০৬:০৩ পি.এম
ঢাকা শহরের বাতাসে এখনো রানা প্লাজার মৃতদেহের গন্ধ অনুভূত হচ্ছে। সাভারের সেই ধ্বংসস্তূপ থেকে মাঝে মাঝে, সেলাই মেশিনের আওয়াজের মাঝে, আজও কেউ বলে ওঠে, ‘আমাকে বের করো, আমি এখনো বেঁচে আছি! আমার সন্তান অপেক্ষা করছে, আমাকে বাড়ি ফিরতে হবে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লাশকাটা ঘরের প্রতিটি কাটা শরীর যেন এক একটি অসমাপ্ত অভিযোগ। কিছু শরীরে সড়ক দুর্ঘটনার চিহ্ন, কিছুতে আগুনের ক্ষত, কিছুতে নির্মমতার ইতিহাস, আবার কিছুতে ভবনধসের আঘাত রয়েছে। যদি এই লাশগুলো কথা বলতে পারতো, তাহলে হয়তো ময়নাতদন্তের টেবিলেই বলতো, ‘আমাদের মৃত্যু কি নিছক দুর্ঘটনা, নাকি কারও অবহেলার দীর্ঘ ছায়া?’
এই শহরের প্রতিটি বড় দুর্ঘটনা যেন নতুন করে একটি লাশকাটা ঘর খুলে দেয়। সেখানে মানুষের শরীরের ব্যবচ্ছেদ হয়, আর বাইরে দাঁড়িয়ে থাকে স্বজনদের শেষ আশার ব্যবচ্ছেদ।
আরও পড়ুন: গাইবান্ধায় গোপন সংবাদে এসআরবি থেকে উদ্ধার হলো ককটেল ও পেট্রলবোমা
পুরান ঢাকার নিমতলীর কথা মনে পড়ে। নিমতলীর আকাশে এখনো ভেসে বেড়ায় ২০১০ সালের রাসায়নিক আগুনে পুড়ে যাওয়া মানুষের বেঁচে থাকার আকাঙ্ক্ষার আর্তনাদ। সেই রাতের মৃত মানুষগুলো হয়তো বেঁচে থাকলে প্রশ্ন করতো, ‘আমরা তো শুধু বাঁচতে চেয়েছিলাম! একটি নিরাপদ রাত কি আমাদের প্রাপ্য ছিল না?’ আফসোস, নিমতলীর আগুন নিভে গেছে, কিন্তু সেই আগুন থেকে বেরিয়ে আসা প্রশ্নগুলো আর কখনো পুরোপুরি নিভে যায়নি। রাসায়নিকের গুদাম সরানোর প্রতিশ্রুতি এসেছিল, সময় পেরিয়েছে, আবারও আগুনের সম্মুখীন হতে হয়েছে এই শহরকে।
২০১৯ সালে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় রাসায়নিকের আগুনে প্রাণ হারিয়েছিলেন ৭১ জন। আগুনে হারিয়ে যাওয়া প্রাণগুলো আজও তাদের আপন ঠিকানার নাম খুঁজে বেড়াচ্ছে। আগুনের ভেতর চিৎকার করে তারা হয়তো বলেছিল, ‘আমার হাতটা ধরো! আমাকে একা ফেলে যেয়ো না। আমি এখনো বাড়ি ফিরিনি, আমার জন্য কেউ অপেক্ষা করছে!’ কিন্তু সেদিন আগুনের কাছে কারও অপেক্ষার মূল্য ছিল না। পরদিন ঢাকা মেডিকেলের মর্গে জমা হলো একের পর এক দেহ। কিছু কিছু শরীর এতটাই পুড়ে গিয়েছিল যে পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হয়েছিল। স্বজনেরা এসেছিলেন প্রিয় মানুষের মুখ খুঁজতে, অথচ ফিরে গিয়েছিলেন বুকভরা শূন্যতা নিয়ে। আগুন নিভে গেছে, পোড়া ভবনের জায়গায় নতুন জীবন শুরু হয়েছে, কিন্তু যাঁদের শরীর ছাই হয়ে গিয়েছিল, তাঁদের জন্য পৃথিবীর আর কোনো নতুন সকাল আসেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন