০৬:০৭ পি.এম
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক পতিত ফ্যাসিস্টকে রুখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
২৫ নভেম্বর বুধবার লাকসামের পাশাপুরে আবুল কালাম হাই স্কুল ও কলেজ অ্যান্ড পলিটিক্যাল ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফ্যাসিস্টদের উৎপাত বৃদ্ধি পেয়েছে এবং তা কঠোর হাতে প্রতিরোধ করতে হবে। এই উদ্দেশ্যে সরকারি দল, বিরোধী দল এবং তরুণ ও আগামী প্রজন্মকে একত্রে কাজ করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: হাসনাত আবদুল্লাহ: মন্ত্রী-আমলারা নিজেদের সন্তানদের দেশেই পড়াতে চান না
আমিনুল হক বলেন, বাংলাদেশে দ্বিতীয়বার কোনো ফ্যাসিস্টের উৎপত্তি দেখতে চান না। তিনি দীর্ঘ ১৭ বছরের নির্যাতন ও আগুন সন্ত্রাসের ইতিহাসের কথা উল্লেখ করে বলেন, আমরা আর সেই সময়ে ফিরে যেতে চাই না। দেশের ভেতরে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা রুখতে সবাই যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে ফ্যাসিস্টরা কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।
যুব ও যুব-নারীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, যুব উন্নয়নের প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মাধ্যমে ফ্রিল্যান্সিং, এআই প্রযুক্তি, কেয়ার গিভিং এবং মোবাইল সার্ভিসিংয়ের মতো প্রশিক্ষণ দিয়ে শিক্ষিত বেকারদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় গরুর ও হাঁস-মুরগির খামার মালিকদের বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণে উৎসাহিত করার বিষয়ে তিনি জানান, আগে যেখানে বায়োগ্যাস নির্মাণের জন্য এক লাখ থেকে পাঁচ লাখ টাকা ঋণ দেওয়া হতো, তা বাড়িয়ে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বড় খামার থাকলে নিজস্ব চাহিদা মিটিয়ে আশপাশের পরিবারগুলোতেও বাণিজ্যিকভাবে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব। এ বিষয়ে উপজেলা, ইউনিয়ন ও পাড়া-মহল্লায় ছোট ছোট সভা করে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ ও বাস্তবায়নে কাজ করতে যুব উন্নয়ন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ঔদ্ধত্যপূর্ণ ও উসকানিমূলক: খেলাফত মজলিস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন