও ৮ সদস্য বিশিষ্ট কর্মপরিষদ কমিটিও গঠন করা হয়েছে। এদের শপথ বাক্য পাঠ করান নবগঠিত আমীর অধ্যাপক হুমায়ুন কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারি জহিরুল হক ও সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক। এ সময় কাউখালী উপজেলার রুকন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৪ কোটি ৬০ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৪ কোটি ৬০ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে। এই অভিযানটি সরাইল-২৫ বিজিবি ব্যাটালিয়নের মুকুন্দপুর বিওপির একটি টহল দল দ্বারা পরিচালিত হয়।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ২টার দিকে সীমান্ত পিলার ২০০৭/৭-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকায় অভিযানটি সম্পন্ন হয়। শনিবার দুপুরে সরাইল-২৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য উপস্থাপন করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুকুন্দপুর বিওপির টহল দল কামালমোড়া এলাকায় আগে থেকেই অবস্থান নেয়। এসময় ১৫ থেকে ২০ জনের একটি চোরাকারবারি দল মাথায় কার্টন নিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা মাথার কার্টন ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে স্কচটেপ দিয়ে মোড়ানো কার্টনের ভেতর থেকে ৫ হাজার ৭৬০ পিস ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। জব্দ করা এসব ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা। উদ্ধারকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরাইল-২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্তে চোরাই মোবাইল ডিসপ্লের অনুপ্রবেশ বেড়েছে কারণ চাহিদা রয়েছে। এছাড়া আগামী ডিসেম্বরে একটি রাজনৈতিক দলের ডেটলাইনকে কেন্দ্র করে সীমান্তে অনুপ্রবেশ ঠেকানোর জন্য বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি জানান, বিজিবি কঠোর তৎপর রয়েছে যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে।

বিজিবি আরও জানায়, মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে চলতি নভেম্বর মাসে সরাইল-২৫ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৭১ কেজি গাঁজা, ১০১ বোতল ইস্কফ, ৮১ বোতল বিদেশি মদ এবং ৮৮ বোতল বিয়ার জব্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৬৫ বছরের রিম্যান হাইপোথিসিস সমাধানের দাবি, সহায়তায় ক্লড এআই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


১৬৫ বছরের রিম্যান হাইপোথিসিস সমাধানের দাবি, সহায়তায় ক্লড এআই

একটি ১৬৫ বছরের পুরনো গাণিতিক রহস্যের সমাধান খুঁজে পাওয়ার দাবি করেছেন অ্যানথ্রপিকের এক গণিতবিদ। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানটির তৈরি মডেল ক্লডের সহায়তায় তিনি এই দাবি করেছেন। যদিও প্রাথমিক কিছু যাচাইয়ে প্রমাণটি উত্তীর্ণ হয়েছে, গণিতবিদরা এখনো এটি পরীক্ষা করে দেখছেন। আনুষ্ঠানিকভাবে সমাধানটি স্বীকৃতি পায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অ্যানথ্রপিকের গণিতবিদ লেভেন্ত আলপোগে শুক্রবার নিজের ওয়েবসাইটে রিম্যান হাইপোথিসিসের প্রমাণ আবিষ্কারের দাবি করেছেন। তিনি জানিয়েছেন, ক্লডের সঙ্গে কাজ করেই তিনি এই প্রমাণের দিকে এগিয়েছেন। প্রথমে তিনি এআই মডেলটিকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিলেও শেষ পর্যায়ে ক্লড তাঁর প্রত্যাশার চেয়েও বেশি অগ্রগতি দেখিয়েছে।

আলপোগে জানান, তিনি কয়েক মাস ধরে ক্লডের সঙ্গে বিভিন্ন বিষয়ে কাজ করেছেন। তবে শেষ পর্যায়ে এসে ক্লড তাঁকে ছাড়িয়ে গেছে। এআই মডেলটির অগ্রগতি তাঁকে বিস্মিত করেছে বলেও তিনি মন্তব্য করেন।

রিম্যান হাইপোথিসিস আসলে কী

১৮৫৯ সালে জার্মান গণিতবিদ বার্নহার্ড রিম্যান এই অনুমানটি উপস্থাপন করেন। এটি মৌলিক সংখ্যার বিন্যাস বা বণ্টনের সঙ্গে সম্পর্কিত। মৌলিক সংখ্যা হলো এমন সংখ্যা, যেগুলোকে শুধুমাত্র ১ এবং সেই সংখ্যা নিজে দিয়ে নিঃশেষে ভাগ করা যায়। যেমন—২, ৩, ৫, ৭ ও ১১।

সংখ্যারেখায় মৌলিক সংখ্যাগুলো আপাতদৃষ্টিতে অনিয়মিত মনে হলেও এর পেছনে একটি গভীর গাণিতিক কাঠামো রয়েছে বলে গণিতবিদেরা মনে করেন। রিম্যান হাইপোথিসিসে এই কাঠামোর সঙ্গে রিম্যান জিটা ফাংশন নামের একটি গাণিতিক ফাংশনের শূন্যস্থানগুলোর সম্পর্ক তুলে ধরা হয়েছে।

এই অনুমানটি যদি প্রমাণিত হয়, তবে মৌলিক সংখ্যার বণ্টন সম্পর্কে গণিতবিদদের ধারণা আরও স্পষ্ট হবে। সংখ্যাতত্ত্বসহ গণিতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে।

রিম্যান হাইপোথিসিস ক্লে ম্যাথমেটিকস ইনস্টিটিউটের নির্ধারিত সাতটি ‘মিলেনিয়াম প্রাইজ প্রবলেম’-এর মধ্যে একটি। প্রতিটি সমস্যার গ্রহণযোগ্য সমাধানের জন্য ১০ লাখ ডলার পুরস্কার নির্ধারিত রয়েছে। এখন পর্যন্ত সাতটির মধ্যে শুধু পয়েনকারে কনজেকচার আনুষ্ঠানিকভাবে সমাধান হিসেবে স্বীকৃতি পেয়েছে।

ক্লডের দেওয়া প্রমাণ কতটা নির্ভরযোগ্য

আলপোগে তাঁর প্রমাণটি ‘লিন’ (Lean) নামের একটি প্রোগ্রামিং ভাষায় লিখেছেন। গাণিতিক যুক্তি ধাপে ধাপে যাচাই করার কাজে এই ভাষা ব্যবহৃত হয়। এমআইটির গণিতবিদ অ্যান্ড্রু সাদারল্যান্ডসহ স্বাধীন গবেষকেরা লিনে প্রমাণটি কম্পাইল করে প্রাথমিকভাবে কোনো ত্রুটি পাননি।

তবে প্রমাণটি কম্পাইল হওয়া মানেই যে গাণিতিক দাবিটি সঠিক, তা নয়। বিশেষজ্ঞদের যাচাই করতে হবে যে কোডের মাধ্যমে মূল অনুমানের অর্থ বদলে গেছে কি না কিংবা কোনো অনিচ্ছাকৃত শর্টকাট ব্যবহার করা হয়েছে কি না। অর্থাৎ, প্রমাণটি ঠিক যে বিষয়টি প্রতিষ্ঠা করার দাবি করছে, সেটিই প্রতিষ্ঠা করছে কি না, তা নিশ্চিত হওয়া জরুরি।

এখন পর্যন্ত ক্লে ম্যাথমেটিকস ইনস্টিটিউটও এই সমাধানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।

গণিত গবেষণায় এআইয়ের নতুন সম্ভাবনা

সাম্প্রতিক বছরগুলোতে জটিল গাণিতিক সমস্যা সমাধানে এআই মডেলের সক্ষমতা দ্রুত বেড়েছে। ২০২৩ সালে সাধারণ চার অঙ্কের যোগের মতো কাজেও এসব মডেলের সীমাবদ্ধতা ছিল। পরবর্তীতে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের মতো প্রতিযোগিতায় স্বর্ণপদক পাওয়ার মতো পারফরম্যান্স দেখিয়েছে এআই মডেলগুলো।

চলতি বছর উন্মুক্ত গাণিতিক সমস্যার সমাধানেও এআইয়ের অগ্রগতি দেখা গেছে। এর আগে ওপেনএআইয়ের একটি মডেল নাভিয়ের-স্টোকস সমস্যার ক্ষেত্রেও অগ্রগতির দাবি করেছিল।

রিম্যান হাইপোথিসিসের ক্ষেত্রে আলপোগের দাবি সত্য প্রমাণিত হলে গণিত গবেষণায় এআইয়ের ভূমিকা নিয়ে নতুন আলোচনা তৈরি হবে। তবে বিশেষজ্ঞদের পূর্ণাঙ্গ যাচাই ও আনুষ্ঠানিক স্বীকৃতি না পাওয়া পর্যন্ত এটিকে ১৬৫ বছরের রহস্যের চূড়ান্ত সমাধান বলা যাবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া: আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


অধ্যক্ষ সেলিম ভূঁইয়া: আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই

শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি মন্তব্য করেছেন যে, সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। তিনি উল্লেখ করেছেন, ‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না।’

তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর ফ্যাসিস্ট আমলে অনেক শিক্ষক জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। যেসব শিক্ষক ফ্যাস্টিদের দোসর হিসেবে কাজ করেছেন তাদের প্রমাণসহ তালিকা দেবেন, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব। আমরা কারো ওপর জুলুম বা অন্যায় করতে চাই না। তবে আমাদের দুর্বল মনে করলে আমরা ছেড়েও দেব না।’

আজ শনিবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম ভূঁইয়া আরও বলেন, “নুরুল ইসলাম নাহিদকে (সাবেক শিক্ষামন্ত্রী) আটকের পর অনেকের গাত্রদাহ হয়েছে—‘আরে এত বড় একজন বয়স্ক লোক আটক’। আমাদের এম কে আনোয়ারের বয়স কত ছিল? উনি ৮৬ বছর বয়সে কোর্টের বারান্দায় ঘুরেছেন, তাকে ধরে ধরে উঠানো হতো। আবার তাকে হ্যান্ডকাফও লাগানো হয়েছে। আমাকেও হ্যান্ডকাফ লাগিয়ে টেনে টেনে কোর্টে নিয়ে আসত, ৪০টি মামলার আসামি ছিলাম। পুলিশ, র‌্যাব, ডিবি দিয়ে আমাকে উঠিয়ে নেওয়া হয়েছিল।’

এ সংসদ সদস্য বলেন, ‘আমি নাকি যাত্রাবাড়ী কাঠেরপুল এলাকায় বাসে আগুন দিয়েছি। আমরা এত কিছু সহজে ভুলিনি। আমরা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করি না। আবার একেবারে আমাদেরকে কেউ দুর্বল মনে করলে তাদের ছেড়েও দেব না, ধরতে হবে।’

তিনি বলেন, ‘এই ১৭ বছরে শেখানো হইছে শেখ মুজিবুর রহমান জাতির পিতা, বই-পুস্তকে এ কথাগুলো আমার মতো শিক্ষকরাই লিখেছে, আপনার মতো শিক্ষকরাই লিখেছে। শেখ মুজিব যদি জাতির পিতা হতো, ১৯৭৪-এর দুর্ভিক্ষে মানুষ না খেয়ে রাস্তায় পড়ে মরে থাকত না। লাশ দাফন করার মতো কেউ ছিল না।’

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লা মজুমদার, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।

সম্মেলন পরিচালনা করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহান দোলন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নেছার আহমেদ রাজু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বজুড়ে হামের প্রকোপ: ‘অক্সিজেনের জন্য ছটফট করছে শিশুরা’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


বিশ্বজুড়ে হামের প্রকোপ: ‘অক্সিজেনের জন্য ছটফট করছে শিশুরা’

হামকে অনেক সময় সাধারণ শৈশবের রোগ হিসেবে গণ্য করা হলেও, এর সংক্রমণ শিশুদের জন্য প্রাণঘাতী হতে পারে। বিশেষ করে যখন ফুসফুস এবং শ্বাসনালি আক্রান্ত হয় অথবা নিউমোনিয়া দেখা দেয়, তখন শিশুদের জীবন রক্ষা করা কঠিন হয়ে পড়ে। বিশ্বজুড়ে শিশুদের মধ্যে হামের টিকাদানের হার কমে যাওয়ার কারণে এই ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এর ভয়াবহ পরিণতি ভোগ করছে অসংখ্য শিশু।

উগান্ডায়, চিকিৎসক এরিক ওবুদেয়া হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা করছেন। এই শিশুদের মধ্যে অনেকের ফুসফুস এবং শ্বাসনালি হাম ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। আবার অনেকেই নিউমোনিয়ায় ভুগছে। শিশুদের সংকটাপন্ন অবস্থা তুলে ধরে ডা. এরিক ওবুদেয়া বলেন, “এসব শিশু মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে এবং শ্বাস নেওয়ার জন্য অক্সিজেনের ওপর নির্ভর করে বেঁচে থাকার লড়াই করছে।”

বিশ্বজুড়ে শিশুদের মধ্যে হামের সংক্রমণ ও মৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পাওয়ার পেছনে টিকাদানের হার কমে যাওয়াকে একটি প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। টিকা না নেওয়া বা সময়মতো টিকার প্রয়োজনীয় ডোজ না পাওয়ার কারণে শিশুরা এই প্রাণঘাতী রোগের ঝুঁকিতে পড়ছে। এই সপ্তাহে আন্তর্জাতিক স্বাস্থ্য কর্মকর্তারা একটি উদ্বেগজনক তথ্য জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং বলিভিয়া ‘হামমুক্ত’ রাষ্ট্র হিসেবে তাদের মর্যাদা হারিয়েছে। একসময় এই দেশগুলো এই প্রাণঘাতী সংক্রমণকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম ছিল, কিন্তু বর্তমানে সেখানে আবার রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

এই তালিকায় যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রিয়া, আর্মেনিয়া, স্পেন, আজারবাইজান এবং উজবেকিস্তানও রয়েছে। যদি কোনো দেশে একই ধরনের হামের ভাইরাস এক বছরের বেশি সময় ধরে অবাধে ছড়িয়ে পড়ে, তবে সেই দেশ তার ‘হামমুক্ত’ মর্যাদা হারিয়ে ফেলে। এই পরিস্থিতির পেছনে রয়েছে ভুল তথ্য, কভিড মহামারির সময় স্বাস্থ্যসেবায় বিঘ্ন এবং আগের দশকগুলোতে টিকাদানের ব্যাপক সাফল্যের মতো বিষয়গুলো, যার ফলে মানুষ ভুলে গেছে যে হাম কতটা বিপজ্জনক হতে পারে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো ধনী দেশগুলো সহায়তা কমিয়ে দেওয়ায় দরিদ্র দেশগুলোতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। স্বাস্থ্যকর্মীদের মধ্যে হতাশা স্পষ্ট। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, “আমরা এমন সব জায়গায় হামের সংক্রমণ দেখছি, যেখানে একসময় রোগটি নিয়ন্ত্রণে ছিল আর এর খেসারত দিচ্ছে শিশুরা। আমাদের কাছে হামের টিকা আছে, যা শিশুদের সুরক্ষা দেয় এবং ২০০০ সাল থেকে প্রায় ৫ কোটি ৯০ লাখ মানুষের জীবন বাঁচিয়েছে। প্রতিরোধযোগ্য এই রোগের কাছে আমাদের হার মানা উচিত নয়।”

হামের সংক্রমণ শুধু শিশুদের ফুসফুস বা শ্বাসনালির ক্ষতি করে না, বরং তাদের পুরো রোগ প্রতিরোধ ব্যবস্থাকেও দুর্বল করে দেয়। ফলে হাম থেকে সুস্থ হওয়ার পরও শিশুরা কয়েক মাস, এমনকি কয়েক বছর পর্যন্ত বিভিন্ন সংক্রমণের ঝুঁকিতে থাকে। অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকি আরো বেশি। হাম মস্তিষ্কের ক্ষতি, শ্রবণশক্তি হারানো ও অন্ধত্বের কারণ হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বজুড়ে প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ হামে আক্রান্ত হয়েছিল। আক্রান্তদের অধিকাংশই ছিল পাঁচ বছরের কম বয়সী শিশু। ওই বছর এ রোগে প্রায় ৯৫ হাজার মানুষের মৃত্যু হয়। হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে ছড়ানো এই ভাইরাস বাতাসে প্রায় দুই ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা টিকা না নেওয়া বা রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকা মানুষের ৯০ শতাংশ পর্যন্ত সংক্রমিত হতে পারে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, হামের সংক্রমণ বাড়তে থাকা অন্যান্য টিকাপ্রতিরোধযোগ্য রোগেরও পুনরায় ছড়িয়ে পড়ার সতর্কসংকেত হতে পারে। উগান্ডার রাজধানী কাম্পালার মুলাগো ন্যাশনাল রেফারেল হাসপাতালের জ্যেষ্ঠ পরামর্শক শিশু বিশেষজ্ঞ এরিক ওবুদেয়া জানান, একসময় তার হাসপাতালে হামের কোনো রোগীই ছিল না। হাসপাতালটি থেকে হাম পুরোপুরি নির্মূল হয়ে গিয়েছিল।

ব্রাজিলে এ সপ্তাহে অনুষ্ঠিত ‘ইউনিয়ন ওয়ার্ল্ড কনফারেন্স অন লাং হেলথ’-এ চিকিৎসক এরিক ওবুদেয়া বলেন, ২০২৩ সাল পর্যন্ত প্রায় ১০ বছর ধরে তার হাসপাতালে হামের কোনো রোগী পাওয়া যায়নি। একসময় হামে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালের আলাদা একটি ওয়ার্ড ছিল। রোগী না থাকায় পরে সেটি বন্ধ করে অন্য রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়।

তিনি বলেন, “কিন্তু গত তিন-চার বছরে হাম আবার ফিরে এসেছে। এর প্রধান কারণ হলো, শিশুদের টিকা দেওয়ার ক্ষেত্রে ব্যর্থতা।”

বিশ্বজুড়ে হামের টিকাদানের হার এখনো ৯৫ শতাংশের লক্ষ্যমাত্রায় পৌঁছায়নি। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামষ্টিক রোগ প্রতিরোধ ক্ষমতা (হার্ড ইমিউনিটি) গড়ে তুলতে এই হার প্রয়োজন।

২০২৫ সালে টিকা নেওয়ার উপযুক্ত শিশুদের মধ্যে ৮৪ শতাংশ প্রথম ডোজ এবং ৭৭ শতাংশ দ্বিতীয় ডোজ নিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এক দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিলে ভ্রমণের মাধ্যমে তা অন্য দেশেও ছড়িয়ে পড়তে পারে। টিকাদানের হার বেশি এমন দেশেও কিছু জনগোষ্ঠী ঝুঁকিতে রয়েছে। যেমন, পূর্ব লন্ডনের হ্যাকনিতে ২০২৫ সালে স্কুলে ভর্তি হওয়া পাঁচ বছর বয়সী শিশুদের মাত্র ৫৮ শতাংশ এমএমআর টিকার দুটি ডোজ নিয়েছে।

কিছু শিশুকে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ায় হামের টিকা দেওয়া সম্ভব হয় না। আবার অনেক শিশু টিকা নেওয়ার বয়সেও পৌঁছায়নি। এসব শিশুর সুরক্ষা মূলত সমাজের অধিকাংশ মানুষের টিকা নেওয়ার ওপর নির্ভর করে।

যুক্তরাষ্ট্রের এমোরি ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. বোগুমা তিতানজি বলেন, এসব শিশুর অভিভাবকদের প্রতিনিয়ত উদ্বেগের মধ্যে থাকতে হয়। স্কুল, গণপরিবহন ও জনসমাগমপূর্ণ স্থানে সন্তানদের কিভাবে নিরাপদ রাখবেন, তা নিয়ে তারা দুশ্চিন্তায় থাকেন। একটি সংক্রমণই তাদের সন্তানের জীবন বদলে দিতে পারে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র বিভিন্ন সময়ে টিকাবিরোধী বক্তব্য দিয়েছেন। তিনি এমএমআর (হাম, মাম্পস ও রুবেলা) টিকার সঙ্গে অটিজমের সম্পর্ক আছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে টিকার সঙ্গে অটিজমের সম্পর্ক থাকার দাবি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। ১৯৯৮ সালে ব্রিটিশ চিকিৎসক অ্যান্ড্রু ওয়েকফিল্ডের একটি বিতর্কিত গবেষণার মাধ্যমে এই ভুল ধারণা ছড়ায়। পরে তার চিকিৎসকের নিবন্ধন বাতিল করা হয়।

এ বিষয়ে ড. বোগুমা তিতানজি আশঙ্কা প্রকাশ করে বলেন, জনস্বাস্থ্য খাতে একসময় নেতৃত্ব দেওয়া যুক্তরাষ্ট্রে টিকাবিরোধী প্রচারণার কারণে টিকাদানের হার কমছে এবং হাম আবার ছড়িয়ে পড়ছে। এই প্রবণতা অন্য দেশেও ছড়িয়ে পড়তে পারে। এতে টিকার প্রতি মানুষের আস্থা ও টিকা গ্রহণের হার কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। তবে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজি বিশেষজ্ঞ অধ্যাপক অ্যালেক্স রিখটার বলেছেন, টিকাদান কর্মসূচি কমে যাওয়ার পেছনে কেবল টিকাবিরোধী আন্দোলনই একমাত্র কারণ নয়।

তিনি বলেন, “আমাদের বিবেচনা করতে হবে যে, টিকার সুফল নিয়ে ইতিবাচক প্রচারণার অভাব রয়েছে। এ ছাড়া হামের মতো রোগ কতটা মারাত্মক হতে পারে, তা অনেকেই এখন আর মনে রাখেন না। যখন কোনো রোগের মুখোমুখি মানুষ খুব কম হয়, তখন সেই রোগের ঝুঁকিকে গুরুত্বহীন মনে করার প্রবণতা তৈরি হয়।”

তিনি আরো বলেন, বাধাগুলো যেমন ‘অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বা সেখানে উপস্থিত হওয়ার ক্ষেত্রে জটিলতা, ভাষার সমস্যা, আবাসনের অনিশ্চয়তা এবং স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা।’ এগুলোকে উপেক্ষা করা উচিত নয়। তিনি বলেন, “আমরা যদি এই ধারাটি বদলাতে চাই, তবে টিকার প্রতি মানুষের আস্থা বাড়ানো এবং টিকা পাওয়ার সুযোগ নিশ্চিত করা, উভয় বিষয়ের ওপরই নজর দিতে হবে।”

বিশ্বের অনেক অঞ্চলই কখনোই হামমুক্ত ছিল না। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে কর্তৃপক্ষ যখন ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় হিমশিম খাচ্ছে, ঠিক তখনই তাদের হাম ভাইরাসের প্রকোপেরও মোকাবিলা করতে হচ্ছে। বাংলাদেশেও হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে, মার্চ মাস থেকে এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৪০ হাজার সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে এবং ১ হাজার ২৮২ জনের মৃত্যু হয়েছে।

দক্ষিণ সুদানের কুয়াজোক স্টেট হাসপাতালের জেনারেল সার্জন ডা. ডুওট কেজেকিয়াহ বলেন, “আমি দেখেছি, যেখানে দারিদ্র্যের হার বেশি এবং খাদ্য নিরাপত্তা কম, সেখানে রোগের প্রকোপ বেড়ে যায়। আর এই পরিস্থিতি শিশুদের ক্ষেত্রে মারাত্মক জটিলতা সৃষ্টির ঝুঁকি বাড়িয়ে তোলে।” দুর্বল স্বাস্থ্যব্যবস্থার দেশগুলোতে পরীক্ষাগারের অভাবে হাম শনাক্ত করতে দেরি হয়। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা ও আইসোলেশন সুবিধারও ঘাটতি রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%