১১:৫০ পি.এম
রংপুরে প্রাইমারি হেলথ কেয়ার প্রোগ্রাম শুরু হয়েছে। এই উদ্যোগের আওতায় নগরীর ৩৩টি ওয়ার্ডে প্রতি সপ্তাহে একদিন করে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। নিম্নআয়ের সাধারণ মানুষের জন্য এই কার্যক্রমটি বিশেষভাবে উপকারী হবে।
মঙ্গলবার দুপুরে রঘু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রংপুর সিটি করপোরেশন এবং কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত প্রাইমারি হেলথ কেয়ার কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রশাসক উল্লেখ করেন, নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ঘরে ঘরে প্রাথমিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নগরীর ৩৩টি ওয়ার্ডে পর্যায়ক্রমে প্রতি সপ্তাহে একদিন করে এই কার্যক্রম পরিচালিত হবে। এর ফলে সাধারণ মানুষ, বিশেষ করে দরিদ্র ও অসহায় জনগণের জন্য চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করা সহজ হবে।
আরও পড়ুন: খাগড়াছড়িতে সাজেকগামী ২ পর্যটকবাহী পিকআপে আগুন
তিনি আরও বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার মূল উদ্দেশ্য হলো, সাধারণত মানুষ অসুস্থ হলে চিকিৎসকের কাছে যান। কিন্তু এই কার্যক্রমের মাধ্যমে চিকিৎসকরা রোগীদের কাছে পৌঁছে যাবেন। রোগীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যার চিকিৎসা নামমাত্র মূল্যে প্রদান করা হবে। একজন গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে মাত্র ১০০ টাকায় আলট্রাসনোগ্রামের সুযোগ রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণের জন্য কোনো ফি দিতে হবে না।
তিনি বলেন, রংপুরের মতো পিছিয়ে পড়া অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা নানা ধরনের স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। এই উদ্যোগের মাধ্যমে তাদের স্বাস্থ্যঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।
এই দিন কার্যক্রমের আওতায় শতাধিক নারী ও শিশুকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। তারা স্বাস্থ্য পরীক্ষা করানোর পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন।
আরও পড়ুন: শরীয়তপুর নড়িয়া বাজারে ভ্রাম্যমান অভিযান কালে হেনস্থার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন