০৩:৩২ পি.এম
জাতীয় সংসদের চলমান অধিবেশনের সমাপনী দিনে বিএনপির সংসদীয় দল বৈঠকে বসেছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই বৈঠকে সভাপতিত্ব করছেন।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় সংসদ ভবনে বৈঠকটি শুরু হয়। জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষ দিনে অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশগ্রহণ করেছেন।
এর আগে, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলোর বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা। এর মধ্যে ১৪টি প্রকল্প নতুন এবং দুটি সংশোধিত।
আরও পড়ুন: শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী
অনুমোদিত প্রকল্পগুলোর জন্য মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় হবে। এছাড়া, প্রকল্প ঋণ থেকে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ১০ কোটি টাকা ব্যয় করা হবে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণের জন্য সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ রাখা হয়েছে। ২০২৬ থেকে ২০৩১ সাল পর্যন্ত প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে এবং এর ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা।
দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন এবং পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়াতে ৬ হাজার ৯২২ কোটি ১০ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এটি ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুনের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
রাজধানীর পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে দাশেরকান্দি পয়ঃশোধনাগারের বর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্পেও সায় দেওয়া হয়েছে। প্রকল্পটির ব্যয় হবে ৯৯৩ কোটি ৬৪ লাখ টাকা এবং এটি ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়িত হবে। এর মধ্যে সরকার ৯৮৩ কোটি ৬৪ লাখ টাকা দেবে এবং ঢাকা ওয়াসা নিজস্ব তহবিল থেকে ১০ কোটি টাকা ব্যয় করবে।
আরও পড়ুন: হজের বর্ধিত কোটায় নিবন্ধন ২২ নভেম্বর পর্যন্ত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে। ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২ হাজার ৮১৭ কোটি ৭৩ লাখ টাকা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকা এবং বৃহত্তর যশোর জেলার উন্নয়নকাজে ২ হাজার ১৯৯ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। এছাড়াও, জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনীতে ৩৩১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে চারটি প্রকল্প অনুমোদিত হয়েছে। জামালপুর জেলার ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধে ৪৯১ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে রক্ষায় ৯৩৮ কোটি ২৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। মেট্রো ঢাকা প্রকল্পের আওতায় গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্পে ৫৬৭ কোটি ৪ লাখ টাকা অনুমোদন করা হয়েছে। প্রকল্পটিতে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা প্রকল্প ঋণ হিসেবে পাওয়া যাবে।
কৃষি মন্ত্রণালয়ের অধীনে জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলার ক্ষুদ্রসেচ ব্যবস্থার উন্নয়নে ৬৪৮ কোটি ৫৫ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে ৩৮৩ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া, ঢাকা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তাদের আবাসন সমস্যা সমাধানে অবকাঠামোগত উন্নয়নের জন্য ৪৯৫ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
আরও পড়ুন: একনেকে ৩৩২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্পের অনুমোদন
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করতে ৪৭২ কোটি ৩৭ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে। মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে ১ হাজার ৯৩৭ কোটি ৫ লাখ টাকার ব্যয় অনুমোদন দেওয়া হয়েছে।
এসব প্রকল্প ছাড়াও ৫০ কোটি টাকার কম ব্যয়সম্পন্ন ১৪টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়েছে। পরিকল্পনামন্ত্রীর অনুমোদন ইতোমধ্যে এসব প্রকল্প পেয়েছে।
সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাজ্যের সংসদীয় সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন