শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:২০ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন, ২১ নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায়। সশস্ত্র বাহিনীর ইতিহাস বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ছিল।
আগামীকাল ২১ নভেম্বর ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা তুলে ধরেন।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটি সশস্ত্র বাহিনীর ইতিহাসে একটি অনন্য, গৌরবময় ও ঐতিহাসিক ঘটনা।
তারেক রহমান বলেন, “২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমানবাহিনীর অকুতোভয় সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করেন। মুক্তিবাহিনী, আধা সামরিক বাহিনীর সদস্যগণ ও দেশপ্রেমিক জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এই সমন্বিত আক্রমণে অংশ নেন। মুক্তিযুদ্ধে রণাঙ্গনের লড়াই নতুন মাত্রা লাভ করে।”
তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনীর ইতিহাসে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
সশস্ত্র বাহিনীর অবদানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, নির্ভীক সাহসিকতা, শৌর্য ও সংকল্পবদ্ধ শৃঙ্খলার মধ্য দিয়ে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী জাতির জন্য একটি গর্বিত প্রতিষ্ঠান। ১৯৭১ সালের রণাঙ্গনে এই বাহিনীর অসীম সাহসী ভূমিকা ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছেন।
তিনি আরও বলেন, বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি বৃদ্ধি করেছে। শান্তিরক্ষায় বিশ্বদরবারে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী ও প্রশংসনীয় করেছে। ভবিষ্যতেও এ ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকের সময় সশস্ত্র বাহিনীর বলিষ্ঠ ভূমিকা বাহিনীটিকে জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে।
প্রধানমন্ত্রী বলেন, সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে একটি সুশৃঙ্খল, ক্ষিপ্র ও সদাতৎপর আধুনিক বাহিনীতে পরিণত করেছিলেন। তিনি সশস্ত্র বাহিনীকে সুশিক্ষিত ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলেন। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শাসনামলেও সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের ধারা অব্যাহত ছিল।
তিনি বলেন, উন্নত বিশ্বের সঙ্গে সংগতি রেখে সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার নানা পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে।
তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনী একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্য-বীর্যের প্রতীক। বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপচেষ্টা চালিয়েছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব এবং জনগণের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাফল্যের যাত্রা অব্যাহত রেখেছে।
তিনি আরও বলেন, শুধুমাত্র ১৯৭১ সালের মুক্তিযুদ্ধই নয়, ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ছিল। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, দক্ষতা ও কর্মক্ষমতার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যরা বিশ্বব্যাপী প্রশংসিত। শান্তিরক্ষী প্রেরণে অন্যতম শীর্ষ দেশ হিসেবে বাংলাদেশের স্বীকৃতি জাতির জন্য গৌরবের। এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে।
বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠসহ দেশমাতৃকার স্বার্থে প্রাণ উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সব বীর সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, “বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ও বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফসহ দেশমাতৃকার স্বার্থে প্রাণোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সব বীর সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”
সবশেষে প্রধানমন্ত্রী ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সব সদস্য ও তাঁদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন রাশিয়ার তরুণী ও অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন পাচার চক্রে জড়িত ছিলেন। তিনি রাশিয়ার ধনকুবের ও ক্ষমতাসীন মহলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করেন। এমনকি তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকেরও চেষ্টা করেছিলেন। তবে এই প্রচেষ্টা সফল হয়নি।
বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার (২০ নভেম্বর) প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত অঞ্চল থেকে অন্তত ১৭ নারীকে এপস্টেইনের যৌন পাচার চক্রে আনা হয়েছিল। মডেল হওয়ার সুযোগ ও যুক্তরাষ্ট্রে কাজের প্রলোভন দেখিয়ে তাদের এই চক্রে যুক্ত করা হতো।
২০০৮ সালে অপ্রাপ্তবয়স্ক এক মেয়েকে যৌনকর্মে প্রলুব্ধ করার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর রাশিয়ার প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক তৈরিতে এপস্টেইন আরও সক্রিয় হন। তিনি রুশ ধনকুবের ও সাবেক কর্মকর্তাদের মাধ্যমে পুতিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার সঙ্গে কখনো দেখা হয়েছিল—এমন প্রমাণ রয়টার্সের কাছে নেই।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এপস্টেইনের সঙ্গে রুশ গোয়েন্দা সংস্থার কোনো সম্পর্ক ছিল কিংবা তিনি রুশ সরকারের হয়ে কাজ করতেন—এমন প্রমাণও পাওয়া যায়নি। তবে তার তৈরি যৌন পাচার চক্রে যুক্ত হওয়া বহু নারী এখনও নির্যাতনের বিচার চাইছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজারের রামু উপজেলায় একটি ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী প্রাণ হারিয়েছেন। এই ঘটনার ফলে আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে মিঠাছড়ি রেলক্রসিংয়ে এই দুর্ঘটনাটি ঘটে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার সময় ঘটনাস্থলে একজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও দুজন। আহত দুজনের অবস্থাও গুরুতর বলে জানা গেছে।
হতাহত ব্যক্তিদের নাম ও পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের ১৪৫ নম্বর পশ্চিম শশিকর ওয়াপদারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ৩৬টি পিলারে ফাটল দেখা দিয়েছে। কিছু স্থানে পলেস্তারা খসে পড়েছে এবং কোথাও রড বেরিয়ে এসেছে। এমন ঝুঁকিপূর্ণ ভবনে প্রতিদিন শিক্ষার্থীদের পাঠদান চলছে, যা নিয়ে উদ্বিগ্ন শিক্ষক ও অভিভাবকরা।
স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা গেছে, পিড়ারবাড়ী, নইয়ারবাড়ী, উত্তর শশিকর ও পশ্চিম শশিকর গ্রামের শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়টি একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। বিদ্যালয়ের নিজস্ব ৩৩ শতাংশ জমি রয়েছে নতুন ভবন নির্মাণের জন্য। এলাকাবাসী, শিক্ষক ও অভিভাবকরা আশা করছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ভবনটির কারিগরি পরীক্ষা করা হবে এবং ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তাদের মতে, দুর্ঘটনার অপেক্ষায় না থেকে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। শতবর্ষেও মেলেনি সেতু, সাঁকো পেরিয়ে স্কুলে যায় শিশুরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি আশপাশের কয়েকটি গ্রামের শিশুদের প্রাথমিক শিক্ষার অন্যতম ভরসা হিসেবে কাজ করছে। তিন কিলোমিটারের মধ্যে আর কোনো স্কুল না থাকায় ঝুঁকির বিষয়টি জানা সত্ত্বেও অভিভাবকরা সন্তানদের পড়ালেখার স্বার্থে বিদ্যালয়ে পাঠাচ্ছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূরবী সরকার বলেন, “বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা দীর্ঘদিনের। ভবনের বিভিন্ন পিলারে ফাটল থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ রয়েছে। বৃষ্টির সময় শ্রেণিকক্ষে পানি পড়ে শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্ন ঘটে। ঝুঁকিপূর্ণ পরিবেশে পাঠদান করানো কঠিন হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় ভবনের বিভিন্ন পিলারে ফাটল রয়েছে। দেয়াল ও পলেস্তারা ক্ষয়ে গেছে। কয়েকটি স্থানে রড বেরিয়ে পড়েছে। বৃষ্টি হলে ছাদ ও দেয়াল চুইয়ে শ্রেণিকক্ষে পানি পড়ে। এতে শিক্ষার্থীদের বই-খাতা ভিজে যায় এবং আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। ঝুঁকিপূর্ণ অবকাঠামোর পাশাপাশি শ্রেণিকক্ষের সংকটও রয়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় প্রতিকূলতার মধ্যেই পাঠদান চলছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, শ্রেণিকক্ষে বসে পড়ালেখা করার সময় ভবন নিয়ে তাদের ভয় কাজ করে। বৃষ্টি হলে পানি পড়ে বই-খাতা ভিজে যায়। তারা দ্রুত বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূরবী সরকার আবারও বলেন, “বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা দীর্ঘদিনের। ভবনের বিভিন্ন পিলারে ফাটল থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ রয়েছে। বৃষ্টির সময় শ্রেণিকক্ষে পানি পড়ে শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্ন ঘটে। ঝুঁকিপূর্ণ পরিবেশে পাঠদান করানো কঠিন হয়ে পড়েছে। দুর্ঘটনা ঘটার আগেই বিদ্যালয়ের ভবনটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।”
তিনি আরও বলেন, “বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়ালেখার আগ্রহ রয়েছে। শিক্ষকরাও তাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছেন। কিন্তু, জরাজীর্ণ ভবন ও শ্রেণিকক্ষের সংকট স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে বাধা সৃষ্টি করছে।”
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ বলেন, “বিদ্যালয় ভবনের বর্তমান অবস্থা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী মহানগরীর ২৭নম্বর ওয়ার্ডের বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করা হয়েছে। শুক্রবার পবিত্র জুম্মা নামাজ আদায় শেষে ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন।
এ সময় মন্ত্রী বলেন, "মসজিদ আল্লাহর ঘর। দলমত নির্বিশেষে পবিত্র এ ঘরটির উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ মসজিদ কমপ্লেক্সটি উন্নয়ন করা সম্ভব হবে।" তিনি মসজিদ কমপ্লেক্সটির উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, "রাজশাহী সিটি কর্পোরেশন মসজিদ মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে। এ মসজিদটির উন্নয়নে সহায়তা করা হবে।" তিনি উল্লেখ করেন, মসজিদ কমপ্লেক্সটি নির্মিত হলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজ আদায় ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় আরও উন্নত পরিবেশ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মোঃ এরশাদ আলী ঈশা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক। শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মুরাদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি আলহাজ্ব আবু সাঈদ ও আলহাজ্ব আলতাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন ও আলহাজ্ব মোঃ আব্দুল হান্নান, কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুর রউফ সরকার সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ারুল আমিন আজব।
এ সময় রাসিকের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন এবং নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসিম উদ্দীন আরজুসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলাকার মসজিদের মুসল্লী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ