০৩:৪৭ পি.এম
নতুন রপ্তানি পথ খুঁজছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কম্পানি সৌদি আরামকো। বিশ্ববাজারে জ্বালানি সরবরাহব্যবস্থা আরো শক্তিশালী করার জন্য প্রয়োজনে দ্রুত তেল উৎপাদন বাড়ানোর প্রস্তুতিও রয়েছে প্রতিষ্ঠানটির।
প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন এইচ নাসের বিকল্প রপ্তানি পথ এবং বিদেশে অতিরিক্ত তেল মজুদের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, "২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং গুরুত্বপূর্ণ জ্বালাপানি অবকাঠামোয় হামলা বৈশ্বিক জ্বালানি সরবরাহ সংকটকে আরো তীব্র করেছে।" এর ফলে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তায় গুরুতর প্রভাব পড়েছে।
তবে তিনি জানান, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও প্রতিষ্ঠানটির কার্যক্রম ও আর্থিক সক্ষমতা শক্তিশালী রয়েছে। তার ভাষ্য, "কর্মীদের নিষ্ঠা, কার্যক্রম পরিচালনায় দক্ষতা, ব্যবস্থার নমনীয়তা এবং কয়েক দশক ধরে গড়ে তোলা সরবরাহ নেটওয়ার্কের কারণে এ কঠিন সময়েও গ্রাহকদের কাছে নির্ভরযোগ্যভাবে জ্বালানি পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।"
আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত, ব্রিটিশ ও ভারতের হাইকমিশনারের আলোচনা
তিনি আরো বলেন, বিকল্প রপ্তানি পথের মধ্যে সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে লোহিত সাগর উপকূলে তেল পরিবহনের জন্য ব্যবহৃত ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের সক্ষমতা বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
নাসের উল্লেখ করেন, শক্তিশালী আর্থিক ভিত্তির ওপর ভর করে অগ্রাধিকার পাওয়া প্রকল্পগুলো পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন এবং উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কার্যক্রমের দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে সৌদি আরামকো। এর মাধ্যমে বিশ্বের পরিবর্তিত জ্বালানি চাহিদা পূরণ এবং গ্রাহক ও শেয়ারহোল্ডারদের জন্য মূল্য সৃষ্টি অব্যাহত রাখতে চায় প্রতিষ্ঠানটি।
এদিকে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এবং সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের সংঘাতের কারণে রপ্তানি কার্যক্রমে বিঘ্ন ও তেল অবকাঠামোয় হামলার ঘটনায় আরামকোর উৎপাদন কমেছে। বিশেষ করে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি হামলার শিকার হওয়ায় তেল সরবরাহে প্রভাব পড়েছে। পাইপলাইনটি সৌদি আরবের পূর্বাঞ্চলের তেলক্ষেত্র থেকে দেশটির পশ্চিম উপকূলে লোহিত সাগর পর্যন্ত তেল পরিবহন করে।
এ পরিস্থিতিতে বিকল্প রপ্তানি পথ তৈরি এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রস্তুতির মাধ্যমে সরবরাহব্যবস্থা সচল রাখতে চাইছে সৌদি আরামকো।
আরও পড়ুন: রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন