বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৪৯ পি.এম
॥ মলয় কুমার দত্ত ও মোস্তাক আহমেদ ॥
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশে সড়ক নিরাপত্তার পরিস্থিতির উন্নয়নে বাধা সৃষ্টি করছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা, পরিবহন খাতের বিশৃঙ্খলা, ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগের অভাব এবং বৈজ্ঞানিক পরিকল্পনার অভাব। বিশেষজ্ঞরা এ পরিস্থিতিতে ব্যাপক সংস্কার, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
তাঁরা উল্লেখ করেছেন, পেশাদার পরিবহন ব্যবস্থাপনা, নির্ভরযোগ্য দুর্ঘটনার তথ্য-উপাত্ত, স্বাধীন তদন্ত এবং আইন প্রয়োগের ধারাবাহিকতা নিশ্চিত না হলে, শুধু নতুন সড়ক নির্মাণ বা কঠোর বিধিমালা প্রণয়ন করেও দুর্ঘটনা কমানো সম্ভব হবে না।
এদিকে, সরকার চালক প্রশিক্ষণ, নিয়মিত আইন প্রয়োগ অভিযান, বৈদ্যুতিক যানবাহন চালু এবং ২০২৭ সালের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের মতো বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল হক, রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান এবং বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব আলম তালুকদার সড়ক নিরাপত্তার চ্যালেঞ্জ এবং উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেছেন।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকও সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে নিরাপদ পরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা কামনা করেছেন।
প্রাতিষ্ঠানিক সংস্কার ও জবাবদিহিতা জোরদার
ড. শামসুল হক বলেন, পরিবহন খাতে বেপরোয়া গাড়ি চালানো এবং বিশৃঙ্খলা অব্যাহত থাকলে, যানবাহনের অবস্থা উন্নত করলেও কোনো সুফল পাওয়া যাবে না।
তিনি আরও বলেন, মোটরসাইকেল বিশেষভাবে ঝুঁকিপূর্ণ, কারণ দুই চাকার কাঠামোর কারণে সামান্য সংঘর্ষে গুরুতর আহত হওয়া কিংবা প্রাণহানির ঘটনা ঘটতে পারে। গত পাঁচ থেকে সাত বছরে সড়ক দুর্ঘটনার প্রায় ৪০ শতাংশ মোটরসাইকেলের সঙ্গে জড়িত ছিল।
ড. শামসুল হক আরও উল্লেখ করেন, পরিবহন খাতের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত অনেকের পেশাগত অভিজ্ঞতা নেই, ফলে এ খাতে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।
সরকার চালক প্রশিক্ষণ, সচেতনতামূলক প্রচারাভিযান এবং নতুন আইন প্রণয়ন করলেও, সেগুলোর প্রয়োগ যথেষ্ট নয়। ট্রাফিক নিয়ন্ত্রণ এবং আইন প্রয়োগে পুলিশ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
ড. হক বলেন, গণমাধ্যমে কোনো ঘটনা প্রকাশিত হওয়ার পর সাময়িকভাবে অভিযান পরিচালনা করে দীর্ঘমেয়াদি উন্নতি নিশ্চিত করা সম্ভব নয়। সড়ক নিরাপত্তার জন্য সারা বছর ধারাবাহিক তদারকি প্রয়োজন।
তিনি আরও বলেন, মোটরসাইকেল ও ইজিবাইকের সংখ্যা বৃদ্ধি, উল্টো পথে যানবাহন চলাচল, পথচারীদের ঝুঁকি বৃদ্ধি এবং বাস সেবা ব্যবস্থার খণ্ডিত অবস্থা সড়ক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
ড. শামসুল হক বলেন, দক্ষ জনবল ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান ছাড়া অবকাঠামো খাতে বিপুল বাজেট বরাদ্দ এবং নতুন আইন প্রণয়নের প্রভাব সীমিত থাকবে।
জাতিসংঘের সড়ক নিরাপত্তা লক্ষ্যমাত্রার আওতায় ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৫০ শতাংশ কমানোর অঙ্গীকার করেছে বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে প্রাতিষ্ঠানিক সংস্কার এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ধারাবাহিক প্রচেষ্টা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
টেকসই পরিবহন ও নারীবান্ধব সড়ক
সাইদুর রহমান বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য টেকসই গণপরিবহন কৌশল গ্রহণ এবং পরিবহন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে সংস্কার প্রয়োজন।
তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আরও ভালো সমন্বয় এবং মেয়াদোত্তীর্ণ ও অনুপযোগী যানবাহন সড়ক থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানান।
সাইদুর রহমান বলেন, চালক ও পথচারীদের কার্যকর সড়ক নিরাপত্তা শিক্ষা দিতে হবে এবং ট্রাফিক আইন ধারাবাহিকভাবে প্রয়োগ করতে হবে।
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরও বলেন, গণপরিবহন এবং সড়ক অবকাঠামোকে আরও নারীবান্ধব করতে হবে, কারণ বিদ্যমান অনেক সুযোগ-সুবিধা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না।
তিনি বাস টার্মিনাল এবং বাসস্টপে পুলিশের উপস্থিতি এবং প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানো, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নিরাপদ ও পরিচ্ছন্ন শৌচাগার এবং যাত্রীদের জন্য উপযুক্ত অপেক্ষাকেন্দ্র গড়ে তোলার সুপারিশ করেন।
নারীসহ অন্যান্য পথচারীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত এবং ফুটওভারব্রিজের যথাযথ রক্ষণাবেক্ষণের ওপরও গুরুত্ব দেন তিনি।
চালকদের পেশাগত অধিকার এবং কর্মপরিবেশ উন্নয়নের জন্য নিয়োগপত্র, নির্দিষ্ট বেতন এবং সুনির্দিষ্ট কর্মঘণ্টা নিশ্চিত করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। অন্যদিকে পথচারীদের জন্য নিরাপদ ফুটপাত, ফুটওভারব্রিজ এবং জেব্রা ক্রসিং নিশ্চিত করতে হবে।
মহাসড়ক এবং এক্সপ্রেসওয়েতে অনুপযোগী যানবাহন এবং অনুপযুক্ত ধীরগতির যান চলাচল সীমিত করার সুপারিশ করেন রহমান।
অতিরিক্ত গতি এবং ট্রাফিক আইন লঙ্ঘন নিয়ন্ত্রণে নজরদারি ক্যামেরা স্থাপন এবং হাইওয়ে পুলিশের সক্ষমতা বাড়ানোর প্রয়োজন রয়েছে। স্থানীয় এবং ধীরগতির যানবাহনের নিরাপদ চলাচলের জন্য প্রয়োজনীয় স্থানে সার্ভিস রোড নির্মাণেরও পরামর্শ দেন তিনি।
এআই নজরদারি এবং দুর্ঘটনার নির্ভুল তথ্য-উপাত্ত
অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব আলম তালুকদার বলেন, সড়ক দুর্ঘটনা এবং প্রাণহানির প্রকৃত চিত্র জানতে বাংলাদেশে একটি কার্যকর সড়ক নিরাপত্তা নজরদারি ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
তিনি প্রতিটি সড়ক দুর্ঘটনার পর অন্তত ৩০ দিন পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে অনুসন্ধান চালানোর সুপারিশ করেন, যাতে প্রকৃত মৃত্যুর সংখ্যা নির্ধারণ করা যায়।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের পরিচয়, বয়স এবং মৃত্যুর তারিখের পাশাপাশি দুর্ঘটনার পর তাদের শারীরিক অবস্থার পরিবর্তনের তথ্যও সংরক্ষণ করতে হবে।
মাহবুব আলম তালুকদার বলেন, দুর্ঘটনার পরপরই তৈরি করা প্রতিবেদন থেকে শেষ পর্যন্ত মৃত্যুর প্রকৃত সংখ্যা জানা নাও যেতে পারে।
তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বুদ্ধিমান পরিবহন ব্যবস্থার (ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম) ব্যবহার বাড়ানোরও আহ্বান জানান।
এআই-চালিত ক্যামেরার মাধ্যমে যানবাহন, সেগুলোর গতি এবং চালকদের পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এতে কর্তৃপক্ষ যান চলাচলের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করতে পারবে।
মাহবুব আলম তালুকদার বলেন, প্রযুক্তিনির্ভর নজরদারিকে দেশের সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনার অবিচ্ছেদ্য অংশে পরিণত করতে হবে।
গবেষণা, স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং স্বাধীন তদন্ত
ড. তালুকদার বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে অবকাঠামোগত এবং আচরণগত—উভয় ধরনের কারণ শনাক্ত করা জরুরি। অবকাঠামোগত সমস্যার সমাধানে সড়ক এবং অন্যান্য সুযোগ-সুবিধায় বিনিয়োগ প্রয়োজন হতে পারে। অন্যদিকে আচরণগত সমস্যার জন্য মানুষের দৃষ্টিভঙ্গি এবং অভ্যাসে পরিবর্তন আনতে হবে।
তিনি বলেন, গণমাধ্যম, সাংবাদিকতা, নাটক, সাংস্কৃতিক কর্মকাণ্ড, ধর্মীয় প্রতিষ্ঠান এবং অন্যান্য সামাজিক সংগঠন সড়ক ব্যবহারকারীদের আচরণ পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। সড়ক নিরাপত্তা শুধু প্রকৌশলগত বিষয় নয়; এর সঙ্গে মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং সামাজিক সচেতনতাও জড়িত।
মাহবুব আলম তালুকদার সতর্ক করে বলেন, উন্নত দেশগুলোর অবকাঠামোনির্ভর পদ্ধতি হুবহু অনুসরণ করা উচিত নয়। বাংলাদেশের জনসংখ্যা, সম্পদ এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সমাধান বের করতে হবে।
তিনি নির্বাচিত জেলা, উপজেলা কিংবা নির্দিষ্ট সড়কে পরীক্ষামূলক প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দেন। গবেষণার মাধ্যমে এসব প্রকল্পের কার্যকারিতা মূল্যায়ন করে সফল উদ্যোগগুলো দেশের অন্যান্য এলাকায় সম্প্রসারণ করা যেতে পারে।
পরিকল্পনা এবং বাস্তবায়ন প্রক্রিয়ায় স্থানীয় জনগণকেও সম্পৃক্ত করতে হবে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, স্থানীয় জনপ্রতিনিধি এবং ক্ষতিগ্রস্ত সড়ক ব্যবহারকারীদের সমস্যা চিহ্নিত করা এবং সমাধান তৈরিতে অংশ নিতে হবে।
ওপর থেকে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পরিবর্তে স্থানীয় অভিজ্ঞতাভিত্তিক তৃণমূল পর্যায়ের উদ্যোগ বেশি কার্যকর হবে বলে তিনি মনে করেন।
ড. তালুকদার অবকাঠামো প্রকল্প অনুমোদনের আগে সম্ভাব্যতা যাচাই, জরিপ এবং পরামর্শ গ্রহণের ওপরও গুরুত্ব দেন। শুধু ব্যক্তিগত পছন্দ কিংবা সভার আলোচনার ভিত্তিতে নয়, বরং তথ্য-উপাত্ত, ব্যয়, প্রত্যাশিত সুফল এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্ব বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।
তিনি সড়ক দুর্ঘটনার স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করারও আহ্বান জানান।
কোনো প্রতিষ্ঠানের নিজস্ব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে পারে—এমন ঘটনায় সেই প্রতিষ্ঠানকে দিয়েই তদন্ত করালে নিরপেক্ষতা নিয়ে সংশয় দেখা দিতে পারে। দুর্ঘটনার কারণ নির্ধারণ, দায়ীদের চিহ্নিত করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সুপারিশের জন্য একটি বিশ্বাসযোগ্য তদন্তব্যবস্থা প্রয়োজন।
সরকারি উদ্যোগ এবং ২০২৭ সালের মধ্যে নতুন আইন
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার বাস্তবায়নে সরকার সড়ক নিরাপত্তা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) দুটি প্রকল্পের আওতায় প্রায় ৬৮ হাজার মানুষকে নতুন এবং পুনঃপ্রশিক্ষণ দিচ্ছে। প্রকল্প দুটি হলো বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ রোড সেফটি প্রজেক্ট (বিআরএসপি) এবং এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ)।
তিনি বলেন, চালকদের মনস্তাত্ত্বিক এবং আচরণগত পরিবর্তন আনাই এসব প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।
সরকার ২০২৭ সালের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের পরিকল্পনাও ঘোষণা করেছে। এ আইনের খসড়া প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানান ড. জিয়াউল হক।
পরিবেশবান্ধব, নির্বিঘ্ন এবং আধুনিক পরিবহনসেবা নিশ্চিত করতে বৈদ্যুতিক যানবাহন আমদানি করা হচ্ছে।
একই সঙ্গে বিআরটিএ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক আইন এবং বিধিমালা লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বলে তিনি জানান।
নিরাপদ এবং আধুনিক পরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত সহযোগিতা কামনা করেন সচিব।
বিশেষজ্ঞরা বলেন, ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার জাতীয় অঙ্গীকার বাস্তবায়নে বিচ্ছিন্ন প্রকল্প কিংবা সাময়িক প্রচারাভিযান যথেষ্ট নয়। এর জন্য সক্ষম প্রতিষ্ঠান, আইনের ধারাবাহিক প্রয়োগ, পেশাদার পরিবহনসেবা, নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত, প্রযুক্তিনির্ভর নজরদারি, স্বাধীন তদন্ত এবং নিয়মিত মূল্যায়নের সমন্বয়ে দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণ করতে হবে।
তাঁরা জোর দিয়ে বলেন, সড়ক নিরাপত্তাকে শুধু অবকাঠামোগত সমস্যা হিসেবে দেখলে চলবে না; এটিকে জনস্বাস্থ্য, সুশাসন এবং সবার সম্মিলিত সামাজিক দায়িত্বের বিষয় হিসেবে বিবেচনা করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অ্যাশলে বার্টি, মাত্র ২৫ বছর বয়সে পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। ক্যারিয়ারের সেরা সময়েই কোর্টকে বিদায় জানানো সেই অস্ট্রেলিয়ান তারকা এবার জায়গা করে নিচ্ছেন টেনিসের কিংবদন্তিদের তালিকায়। ২০২৭ সালে ইন্টারন্যাশনাল টেনিস হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হবে তিনবারের গ্র্যান্ড স্লামজয়ী এই খেলোয়াড়কে।
বার্টি সুখবরটি জানতে পারেন হল অব ফেমের সহসভাপতি কিম ক্লাইস্টার্স ও প্যাট্রিক ম্যাকেনরোর সঙ্গে ফোনালাপের মাধ্যমে। পরে রজার ফেদেরার ও মার্টিনা নাভ্রাতিলোভাসহ হল অব ফেমের প্রায় ২০ জন সদস্য ব্যক্তিগতভাবে তাকে অভিনন্দন জানান।
টেনিস ক্যারিয়ারে অসাধারণ সাফল্য পেয়েছেন বার্টি। ২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেন জয়ের পর ২০২১ সালে উইম্বলডনের শিরোপা উঁচিয়ে ধরেন তিনি। এরপর ২০২২ সালে নিজের ঘরের মাঠে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম পূর্ণ করেন। তার এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ৪৪ বছর পর মেয়েদের এককে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা নিজেদের ঘরে রাখতে সক্ষম হয় স্বাগতিক দেশ। এছাড়া ২০১৮ সালে ইউএস ওপেনের দ্বৈত শিরোপাও জিতেছিলেন তিনি। টানা ১১৪ সপ্তাহ নারী এককের বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখার কৃতিত্বও রয়েছে তার।
টেনিসের পাশাপাশি ক্রিকেটেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন বার্টি। ২০১৫-১৬ মৌসুমে নারী বিগ ব্যাশ লিগে খেলেছিলেন তিনি। সাত ম্যাচে ব্যাট হাতে করেছিলেন ৬৮ রান। তবে ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মাত্র দুই মাস পরই সবাইকে অবাক করে দিয়ে অবসরের ঘোষণা দেন এই তারকা। পরবর্তী সময়ে গলফার গ্যারি কিসিককে বিয়ে করেন তিনি।
হল অব ফেমে অন্তর্ভুক্তির খবর পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বার্টি জানান, এই স্বীকৃতি পেয়ে তিনি অত্যন্ত সম্মানিত ও কৃতজ্ঞ। অস্ট্রেলিয়ার যেসব কিংবদন্তি খেলোয়াড় অতীতে টেনিসকে এগিয়ে নিয়েছেন এবং দেশের প্রতিনিধিত্ব করেছেন, তাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন বলে জানান তিনি। সেই কিংবদন্তিদের পাশে নিজের নাম দেখতে পাওয়াকে অবিশ্বাস্য অনুভূতি হিসেবেও উল্লেখ করেন।
তবে এই সম্মান পাওয়ার পরও কিছুটা দ্বিধায় রয়েছেন বার্টি। তার মতে, হল অব ফেম মূলত টেনিসের সর্বকালের সেরা কিংবদন্তিদের জন্য। এখনই নিজেকে সেই পর্যায়ের খেলোয়াড় মনে করেন না বলেও জানিয়েছেন তিনি।
বার্টির পাশাপাশি ২০২৭ সালের হল অব ফেমে জায়গা করে নিচ্ছেন হুইলচেয়ার টেনিসের জাপানি কিংবদন্তি শিনগো কুনিয়েদা। প্যারালিম্পিকে চারটি স্বর্ণপদকজয়ী এই তারকা হুইলচেয়ার টেনিসে এককে জিতেছেন রেকর্ড ২৮টি গ্র্যান্ড স্লাম শিরোপা। বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও ছিলেন মোট ৫৮২ সপ্তাহ। তার অন্তর্ভুক্তির মধ্য দিয়ে হল অব ফেমে প্রথমবারের মতো জায়গা পেতে যাচ্ছেন কোনো জাপানি খেলোয়াড়।
আগামী বছরের আগস্টে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউপোর্টে আনুষ্ঠানিকভাবে বার্টি ও কুনিয়েদাকে হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হবে। এই স্বীকৃতিকে নিজের জন্য অসাধারণ সম্মান হিসেবে দেখছেন কুনিয়েদাও। হুইলচেয়ার টেনিসের প্রচলিত সীমাবদ্ধতা ভেঙে খেলাটিকে নতুন উচ্চতায় নেওয়াই ছিল তার লক্ষ্য। দীর্ঘ ক্যারিয়ারে পাশে থাকা পরিবার, দল ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী বছর নিউপোর্টের অনুষ্ঠানের অপেক্ষায় থাকার কথাও জানিয়েছেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দুদক সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান এবং তার প্রথম স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এই ঘটনায় তাদের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে।
এছাড়া, বিসিকের প্লট বরাদ্দে অনিয়মের ঘটনায় সাবেক শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সংস্থাটি।
এর আগে, কোরবানির ঈদে ছেলের লাখ টাকার ছাগল কেনার ঘটনায় এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান আলোচনায় আসেন। এই ঘটনার পর একের পর এক অঢেল সম্পদের তথ্য বের হতে থাকে। অনুসন্ধানের মাধ্যমে দুদক তার স্ত্রী ও সন্তানের বিলাসী জীবনের রহস্য উদ্ঘাটন করে।
দীর্ঘ তদন্তের পর, প্রায় দুই বছর পর, দুদক মতিউরের প্রথম স্ত্রী এবং নরসিংদীর রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান লায়লা কানিজের বিরুদ্ধে ১ কোটি ৫৩ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ১৩ কোটি ১ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পায়। এই ঘটনায় মতিউরসহ তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।
এদিন চট্টগ্রামে বিসিকের প্লট বরাদ্দে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের ৩ কোটি ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এই মামলার তালিকায় শিল্প মন্ত্রণালয়ের তিন সাবেক অতিরিক্ত সচিবের নামও অন্তর্ভুক্ত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মিয়ানমার মৃতদেহ পুড়িয়ে ফেলেছে এবং বুলডোজার চালিয়েছে, গণহত্যার প্রমাণ সরানোর উদ্দেশ্যে, এমন তথ্য দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক ইওয়াসাওয়া ইউজি। তিনি উল্লেখ করেছেন যে, মিয়ানমার মৃতদেহ পুড়িয়ে বা অন্য কোনো উপায়ে সেগুলো সরিয়ে ফেলে "ব্যাপকভাবে প্রমাণ ধ্বংস" করেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে আদালতের ১৫ বিচারকের পক্ষে রায় পড়া শুরু করেন আইসিজের বিচারক ইওয়াসাওয়া ইউজি। রায় পড়ার সময় তিনি এই মন্তব্য করেন।
ওয়াসাওয়া ইউজি আরও বলেন, যেসব স্থানে 'ক্লিয়ারেন্স অপারেশন' চালানো হয়েছিল, সেসব স্থানে মিয়ানমার পুড়িয়ে দিয়েছে এবং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। এর ফলে ২০১৭ সালে ঘটে যাওয়া ঘটনাগুলোর কার্যকর তদন্তে বাধা সৃষ্টি হয়েছে।
বিচারক জানিয়েছেন, আদালত মনে করে যে ফেসবুকের মাধ্যমে সামরিক বাহিনীর কিছু বার্তা "অ-রোহিঙ্গা জনগোষ্ঠীকে একটি গোষ্ঠী হিসেবে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতায় লিপ্ত হতে উৎসাহিত করার চেষ্টা করেছিল।"
ইওয়াসাওয়া ইউজি বলেন, “২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযানের প্রেক্ষাপট এমন একটি পরিবেশ তৈরি করেছিল, যা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সহিংসতার জন্য সহায়ক ছিল এবং রোহিঙ্গা গোষ্ঠীর একটি অংশকে ধ্বংস করার উদ্দেশ্যকে সমর্থন করেছিল।”
আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) জানিয়েছে, সামরিক বাহিনীর পরিচালিত তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছেন। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে যে, ওই অভিযানে নির্বিচারে হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং রোহিঙ্গাদের বাড়িঘরে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছিল।
২০১৭ সালের নির্মূল অভিযানের আগে উত্তর রাখাইন রাজ্যে বসবাসকারী প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা মিয়ানমারের লক্ষ্যবস্তু হয়েছিলেন বলে তথ্য পেয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বিচারক ইওয়াসাওয়া ইউজি এই সংখ্যাকে নিঃসন্দেহে উল্লেখযোগ্য বলে মন্তব্য করেছেন।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হয়েছিল কি না এবং এ ঘটনায় রাষ্ট্র হিসেবে মিয়ানমার দায়ী কি না, তা নির্ধারণ করবেন আদালতের বিচারকেরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পুলিশের ডিআইজি পদে কর্মরত ১৭ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণ আগামী ২৪.১১.২০২৬ তারিখের মধ্যে তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন বদলি/পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করেন, তাহলে ২৫.১১.২০২৬ তারিখে তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (Stand Released) বলে গণ্য করা হবে।
পুলিশের বদলি হওয়া কর্মকর্তারা
তালাশ বিডি/মিডিয়া লিঃ