০১:০৫ পি.এম
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে যশোর শিক্ষা বোর্ডের পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই বছর বোর্ডটিতে জিপিএ-৫ অর্জন করেছেন ৩ হাজার ২২৮ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর ফলাফল একযোগে অনলাইন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রকাশ করা হয়।
যশোর শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, খুলনা বিভাগের ১০ জেলার ৫৭০টি কলেজ থেকে মোট ১ লাখ ১২ হাজার ৭৯১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৫০ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
আরও পড়ুন: ঢাবি ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সূচিতেই নিতেই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলে যাচ্ছে
বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ১৫ হাজার ১৬৭ জন, মানবিক বিভাগে ৩০ হাজার ১৯১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫ হাজার ৩১০ জন শিক্ষার্থী পাস করেছেন।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১ হাজার ১৭ জন ছেলে ও ৮৪১ জন মেয়ে, মানবিক বিভাগে ২৬৮ জন ছেলে ও ৮৯৭ জন মেয়ে এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৩ জন ছেলে ও ১৩২ জন মেয়ে রয়েছেন।
গত বছরের তুলনায় যশোর শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে। গত বছর পাসের হার ছিল ৫০ দশমিক ২০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৫ হাজার ৯৯৫ জন। এ বছর মাত্র তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। অন্যদিকে ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
অনলাইনে ফলাফল দেখবেন যেভাবে
আরও পড়ুন: ৩৮ বছরেও শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাকা ভবন নির্মাণ হয়নি
শিক্ষার্থীরা https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল জানতে পারবেন। এছাড়া যেকোনো মোবাইল অপারেটর থেকে ১৬১৪০ নম্বরে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।
ফল পুনর্নিরীক্ষণের আবেদন আগামী ১ নভেম্বর থেকে শুরু হয়ে ৭ নভেম্বর পর্যন্ত চলবে। শিক্ষার্থীরা অনলাইনে এ আবেদন করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ২ জুলাই সারাদেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হয়। সারাদেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।
আরও পড়ুন: ওষুধের গুণাগুণ ও পার্শ্বপ্রতিক্রিয়া, সবই জানা যাবে রাবির গবেষণায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন