বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৫৩ পি.এম
মহান মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের ৩৭তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। বৃহস্পতিবার, বরিশালের উজিরপুরে তার জন্মস্থানে দিবসটি উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মেজর এম এ জলিল পরিষদের উদ্যোগে তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তার বর্ণাঢ্য জীবন, মহান মুক্তিযুদ্ধে অবদান এবং স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সহসভাপতি মো. মাইনুল আহাদ, মামুন সিকদার, নুরুল ইসলাম সিকদার, মো. শামসুল হক সিকদার, আলী হোসেন রূপক, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক এম এ জাকারিয়া, উজিরপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান, মাইনুল হক মুকিম মাস্টার, আকবর সিকদার, ইমরান মৃধা ও ফয়সাল সিকদারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া, সকাল ১০টায় মেজর এম এ জলিল নূরানী মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান।
উল্লেখ্য, ১৯৪২ সালের ৯ ফেব্রুয়ারি বরিশালের উজিরপুরে জন্মগ্রহণ করেন মেজর এম এ জলিল। মহান মুক্তিযুদ্ধে তিনি ৯ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালের ১৯ নভেম্বর পাকিস্তানের ইসলামাবাদে তিনি মৃত্যুবরণ করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালে তাঁকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী বলেন, রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হলেও মুক্তিযুদ্ধের এই সংগঠকের অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। তাদের দাবি, ৯ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেও তিনি মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় খেতাব থেকে বঞ্চিত রয়েছেন। তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে তাকে দেশের প্রথম রাজবন্দী হিসেবে কারাবরণ করতে হয়েছিল বলেও তারা উল্লেখ করেন।
এ সময় তারা মেজর এম এ জলিলের মুক্তিযুদ্ধকালীন অবদান ও রাজনৈতিক জীবনের যথাযথ মূল্যায়ন, রাষ্ট্রীয় মর্যাদা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে তাঁর প্রাপ্য সম্মান নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের ভৈরবে আফরিন সুলতানা নামক একটি পলিথিনের কাঁচামাল উৎপাদন কারখানায় কাজ করার সময় মেশিনে কাপড় পেঁচিয়ে রত্না বেগম (২৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ ১৯ নভেম্বর, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পৌর শহরের তাঁতারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রত্না বেগমের স্বামী সজীব মিয়াও ভৈরবের অন্য একটি পলিথিন কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। নিহত রত্না বেগম কুমিল্লা জেলার মুরাদনগর থানার রামচন্দ্রপুরের বাসিন্দা। এ দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তাঁতারকান্দি এলাকায় অবস্থিত পলিথিনের কাঁচামাল তৈরির কারখানাটি বর্তমানে ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের ইয়াকুব আলম ছিদ্দিকীর ছেলে গোলাম ইশতিয়াক ইউনিক নামে এক যুবক পরিচালনা করছেন। তিনি ২০২৪ সালে পটপরিবর্তনের পর কার্যক্রম নিষিদ্ধ ভৈরব পৌর ৬নং মহিলা আওয়ামী লীগের সভাপতি ও তাঁতারকান্দি গ্রামের বাসিন্দা মো: ধন মিয়া মেয়ে আফরিন সুলতানার কাছ থেকে কারখানাটি ভাড়া নিয়ে সেখানে পলিথিনের কা়ঁচামাল উৎপাদনের ব্যবসা পরিচালনা করছেন গোলাম ইশতিয়াক। কারখানাটির পরিচালনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে বলে দাবি করেছেন গোলাম ইশতিয়াক ইউনিক। তবে স্থানীয়দের অভিযোগ, কারখানাটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। এছাড়াও পৌর শহরের কমলপুর নিউটাউন এলাকাতেও আফরিন সুলতানার অন্য একটি পলিথিন কারখানা রয়েছে বলে জানা গেছে।
এদিকে কর্মক্ষেত্রে একজন নারী শ্রমিকের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কারখানার নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে কারখানাটির বৈধতা, শ্রমিকদের জন্য প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা ছিল কিনা এবং কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখার জন্য প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন স্থানীয়রা।
একটি ছোট্ট কন্যাসন্তানকে রেখে মায়ের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। একই সঙ্গে এই পলিথিনের কাঁচামাল তৈরির কারখানার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে।
গোলাম ইশতিয়াক ইউনিক জানান, তিনি আফরিন সুলতানার কাছ থেকে ভাড়া নিয়ে কারখানাটি পরিচালনা করছেন। কারখানাটি পরিচালনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে বলে দাবি তাঁর।
এবিষয়ে কারখানার প্রকৃত মালিক আফরিন সুলতানার বক্তব্য পাওয়া যায়নি।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এই ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে কিশোরগঞ্জ মর্গে পাঠানো হবে। নিহত নারীর বাড়ি দূরে, পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁর স্বজনরা অভিযোগ দেয়ার পর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ