০৪:৩৫ এম
যশোরের বাঘারপাড়ার দর্গাহপুর মহিলা আলিম মাদরাসায় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীর সংখ্যা ২৭। চলতি বছরে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীর সংখ্যা আটজন। এই ৩৫ শিক্ষার্থীই বাল্যবিয়ের শিকার। তাদের জন্ম নিবন্ধনের তথ্য গোপন করে ইউনিয়ন পরিষদের (ইউপি) সনদে ১৮ বছর দেখিয়ে বিয়ে দেওয়া হয়েছে।
বর্তমানে মাদরাসাটিতে প্রথম বর্ষের শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া চলছে। কতজনের বিয়ে হয়ে গেছে, তা জানার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।
অধ্যক্ষ আব্দুল কুদ্দুস তার প্রতিষ্ঠানের মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, "বিয়েতে আমরা বাধা দিলে অভিভাবকরা এই মাদরাসায় আর কোনো মেয়েকে পাঠাবেন না।"
আরও পড়ুন: পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ চার বাড়িতে অগ্নিসংযোগ
চলতি বছর মাদরাসাটি থেকে আট শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে কেউ পাস করতে পারেনি। কেন একটি মাদরাসা থেকে কেউ পাস করতে পারল না, এ তথ্য সংগ্রহ করতে গিয়ে সব শিক্ষার্থীর বিয়ে হয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।
এবারের পরীক্ষায় অংশগ্রহণকারী সবাই আইসিটি বিষয়ে ফেল করেছে। তিনজন আইসিটি ছাড়াও ইংরেজি, কুরআন ও হাদিসে ফেল করেছে। ফেল করা আটজনকে পড়িয়েছেন আটজন প্রভাষক ও সহকারী অধ্যাপক।
১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এই মাদরাসার শিক্ষার্থীরা ১৯৮৭ সাল থেকে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে। ১৯৯৩ সাল থেকে আলিমে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। চলতি বছরের আলিম পরীক্ষায় সারা দেশে ৫৫ প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি। মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ গত ১০ নভেম্বর ফেল করা প্রতিষ্ঠানপ্রধানদের জরুরি তলব করে। সেখানে ফেল করার কারণ লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়।
দর্গাহপুর মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল কুদ্দুস তার প্রতিষ্ঠানের ফেল করার কয়েকটি কারণ জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীদের ঠিকমতো ক্লাসে না আসা, পর্যাপ্ত শিক্ষক না থাকা, এবং মেয়েদের বিয়ে দেওয়ার ফলে পড়াশোনায় অমনোযোগিতার কথা।
আরও পড়ুন: ইউপি ভোটে ১৫ রাজনৈতিক দলের সঙ্গে আজ ইসির সংলাপ
মাদরাসাটিতে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পর্যায়ে পড়াশোনা করানো হয়। প্রতিষ্ঠানটির পাশেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আধা কিলোমিটারের মধ্যে আরেকটি মহিলা আলিম মাদরাসা রয়েছে। বর্তমানে এখানে খাতাকলমে ২৫৪ শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে আলিম দ্বিতীয় বর্ষে ২৭ জন, মাধ্যমিকে ১১৬ জন এবং অন্যরা প্রাথমিকে। প্রাথমিকে চারজন, মাধ্যমিকে ছয়জন, আলিমে আটজন এবং অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মিলে ২৫ জন শিক্ষক-কর্মচারী সরকার থেকে বেতন-ভাতা নেন।
মাদরাসাটির অধ্যক্ষ আব্দুল কুদ্দুসের সই করা দাখিল ও আলিম পরীক্ষার ফলাফলের একটি তালিকা পাওয়া গেছে। তবে এই ফলাফলের সঙ্গে শিক্ষা বোর্ডের ফলাফলের মিল পাওয়া যায়নি।
এবারের ফলাফল খারাপ হওয়ার কারণ সম্পর্কে অধ্যক্ষ আব্দুল কুদ্দুস বলেন, "মেয়েদের পড়াশোনা করানোর আগ্রহ নেই সাধারণ মানুষের। তাই দাখিল (এসএসসি) পাস করার পর মেয়েদের বিয়ে দিয়ে দেন। তারা পড়াশোনা করতে চায় না।"
উদাহরণ হিসেবে তিনি বলেন, ২০২৭ সালে আলিম পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২০২৫ সালে ২৭ জন মেয়ে ভর্তি হয়। তাদের মধ্যে ১০ জন পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে। এ বছর যারা পরীক্ষা দিয়েছিল, তারা সবাই বিবাহিত। তারা স্বামীর সংসারে সময় দেবে না পড়াশোনা করবে?
আরও পড়ুন: বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ
পরীক্ষায় ফেল করা কয়েকজন ছাত্রীর ঠিকানা জানতে চাইলে অধ্যক্ষ বলেন, "তাদের সবাই শ্বশুরবাড়িতে। বাবার বাড়িতে কাউকে পাওয়া যাবে না।"
মাদরাসার উপাধ্যক্ষ নজরুল ইসলাম জানান, ২০২৩ সালে নন-এমপিওভুক্ত আইসিটি শিক্ষক হিমেল বিশ্বাস চলে যান। গত ১ জুন আইসিটি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘদিন আইসিটি শিক্ষক না থাকায় এ বছর আট পরীক্ষার্থীই আইসিটি বিষয়ে ফেল করেছে।
এছাড়া মাদরাসায় আবশ্যিক বিষয় সাধারণ গণিত, সমাজবিজ্ঞান, ভৌত বিজ্ঞান, কৃষিশিক্ষা ও কুরআন বিষয়ে কোনো শিক্ষক নেই।
স্থানীয় সূত্র জানায়, ওই মাদরাসায় পড়াশোনার উদ্দেশ্যে আলিমে কোনো মেয়ে ভর্তি হন না। ক্লাস শিক্ষার্থীশূন্য থাকলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ হয়ে যেতে পারেÑসেই আশঙ্কায় শিক্ষকরা পরিচিতজনের মেয়েদের কাগজপত্র এনে নিজেদের খরচে ভর্তি করে দেন। এই কারণে মেয়েরা মাদরাসায় ঠিকমতো যান না এবং পড়াশোনায়ও মনোযোগী নন।
আরও পড়ুন: মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, ক্ষয়ক্ষতি হয়েছে
দুর্গাপুর গ্রামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, "পড়াশোনায় ভালো না হওয়ায় আমার মেয়েকে আগামী বছর থেকে মাদরাসায় পাঠাব না।"
সহকারী প্রভাষক (আরবি) আব্দুল হান্নান বলেন, "শিক্ষার্থী এলে তবেই তো পড়াশোনা করাব। কিন্তু তারা যদি না আসে, তাহলে কাদের পড়াব?"
শিক্ষার্থীরা কেন আসে নাÑএমন প্রশ্নে তার ভাষ্য, "সব শিক্ষার্থী (মেয়ে) শ্বশুরবাড়িতে। তারা আসবে কেমন করে?"
শিক্ষার্থীদের বাল্যবিয়ে প্রতিরোধে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে অধ্যক্ষ আব্দুল কুদ্দুস বলেন, "বাল্যবিয়ে প্রতিরোধে পদক্ষেপ নিলে অভিভাবকরা তাদের মেয়েদের এই মাদরাসায় পাঠাবেন না। জন্ম নিবন্ধন বাদ দিয়ে ইউনিয়ন পরিষদের সনদে তাদের বয়স ১৮ দেখিয়ে বিয়ে রেজিস্ট্রি করা হচ্ছে।"
আরও পড়ুন: বরিশালে রাতভর বিএনপির নেতাকর্মীদের পাহারা, নৈরাজ্য প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি
এ বিষয়ে বাঘারপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিকুজ্জামান বলেন, "পরীক্ষায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল খারাপ হয়েছে, সেসব প্রতিষ্ঠানপ্রধানকে নিয়ে এর আগে আমরা বসেছি। আলাদা করে বসার সময় হয়ে ওঠে না। কিন্তু একটি শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারের এত ব্যয় অথচ তার আউটপুট শূন্য। এভাবে তো চলতে পারে না।"
পরে তিনি জানান, চিঠি দিয়ে মাদরাসাপ্রধানকে ফলাফল বিপর্যয়ের যথাযথ কারণ বৃহস্পতিবারের মধ্যে বাঘারপাড়া ইউএনওকে জানাতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভূপালী সরকার বলেন, "আলিম ক্লাসের শিক্ষার্থী মানে তাদের বয়স ১৮ বছর হয়নি। কীভাবে তাদের বিয়ে হয়ে যাচ্ছে, বিষয়টির খোঁজখবর নেব।
আরও পড়ুন: আরটির বিশেষ সেমিনারে শতাধিক বাংলাদেশি সাংবাদিকের অংশগ্রহণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন