০৯:২৬ পি.এম
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) এস এ জিন্নাহ কবির মন্তব্য করেছেন, তরুণদের মাঠে ফিরিয়ে এনে মাদকমুক্ত সমাজ গড়তে হবে। তিনি বলেছেন, ‘মাদকের ভয়াবহ ছোবলে ধ্বংসের পথে তরুণ প্রজন্ম। বাড়ছে অপরাধ, ভাঙছে পরিবার, বাড়ছে সামাজিক অবক্ষয়। এই ভয়াবহতা ঠেকাতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
রবিবার (১ নভেম্বর) বিকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
জিন্নাহ কবির আরও বলেন, ‘শুধু অবকাঠামোগত উন্নয়ন করলেই হবে না, সমাজ থেকে আগে মাদক নির্মূল করতে হবে। আমাদের নতুন প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিশাপের হাত থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’
আরও পড়ুন: ভারতের চাপের কারণে দিল্লি সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি এলাকায় প্রতিনিয়তই মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা করে যাচ্ছি। তরুণদের মাদকের অন্ধকার জগৎ থেকে দূরে রাখতে নেতাকর্মীদের নিয়ে খেলাধুলার পরিবেশ তৈরির মহা পরিকল্পনা গ্রহণ করেছি। এজন্য খেলার মাঠগুলো সচল করতে হবে, নতুন প্রজন্মকে মাঠমুখী করতে হবে। খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ বাড়াতে পারলে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব হবে। এ জন্য পরিবার, সমাজ ও জনপ্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।’
জিন্নাহ কবির আরো বলেন, ‘আমি আমৃত্যু জনগণের সেবায় কাজ করে যেতে চাই। ইতোমধ্যে আমার সংসদীয় আসনে পর্যায়ক্রমে রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। শুধু দৌলতপুর উপজেলার জন্য আগামী অর্থবছরে সোয়া ২০০ কোটি টাকা বরাদ্দ পেয়েছি।’
জনসভায় কলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট বুলবুল আহমেদ গোলাপের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকার সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, মানিকগঞ্জ জেলা যুবদল আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, সংসদ সদস্য জিন্নাহ কবিরের জামাতা ব্যারিস্টার যাওয়াদুল নয়নসহ প্রমুখ।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে বাসে অগ্নিসংযোগ, আ.লীগের ১৭ নেতাকর্মীসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন