০৬:০৭ পি.এম
রাজবাড়ীর বালিয়াকান্দিতে কিশোর ওমর আলী হত্যা মামলার পাঁচ বছর পর রহস্য উদঘাটনের দাবি করেছে ফরিদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, পরকীয়ার অভিযোগের কারণে ওমরকে হত্যার জন্য ৫০ হাজার টাকায় চুক্তি করা হয়েছিল।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে ফরিদপুর পিবিআই জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পুলিশ সুপার (পিবিআই) মো. রবিউল ইসলাম।
এ ঘটনায় নজরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। নজরুল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের ঢোলজানী গ্রামের নুরুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: ভারতের চাপের কারণে দিল্লি সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
পিবিআই জানায়, ২০২১ সালের ৪ জানুয়ারি ঢোলজানী গ্রামের একটি ঘাসক্ষেত থেকে ওমর আলীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে তিনি তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। মরদেহ উদ্ধারের পরদিন নিহতের বাবা আহেদ শেখ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্তের দায়িত্ব পায় পিবিআই।
দীর্ঘ তদন্তের পর ঘটনাস্থলের আলামত, সুরতহাল প্রতিবেদনসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই। গত ৫ সেপ্টেম্বর রাতে ঢাকার আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে নজরুলকে গ্রেপ্তার করা হয়। পিবিআইয়ের দাবি, হত্যাকাণ্ডের পর থেকে তিনি বিভিন্ন এলাকায় ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন।
পিবিআই জানায়, ঘটনার রাতে বাড়ি ফেরার পথে ওমরকে তুলে নিয়ে একটি ঘরে আটকে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। পরে ধারালো চাকু দিয়ে জখম করা হয়। পরদিন স্বজনরা ওমরের খোঁজ শুরু করলে অভিযুক্তরা আতঙ্কিত হয়ে তাকে হত্যা করে। পরে মরদেহ পাশের একটি ঘাসক্ষেতে ফেলে রাখা হয়।
সংবাদ সম্মেলনে এসপি মো. রবিউল ইসলাম বলেন, দুই আসামির স্ত্রীর সঙ্গে ওমরের পরকীয়া সম্পর্ক রয়েছে, এমন অভিযোগের ভিত্তিতে ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। এজন্য ৫০ হাজার টাকায় চুক্তি করা হয়েছিল।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে বাসে অগ্নিসংযোগ, আ.লীগের ১৭ নেতাকর্মীসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে নজরুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে মোট পাঁচজনের সম্পৃক্ততার কথা জানিয়েছেন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন