০৯:২৬ পি.এম
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা অনুযায়ী এবং বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায়, বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের সহযোগিতায় পাঁচ দিনব্যাপী যৌথ মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ শুরু হয়েছে। রবিবার, ঢাকা সেনানিবাসের বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে এই মহড়ার উদ্বোধন করা হয়।
ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি মিশন চিফ তৃষিতা মওলা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
আরও পড়ুন: ১৪০০ শিশু-কিশোরকে হত্যা করেও আ. লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’-এর মূল উদ্দেশ্য হলো বিষয়ভিত্তিক মতামত বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও কার্যক্ষমতা বৃদ্ধি করা। এই মহড়ায় সি-১৩০জে ও সি-১৩০বি বিমানের অপারেশন ও রক্ষণাবেক্ষণ, এভিয়েশন সেফটি ও হ্যাজমেট রিস্ক ম্যানেজমেন্ট, অ্যারোস্পেস মেডিসিন ও ফিজিওলজি, এয়ারলিফট কার্গো হ্যান্ডলিং, এয়ার বেজ ডিফেন্স ও ফোর্স প্রটেকশন এবং ক্র্যাশ ফায়ার রেসকিউ বিষয়ে দুই দেশের সদস্যরা পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবেন।
এবারের যৌথ মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর ১২০ জন এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ১৮ জন সদস্য অংশগ্রহণ করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন