শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:৫০ পি.এম
রাজধানীর কাঁঠালবাগানে একটি আবাসিক বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে ইফতি সাবা (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু ঘটে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার। তিনি জানান, সাবার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল।
এ ঘটনায় দগ্ধ অন্য চারজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে সাবার এক বছর বয়সী ছেলে আরিস রহমান মাহাদের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গেছে এবং তার অবস্থাও আশঙ্কাজনক। সাবার স্বামী আবদুর রহমান মানিকের শরীরের ৬ শতাংশ, পাশের কক্ষের ভাড়াটিয়া সানজিদা ইসলামের ৩৭ শতাংশ এবং তার মা শামসুন্নাহার বেগমের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। মানিক, সানজিদা ও শামসুন্নাহারের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের মধ্যে রয়েছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তা আবদুর রহমান মানিক (৩২), তার স্ত্রী ইফতি সাবা, তাদের এক বছর বয়সী ছেলে আরিস রহমান মাহাদ এবং পাশের কক্ষের ভাড়াটিয়া গ্রিন লাইফ নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম (২০) ও তার মা শামসুন্নাহার বেগম (৫২)।
দগ্ধ আবদুর রহমান মানিকের বক্তব্য অনুযায়ী, তারা ওই ফ্ল্যাটে সাবলেট থাকতেন। বৃহস্পতিবার সকালে বাসার ভেতরে বিকট বিস্ফোরণের শব্দে তার ঘুম ভেঙে যায়। এ সময় তার শরীরে আগুন ধরে যায় এবং পাশে শুয়ে থাকা শিশুটিও দগ্ধ হয়। পরে শিশুকে নিয়ে তিনি ঘর থেকে বের হন এবং একে একে দগ্ধ অবস্থায় বের হন তার স্ত্রী ও পাশের কক্ষের মা-মেয়ে।
মানিক জানান, তাদের বাসায় সিলিন্ডারের গ্যাস দিয়ে রান্না করা হয় এবং সিলিন্ডারটি ভবনের নিচে রাখা ছিল। তিনি ধারণা করেন যে, রাতে গ্যাসের চুলা চালু ছিল অথবা কোনোভাবে গ্যাস লিকেজ হয়ে থাকতে পারে। সকালে তার স্ত্রী রান্নার জন্য চুলায় আগুন জ্বালাতে গেলে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে।
কলাবাগান থানার উপপরিদর্শক শামসুল হক সুমন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। তবে তারা পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। প্রতিবেশীরা দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যান। বিস্ফোরণের শব্দে বাসার দরজা-জানালা ভেঙে যায়। প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকে জমে থাকা গ্যাসের কারণে এ বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে ভোলার দৌলতখানের উপকূলীয় অঞ্চলে টানা বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে মেঘনা নদী উত্তাল হয়ে উঠেছে। এতে চরাঞ্চলের মহিষ মালিক ও খামারিরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলের মানুষের পাশাপাশি তাদের গবাদিপশুর নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, দৌলতখানের মেঘনা নদীর বুক চিরে জেগে ওঠা ছোট-বড় অন্তত ১৫টি চরে প্রায় ৫০ বছর ধরে ঐতিহ্যবাহী মহিষ পালন হয়ে আসছে। চরাঞ্চলের বিস্তীর্ণ ঘাসের মাঠ ও প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা এসব মহিষ স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং অনেক পরিবার এর ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছে। তবে ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের সংকেত দেখা দিলেই মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে খামারিরা দুশ্চিন্তায় পড়েন।
খামারিরা অভিযোগ করেছেন, সরকারি উদ্যোগে চরাঞ্চলে এখনো গড়ে ওঠেনি কোনো নিরাপদ, আধুনিক ও টেকসই আশ্রয় কেন্দ্র (কেল্লা)। এর ফলে ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগে তাদের গবাদিপশু চরম ঝুঁকিতে থাকে।
ভুক্তভোগীরা জানিয়েছেন, গত পাঁচ থেকে সাত মাসে ঝড়, উজানের পানি বৃদ্ধি ও অস্বাভাবিক জোয়ারের কারণে দৌলতখানের বিভিন্ন চর থেকে চার শতাধিক মহিষ ও গবাদিপশু ভেসে গেছে। পাশাপাশি পানিতে ডুবে গেছে খামারিদের গোয়ালঘর, বসতঘর ও প্রয়োজনীয় আসবাবপত্র। একদিকে প্রাকৃতিক দুর্যোগে পশু হারানোর শঙ্কা, অন্যদিকে নদী ডাকাতের আতঙ্ক—এই দুই দিকের উৎকণ্ঠায় খামারিরা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।
দৌলতখানের চরের খামার মালিক ও বিএনপি নেতা জাকির হোসেন বাবুল বলেছেন, বছরের পর বছর ধরে চরাঞ্চলে মহিষের সংখ্যা বৃদ্ধি পেলেও সেগুলোর নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজনীয় টেকসই ব্যবস্থা গড়ে ওঠেনি। স্বাধীনতার পর দীর্ঘ প্রায় ৫০ বছর পেরিয়ে গেলেও মহিষ রক্ষায় পর্যাপ্ত ও টেকসই কেল্লা নির্মাণ করা হয়নি। জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের সময় মহিষগুলোকে নিরাপদে রাখার জন্য উঁচু ও মজবুত কেল্লা অত্যন্ত জরুরি। আশ্রয় কেন্দ্র না থাকায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই মহিষগুলোকে চরে রাখতে হচ্ছে।
দৌলতখানের চর মদনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হেলাল বলেছেন, চর বৈরাগী, চর কালি, চর মদনপুর, চর মুন্সি, চর পদ্মা, চর টবগী, চর ফকিরা, চর মধুপুর ও চর কৃষ্ণ—এসব চর থেকে ঝড়, উজানের পানি ও অস্বাভাবিক জোয়ারে শত শত মহিষ ও গবাদিপশু ভেসে অন্যত্র চলে যায়। এতে খামারিদের বড় ধরনের লোকসানের মুখে পড়তে হয়। এখানে সরকারি উদ্যোগে আধুনিক ও টেকসই কেল্লা নির্মাণ জরুরি।
ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান জানিয়েছেন, দৌলতখানের চরাঞ্চলে মহিষের নিরাপদ আশ্রয়স্থলের জন্য মন্ত্রণালয়ে আধুনিক কেল্লা চেয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মতিন খান যুগান্তরকে জানিয়েছেন, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চরে মহিষ মালিকরা ক্ষতিগ্রস্ত হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ নভেম্বর ২০২৬ : লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান তিনে নামিয়ে এনেছে রিয়াল মাদ্রিদ, যা সম্ভব হয়েছে ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রের সহায়তা ছাড়া। তবে, ভিনিসিয়াসকে এবার নিজের দলে জায়গা ফিরে পেতে লড়াই করতে হবে।
শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে লস ব্লাঙ্কোসরা সেল্টা ভিগোর মুখোমুখি হতে যাচ্ছে। এ ম্যাচে জয়ী হলে তারা সাময়িকভাবে বার্সেলোনার সমান পয়েন্টে পৌঁছে যাবে। চুল টানার ঘটনায় ঘরোয়া ফুটবলে চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ভিনিসিয়াস এ ম্যাচে খেলতে প্রস্তুত।
ভিনিসিয়াসের অনুপস্থিতিতে, হোসে মরিনিওর দল ক্যাম্প ন্যুতে এল ক্লাসিকোয় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকে পরাজিত করেছে। পাশাপাশি, সেভিয়া, রেসিং সান্তানদার ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয়ও তাদের দখলে এসেছে।
এই সময়ে চ্যাম্পিয়ন্স লিগে এইকে এথেন্স ও আরবি লিপজিগের বিপক্ষে জয়ের ম্যাচ দুটিতে ভিনিসিয়াস একাদশে ছিলেন। তবে, গত কয়েক বছরে রিয়ালের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠার পেছনে যে দুর্দান্ত ফর্ম ছিল, তা তিনি খুঁজে পাননি।
২০১৮ সালে ফ্ল্যামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর ভিনিসিয়াস বিশ্ব ফুটবলের অন্যতম বিপজ্জনক আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে পরিচিতি অর্জন করেন। ২০২২ ও ২০২৪ সালে দলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তবে, চলতি মৌসুমে নিজের ছন্দ ফিরে পেতে ভিনিসিয়াস বেশ ভুগছেন। রিয়ালের হয়ে তার একমাত্র গোলটি এসেছে আগস্টে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।
এদিকে, রিয়ালের রেকর্ড দামে দলে আসা ইয়ান ডিওমান্দে নতুন ক্লাবের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছেন। সর্বশেষ আট ম্যাচে চার গোল করে বাঁ প্রান্তে নিজের জায়গার দাবি জোরালো করেছেন তিনি।
আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে ভিনিসিয়াস কিছুটা স্বস্তি পেয়েছেন। জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে পাঁচ গোল করে যেন নিজেকে ফিরে পেয়েছেন এই ফরোয়ার্ড। ক্লাব ফুটবলেও এই পারফরম্যান্স ধরে রেখে ছন্দ ফেরানোর আশা করছেন তিনি।
গত গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জনে ভিনিসিয়াস জড়িয়ে পড়েছিলেন। শেষ পর্যন্ত ২০৩২ সাল পর্যন্ত নতুন চুক্তি করেন তিনি। তবে, ওই সময় নিজের পারফরম্যান্সের মান ধরে রাখতে পারেননি বলে স্বীকার করেছেন এই ব্রাজিলিয়ান।
বিশ্বকাপের শেষ ষোলো থেকে আর্লিং হালান্ডের নরওয়ের কাছে অপ্রত্যাশিতভাবে বিদায় নেয় ব্রাজিল। সেই পরাজয়ের প্রভাবও ভিনিসিয়াসের ওপর পড়েছিল।
চলতি সপ্তাহে সাংবাদিকদের ভিনিসিয়াস বলেন, “বিশ্বকাপের পর নিজের যতটা ভালো প্রস্তুতি নেওয়া উচিত ছিল, ততটা নিতে পেরেছি বলে মনে হয় না। কারণ, ওই টুর্নামেন্টের প্রভাব সব ব্রাজিলিয়ানের জন্যই অনেক বড়। এত দ্রুত বিদায় নেওয়া আমাদের প্রত্যাশিত ছিল না।”
তিনি আরও বলেন, “ছুটির সময়টা উপভোগ করেছি, বিশ্রাম নিয়েছি, মানসিকভাবে স্বস্তিতে থেকেছি এবং পরিবারের সঙ্গে বেশি সময় কাটিয়েছি। সাম্প্রতিক বছরগুলোর তুলনায় অনুশীলনও কম করেছি।”
ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা তাঁকে ‘চাপে’ ফেলেছিল বলে জানান ভিনিসিয়াস। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিজের সেরাটা ধরে রাখার কঠিন দিকটিও তুলে ধরেন তিনি।
“আমার মনে হয়, এত বছর ধরে একই পর্যায়ে থেকে একই রকম পরিসংখ্যান কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসিই ধরে রাখতে পেরেছেন।”
“আমি মানুষ, প্রায়ই ভুল করি। তবে সব সময় নিজেকে উন্নত করার চেষ্টা করি।”
চলতি মৌসুমে ভিনিসিয়াসের আরেকটি গোল এসেছে আগের আন্তর্জাতিক বিরতিতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচে।
রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় প্রেদ্রাগ মিয়াতোভিচ স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা সেরকে বলেছেন, ক্লাবের চেয়ে ব্রাজিলের হয়ে খেলতেই ভিনিসিয়াসকে বেশি খুশি মনে হচ্ছে।
মিয়াতোভিচ বলেন, “আমার মনে হয়, গত গ্রীষ্মটা ভিনিসিয়াসের জন্য বেশ কঠিন ছিল। কারণ, সে থাকবে কি না, চুক্তি নবায়ন করবে কি না-এ নিয়ে তার মনে সংশয় ছিল।”
“এই পজিশনে ডিওমান্দে ভালো খেলছে। এখন মরিনিওকেই সিদ্ধান্ত নিতে হবে। তবে একটা বিষয় পরিষ্কার, ভিনি খুশি থাকলে ভালো খেলে। আর এখানে খেলার চেয়ে জাতীয় দলের হয়ে খেলতে তাকে অনেক বেশি খুশি দেখছি।”
আগের মৌসুমগুলোতে দ্বিতীয়ার্ধে নিজের সেরা ছন্দে ফিরেছেন এই ব্রাজিলিয়ান।
ভিনিসিয়াস বলেন, “গত মৌসুমে ডিসেম্বর পর্যন্ত আমার গোল ছিল মাত্র পাঁচটি। এরপর মৌসুম শেষ করেছি ২০টির বেশি গোল নিয়ে।”
গত পাঁচ মৌসুমের প্রতিটিতেই রিয়ালের হয়ে অন্তত ২২টি গোল করেছেন তিনি।
মাঝেমধ্যে দলের নিজস্ব সমর্থকদের সমালোচনা ও দুয়োধ্বনির মুখেও পড়েছেন ভিনিসিয়াস। তবে মরিনিও তাঁর প্রতি ধৈর্য দেখিয়েছেন। একই সঙ্গে এই ফরোয়ার্ডের কাছ থেকে তাঁর সবচেয়ে ভয়ংকর রূপ ফিরে পাওয়ার প্রত্যাশাও জানিয়েছেন।
সেপ্টেম্বরে পর্তুগিজ এই অভিজ্ঞ কোচ বলেন, “সেরা ছন্দে থাকা ভিনি ম্যাচের ভাগ্য গড়ে দেয়- যেভাবে একসময় বেনফিকার কোচ থাকাকালে সে আমার বিপক্ষে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ২০ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ গত ২৪ ঘণ্টায় ৬৯২ জনকে গ্রেফতার করেছে। এই অভিযানের উদ্দেশ্য ছিল কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ করা।
আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে ৭২ জন নিয়মিত মামলায়, ১৬৬ জন পূর্ববর্তী মামলায়, ২১ জন পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায়, ২৬ জন কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে, ৮৩ জন পরোয়ানা মূলে এবং ২০ জন সাজা পরোয়ানা মূলে রয়েছেন।
এছাড়া, মাদক মামলায় ৪২ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। নিয়মিত ও অন্যান্য মামলায় ১৭ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ জনকে কারাদণ্ড এবং ১ লাখ ২ হাজার ১০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ সময় ১৪ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে ২৭ হাজার ৭৬২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
এদিকে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৫২ জন সদস্যকেও গ্রেফতার করা হয়েছে।
জেলাভিত্তিক গ্রেফতারকৃতদের সংখ্যা হলো: চট্টগ্রাম ২৯, কক্সবাজার ১০, কুমিল্লা ৪৯, ব্রাহ্মণবাড়িয়া ২, চাঁদপুর ১৪, নোয়াখালী ১৭, ফেনী ৬, লক্ষ্মীপুর ১৪, রাঙামাটি ১ এবং খাগড়াছড়ি ১০ জন।
অন্যদিকে, কিশোর গ্যাং বিরোধী অভিযানে ২৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১২৮ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় প্রদান করা হয়েছে এবং ১৩৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা ভিত্তিক আটককৃতদের মধ্যে চট্টগ্রামে ৩৬, কক্সবাজারে ১৫, কুমিল্লায় ১২২, ব্রাহ্মণবাড়িয়ায় ১৩, চাঁদপুরে ১০, নোয়াখালীতে ১২, লক্ষ্মীপুরে ২৭, রাঙ্গামাটিতে ১০, খাগড়াছড়িতে ১১ এবং বান্দরবানে ৬ জন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, জনস্বার্থে পরিচালিত এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
একটানা বৃষ্টির ফলে, ভেজা পরিবেশ এবং চারপাশে জমে থাকা পানির কারণে, বৃষ্টির দিনে ঘরে মাছির উৎপাত বৃদ্ধি পায়। অনেক সময় দরজা-জানালা বন্ধ রেখেও মাছির হাত থেকে রেহাই পাওয়া যায় না। রান্নাঘর, খাবারের টেবিল এবং ঘরের বিভিন্ন স্থানে মাছির আনাগোনা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।
কিন্তু কি কারণে বৃষ্টির সময় ঘরে মাছির উপদ্রব বৃদ্ধি পায়, তা কি কখনো খেয়াল করেছেন? এর পেছনে কিছু কারণ রয়েছে। তবে কিছু সতর্কতা অবলম্বন করলে বৃষ্টির দিনেও ঘর মাছিমুক্ত রাখা সম্ভব।
বৃষ্টিতে মাছির উপদ্রব বাড়ে কেন?
১. স্যাঁতসেঁতে আবহাওয়ায় দ্রুত বংশবিস্তার
বৃষ্টির ফলে চারপাশে স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি হয়। এই ধরনের আবহাওয়ায় মাছির ডিম ফুটে বড় হওয়ার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়। ফলে অল্প সময়ের মধ্যে মাছির সংখ্যা বৃদ্ধি পায়।
২. ভেজা আবর্জনা পচে যায়
বৃষ্টির পানিতে আবর্জনা ভিজে দ্রুত পচতে শুরু করে। নর্দমার ময়লা এবং পচনশীল বর্জ্য মাছির বংশবিস্তারের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। তাই বৃষ্টির সময় এসব জায়গায় মাছির আনাগোনা বৃদ্ধি পায়।
৩. নর্দমা ও জমে থাকা পানি
বৃষ্টির ফলে অনেক সময় নর্দমা উপচে পড়ে এবং বিভিন্ন স্থানে পানি জমে থাকে। এসব পরিবেশ মাছির বংশবিস্তার এবং আশ্রয়ের সুযোগ তৈরি করে।
৪. শুকনো আশ্রয়ের খোঁজে ঘরে ঢোকে
বাইরে একটানা বৃষ্টি হলে পোকামাকড় শুকনো জায়গার খোঁজে বের হয়। এই সময় মাছি ঘরের ভেতরে ঢুকে পড়ে। ফলে বৃষ্টির দিনে ঘরে মাছির উপদ্রব বেশি মনে হয়।
ঘর থেকে মাছি দূর করবেন যেভাবে
বৃষ্টি বা আবহাওয়া নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তবে ঘরের আশপাশ পরিষ্কার রাখা এবং কিছু নিয়ম মেনে চললে মাছির উৎপাত অনেকটাই কমানো সম্ভব।
১. জমে থাকা পানি ও আবর্জনা সরান
বৃষ্টির পানি কোথাও জমে থাকলে তা দ্রুত সরিয়ে ফেলুন। ভেজা আবর্জনা দীর্ঘ সময় ফেলে রাখবেন না, কারণ এসব জায়গা মাছির বংশবিস্তারের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে।
২. নর্দমা ও রান্নাঘরের পাইপ পরিষ্কার রাখুন
বাড়ির আশপাশের নর্দমা এবং রান্নাঘরের পানির পাইপ নিয়মিত পরিষ্কার করুন। নর্দমা ও পাইপের মুখ ঢেকে রাখুন, যাতে সেখানে ময়লা জমে না থাকে।
৩. ময়লার পাত্র ঢেকে রাখুন
ঘরের ময়লা ফেলার পাত্র সব সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। একইভাবে পচনশীল বর্জ্য রাখার জায়গাও পরিষ্কার ও ঢেকে রাখুন। এতে মাছির আনাগোনা কমবে।
৪. পানির পাইপের ছিদ্র মেরামত করুন
বাড়ির ভেতরে বা বাইরে পানির পাইপে ছিদ্র থাকলে দ্রুত মেরামত করুন। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখুন।
৫. মেঝে পরিষ্কার ও শুকনো রাখুন
ঘরের মেঝে নিয়মিত পরিষ্কার করুন। বিশেষ করে রান্নাঘর ও খাবার রাখার জায়গা ভেজা অবস্থায় ফেলে রাখবেন না। স্যাঁতসেঁতে পরিবেশ দূর করতে ঘরে বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন।
৬. বাড়ির বাগান পরিষ্কার রাখুন
বাগানে গাছের শুকনো পাতা, পচা ফল বা অন্যান্য আবর্জনা জমতে দেবেন না। নিয়মিত পরিষ্কার করলে মাছির বংশবিস্তারের সুযোগ কমে।
৭. ভিনেগার দিয়ে পরিষ্কার করুন
রান্নাঘর পরিষ্কারের কাজে ভিনেগার ব্যবহার করতে পারেন। ভিনেগার মিশ্রিত পানি দিয়ে ঘরের মেঝেও মোছা যায়। তবে এটি মাছি দূর করার নিশ্চিত উপায় নয়; পরিচ্ছন্নতা বজায় রাখাই সবচেয়ে জরুরি।
মাছির উপদ্রব কমাতে সতর্ক থাকুন
বর্ষাকালে বা বৃষ্টির দিনে মাছির উৎপাত বাড়ার অন্যতম কারণ চারপাশে জমে থাকা পানি, ভেজা আবর্জনা এবং স্যাঁতসেঁতে পরিবেশ। তাই শুধু ঘরের ভেতর পরিষ্কার রাখলেই হবে না, বাড়ির আশপাশের পরিবেশের দিকেও নজর দিতে হবে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে বৃষ্টির দিনেও ঘরে মাছির উপদ্রব অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। টানা বৃষ্টি ও স্যাঁতসেঁতে আবহাওয়ায় ঘরে মাছির উপদ্রব বাড়তে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ