বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১১:২১ এম
রাজধানী ঢাকায় আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রভাব দেখা যায়নি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে রাজধানীর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সড়কে যানবাহন চলাচল, অফিস-আদালত ও ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম অন্যান্য দিনের মতোই অব্যাহত রয়েছে। কর্মজীবী মানুষ স্বাভাবিকভাবে কর্মস্থলে যাচ্ছেন। দোকানপাট ও বিপণিবিতানও খোলা রয়েছে।
লকডাউন কর্মসূচির ফলে রাজধানীতে জনজীবন অচল হয়ে পড়ার কোনো চিত্র নেই। সকাল থেকেই বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়ি, বাস, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। গণপরিবহন চলাচলও স্বাভাবিক রয়েছে। ফলে কর্মস্থল ও প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষকে কোনো ভোগান্তিতে পড়তে হয়নি।
রাজধানীর বিভিন্ন সড়কে চলাচলকারী সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, লকডাউন কর্মসূচির কারণে তাদের দৈনন্দিন কাজে তেমন কোনো প্রভাব পড়েনি। অফিসগামী মানুষ, ব্যবসায়ী ও কর্মজীবীরা স্বাভাবিকভাবেই তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। তবে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা চান না তারা।
তাদের মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সাধারণ মানুষের জীবনযাত্রা ও জীবিকা যেন ব্যাহত না হয়, সেটি নিশ্চিত করা জরুরি।
সাধারণ মানুষের প্রত্যাশা, রাজধানীতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। তারা চান, কোনো ধরনের সংঘাত, ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের ঘটনা ঘটবে না। স্বাভাবিকভাবে কর্মস্থলে যাওয়া, ব্যবসা-বাণিজ্য পরিচালনা এবং নিরাপদে বাড়ি ফেরার নিশ্চয়তা চান তারা।
যাত্রাবাড়ীতে প্রতিবেদকের সঙ্গে কথা হয় মামুন নামের এক দোকানির। তিনি বলেন, "কিসের লকডাউন। আমরা কোনো লকডাউনের খবর জানি না। তবে নিষিদ্ধ ও পালাতক দল যেভাবে গাড়িতে আগুন, ভাঙচুর করছে-এটা মেনে নেওয়া যায় না। আমরা আমাদের জীবনের স্বাভাবিকতা চাই। কোনো রাজনৈতিক দলের গাড়িতে আগুন দেওয়া কোনো কর্মসূচি হতে পারে না।"
তিনি আরও বলেন, "আওয়ামী লীগের কেউ দেশে নেই, বিদেশে বসে কোন দেশে লকডাউন দিলো সেটাও একটা প্রশ্ন।"
রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। তবে তাদের উপস্থিতির কারণে সাধারণ মানুষের চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়নি। কোথাও কোথাও যানবাহনের স্বাভাবিক চাপ থাকলেও লকডাউনের কারণে সড়ক ফাঁকা হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
এদিকে সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, দোকানপাট ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে দৈনন্দিন কাজকর্ম চলছে। প্রয়োজনীয় কাজে বাইরে বের হওয়া মানুষও স্বাভাবিকভাবে চলাচল করছেন। রাজধানীর ব্যবসা-বাণিজ্য ও পরিবহন খাতেও কর্মসূচির দৃশ্যমান কোনো প্রভাব লক্ষ করা যায়নি।
এর আগে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ও সহিংসতার আশঙ্কা তৈরি হয়। সম্ভাব্য নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা জোরদার করে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি ও টহল বাড়ানো হয়।
রাজনৈতিক পরিস্থিতি ও সম্ভাব্য নাশকতার আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সতর্কতা থাকলেও বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রা সচল রয়েছে। মানুষের দৈনন্দিন কাজকর্ম, যানবাহন চলাচল ও ব্যবসা-বাণিজ্যে লকডাউনের দৃশ্যমান প্রভাব পড়েনি।
মফিজুল ইসলাম নামে এক বেসরকারি চাকরিজীবী ইনকিলাবকে বলেন, "পলাতক কোনো দলের আহ্বান জনগণ মানে না। তারা যদি লকডাউন দিতে চায়, তাহলে দেশে এসে কর্মসূচি দিক। বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার কোনো যৌক্তিকতা নেই। দেশের মানুষের মধ্যে তাদের কোনো অবস্থান নেই।"
সার্বিকভাবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজধানী ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি কার্যত কোনো প্রভাব ফেলতে পারেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মরহুম প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিগত ১৭ বছরের শাসনামলের বিভিন্ন সহিংস কর্মকাণ্ড এবং সাম্প্রতিক সহিংসতার চিত্র তুলে ধরে তীব্র সমালোচনা করেছেন।
বৃহস্পতিবার সকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে পতিত ফ্যাসিবাদের পুনরুত্থান রুখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
মারুফ কামাল বলেন, "লগি-বৈঠার তাণ্ডব থেকে শুরু করে ১৭ বছরে ওরা কতো লোককে নৃশংসভাবে হত্যা করেছে? কতো মানুষকে গুম করেছে? কতো মানুষ, কতো পরিবার নির্যাতিত হয়েছে ওদের পৈশাচিক উল্লাসে, ক্ষমতার মদমত্ততায়?"
তিনি আরও উল্লেখ করেন, "দেশের সর্বস্তরের মানুষের উত্তাল জাগরণ স্তব্ধ করতে ক্ষমতা ছেড়ে পালাবার আগে ওরা শিশু-নারী-তরু সহ দেড় হাজারের বেশি মানুষকে নির্বিচারে গুলি করে মেরেছে।"
স্ট্যাটাসে বিএনপির রাজনীতির সমালোচনা করে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক দিয়েছেন মারুফ কামাল।
ফ্যাসিবাদের পুনরুত্থান রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এই জ্যেষ্ঠ সাংবাদিক বলেন, "অনুশোচনাহীন সন্ত্রাসী ঘাতক পাতক ফ্যাসিবাদের পুনরুত্থানের আশঙ্কাকে রুখতে হবে যে-কোনো মূল্যে, সম্মিলিত প্রতিরোধে। আমরা নিরাপদে বাঁচতে চাই। নির্বিঘ্ন জীবন চাই। আমাদের এই শান্তির জনপদকে আমরা ফের শ্বাপদসংকুল অরণ্যে পরিণত করতে দেব না।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যশোরের চৌগাছার জগদীশপুর তুলা গবেষণা ও বীজ বর্ধন খামার সম্ভাবনা থাকা সত্ত্বেও জনবল ও প্রযুক্তির অভাবে স্থবির হয়ে পড়েছে। কৃষকদের মতে, লাভজনক এই ফসল চাষে সরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধি পেলে পোশাক খাতের কাঁচামাল আমদানির ওপর নির্ভরতা অনেকাংশে কমানো সম্ভব হবে। তবে কেন্দ্রের কর্মকর্তারা নানা সীমাবদ্ধতার মধ্যেও নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনের দাবি করেছেন।
১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দ্বারা প্রতিষ্ঠিত দেশের সবচেয়ে বড় এই তুলা গবেষণা খামারটি পরবর্তী সময়ে পর্যাপ্ত অর্থ বরাদ্দ ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে কাঙ্ক্ষিত বিকাশ অর্জন করতে পারেনি। বিশেষ করে তীব্র জনবল সংকট এবং আধুনিক প্রযুক্তির অভাবে প্রতিষ্ঠানটি কার্যক্রম চালাতে বাধ্য হচ্ছে।
স্থানীয় কৃষকরা জানান, ধানসহ অন্যান্য প্রচলিত ফসলের তুলনায় তুলা চাষ অধিক লাভজনক হলেও দেশে এর আবাদ সেভাবে বাড়েনি। সরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধি পেলে তুলার চাষ বহুগুণে বৃদ্ধি পেত। কৃষকরা লাভবান হতেন এবং দেশের পোশাকশিল্পের জন্য তুলা আমদানির ওপর নির্ভরতা কমতো। পাশাপাশি বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমাতেও এটি সহায়ক হতো।
এক তুলা চাষি আমজাদ হোসেন বলেন, বর্তমান প্রেক্ষাপটে ধান ও পাটের তুলনায় তুলা চাষ অনেক বেশি লাভজনক। এক বিঘা জমিতে ধান চাষে ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ হলেও বিক্রির পর সবসময় লাভ হয় না। অথচ সঠিক পরিচর্যার মাধ্যমে প্রতি বিঘা তুলা চাষে খরচ হয় মাত্র ১২ হাজার টাকা। বিঘাপ্রতি ১৬ থেকে ১৭ মণ তুলা উৎপাদন হয়, যার বাজারদর মণপ্রতি ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকা। এতে বিঘাপ্রতি ৬০ থেকে ৬৫ হাজার টাকা আয় হয়, খরচ বাদে লাভ থাকে ৪০ থেকে ৪৫ হাজার টাকা।
আলিম হোসেন নামে আরেক কৃষক বলেন, সিবি হাইব্রিড-১, রুপালি গোল্ড ও ডিএম-৪ জাতের তুলা চাষে সার ও কীটনাশকের বড় একটি অংশ সরকারিভাবে দেয়া হয়। কৃষকদের জন্য বাকি সামান্য খরচ বহন করতে হয়। জুলাইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত তুলা রোপণ করা হয়। বিঘাপ্রতি ১৫ থেকে ১৬ মণ তুলা পাওয়া যায়, যা মণপ্রতি প্রায় ৪ হাজার টাকায় বিক্রি হয়। এতে বিঘাপ্রতি ৫০ থেকে ৫৫ হাজার টাকা আয় হয়, যা ধান চাষের চেয়ে অনেক লাভজনক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘আমি মরা ভাই নেব না, আমার ভাই জীবিত মিছিলে গেছে’ এই আহাজারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে, যা নিহত বিএনপি নেতার বোনের। নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহতদের মধ্যে উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলাম এবং উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা রয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটে। হামলার স্থান ছিল উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়। ঘটনার পর স্বজন ও নেতাকর্মীদের আহাজারি করতে দেখা যায়। নিহত সোহেল রানার বোন কান্নারত অবস্থায় বলেন, ‘আমি মরা ভাই নেব না, আমার ভাই জীবিত মিছিলে গেছে।’
দেশের বিভিন্ন স্থানে আগুন-সন্ত্রাস, ভাঙচুর, পেট্রোলবোমা নিক্ষেপসহ নাশকতা চালিয়ে জনমনে ভয়-ভীতি সঞ্চারের চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার রাতে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে বাস-ট্রাক-ভবনে ভাঙচুর-অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধ করে আওয়ামী নেতাকর্মীরা। এমনকি হাসপাতালেও ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়। আগের রাতে ট্রেনে আগুন দেওয়া হয়েছিল।
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা গেছেন এক হেলপার। নারায়ণগঞ্জে বাস, লেগুনা ও ট্রেনে আগুন দেওয়া হয়েছে। পিরোজপুরের নাজিরপুরে ব্যবসাপ্রতিষ্ঠান পুড়েছে। ইউনিয়ন পরিষদে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়, বিএনপির কার্যালয় ও রেলস্টেশনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কোথাও পেট্রোলবোমা নিক্ষেপ, কোথাও ককটেল বিস্ফোরণ এবং কয়েকটি স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা আওয়ামী লীগের ককটেল হামলায় উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা প্রাণ হারান। চট্টগ্রামের পাঁচলাইশে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।
কালিয়ায় বিএনপির মিছিলে হামলায় নিহত ২
নড়াইলের পুলিশ সুপার শিকদার আল-মামুন জানান, নিহত শেখ শাহীন কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের নিছার উদ্দিনের ছেলে এবং সোহেল বড় কালিয়া গ্রামের মোতালেব মোল্যার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যার পর কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অর্ধশত মোটরসাইকেল ও গাড়ি নিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শোভাযাত্রা বের করেন। সেটি বেন্দারচর গ্রামের রাস্তা দিয়ে বটগাছের উত্তর পাশের সড়ক হয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বিএনপি নেতাকর্মীরা জানান, আগে থেকেই সেখানে অবস্থান নিয়েছিল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন থেকে চারশ নেতাকর্মী। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলায় বিএনপির কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। এদের মধ্যে শেখ শাহিন, সোহেল মোল্লা ও কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমানকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবনতি ঘটলে খুলনা নেওয়ার পথে শাহীন ও সোহেল মারা যান।
বাসে আগুনে হেলপারের মৃত্যু
পিরোজপুরের ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বুধবার ভোর ৪টার দিকে এ ঘটনায় ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা যান মো. সিয়াম হাওলাদার। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ইদিলকাঠি গ্রামের কৃষক কবির হোসেন হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বাসস্ট্যান্ডে বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাস দাঁড়িয়ে ছিল। দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়। টহল পুলিশ আগুন দেখে আশপাশের বাসে ঘুমিয়ে থাকা ব্যক্তিদের সরিয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে সিয়ামের লাশ উদ্ধার করেন। ভাণ্ডারিয়া থানার ওসি মো. জগলুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
সিয়াম দীর্ঘদিন পিরোজপুর-মঠবাড়িয়া রুটে বাসের হেলপার হিসাবে কাজ করতেন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। ছোট ভাই সিফাত হাফেজি মাদ্রাসার শিক্ষার্থী। ছয় বছর আগে ক্যানসারে মারা যান সিয়ামের মা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছে পরিবারটি। সিয়ামের সৎ-মা শিল্পী বেগম বলেন, ‘আমাদের সংসারের একমাত্র উপার্জনকারী ছিল সিয়াম। ওকে হারিয়ে আমরা এখন পুরোপুরি অসহায় হয়ে পড়লাম।’
ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
বুধবার রাতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ওই বাড়িতে কেয়ারটেকার ছাড়া কেউ থাকেন না। রাতের আঁধারে ঘটনাটির কোনো প্রত্যক্ষদর্শীর বক্তব্য পাওয়া যায়নি। তবে বাউন্ডারি ঘেরা ওই বাড়ির ভেতরে আগুন জ্বলতে দেখা যায়। আগুনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া বুধবার রাতে নগরীর নিউমার্কেটে একের পর এক ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দোকান পুড়ল, ইউপি ভবনে আগুন
পিরোজপুরের নাজিরপুরে গভীর রাতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে কবিরাজবাড়ী বাজারের চারটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। একই রাতে শাখারিকাঠি ইউনিয়ন পরিষদ ভবনেও আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এছাড়া মাটিভাঙ্গা ইউনিয়নের অতুলনগরে পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কেও কাঠ জড়ো করে আগুন দেওয়া হয়। মাদারীপুরের শিবচর ও জাজিরা উপজেলার সীমান্ত এলাকায় বুধবার রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাছ কেটে ফেলে যান চলাচল বন্ধ করে দেয় দুর্বৃত্তরা।
বাস, লেগুনা ও ট্রেনে আগুন
রাজধানীর পল্লবীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বিকাল ৫টার দিকে পল্লবী থানার সাগুফতা ফুড কোর্টের সামনে এ ঘটনা ঘটে। পরে বাসের কর্মচারী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এছাড়া শাহজাহানপুর ও শ্যামপুরে ককটেল বিস্ফোরণ ঘটেছে। শাহজাহানপুরের বিস্ফোরণে নাসিমা বেগম (৪০) নামে এক নারী গুরুতর আহত হন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় এক রাতেই তিনটি বাস, দুটি লেগুনা ও একটি ট্রেনে অগ্নিসংযোগ করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পশ্চিম চান্দরা এলাকায় একটি মিনি কাভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। রংপুর নগরীর পর্যটনপাড়ায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসেও মঙ্গলবার গভীর রাতে আগুন দেওয়া হয়। বাসে তখন কোনো যাত্রী বা চালক ছিলেন না। বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা এলাকায় একটি ট্রাক লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। একই রাতে উপজেলার খাঞ্জাপুরের ফকিরবাড়ি এলাকায় মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে আগুন দেওয়া হয়।
বিএনপির কার্যালয় ও বাড়িতে অগ্নিসংযোগ
নেত্রকোনার বারহাট্টায় চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এতে কার্যালয়ের পাশাপাশি পাশের একটি লাকড়ির দোকান পুড়ে যায়। একই উপজেলার পরিত্যক্ত অতিথপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মেও আগুন ধরানো হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি নেতা ও কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর বাড়ির প্রধান দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে।
গ্রামীণ ব্যাংকের একাধিক কার্যালয়ে আগুন
চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিস ও ঢেমশা শাখার ভবনের প্রধান ফটকে আগুন দেওয়া হয়েছে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়।
টাঙ্গাইলের বাসাইলে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। নৈশপ্রহরী ও কর্মকর্তারা পানি ও বালি দিয়ে আগুন নেভান। ফরিদপুরের সালথায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা করা হলে ব্যবস্থাপক ও কর্মীরা দ্রুত তা নিভিয়ে ফেলেন।
হবিগঞ্জের নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কালিয়ারভাঙ্গা শাখার সাইনবোর্ড ও ব্যানারে আগুন দেওয়া হয়। রাজশাহীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের জোনাল অফিস, জোনাল অডিট অফিস ও বিভাগীয় কার্যালয় লক্ষ্য করে তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হেলমেট পরা দুই যুবককে বোমা নিক্ষেপ করতে দেখা যায়।
বরিশাল নগরীর সিএন্ডবি সড়কে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসেও পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। একই সময়ে বিএম কলেজের মসজিদ গেটের সামনের সড়কে আগুন ধরিয়ে দেয় সাত থেকে আটজনের একটি দল।
ককটেল বিস্ফোরণ, ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার
বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে মাটিডালী এলাকায় এ ঘটনা ঘটে। ককটেল ছুড়ে স্লোগান দিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায় তারা।
নাটোরের গুরুদাসপুরে চাপিলা ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। মঙ্গলবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি স্থান থেকে লাল টেপে মোড়ানো ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, বস্তুগুলো প্রকৃত বোমা কি না, তা পরীক্ষা করে নিশ্চিত হওয়া যাবে।
খুলনায় রাতে জজকোর্টের বারান্দায় ও সার্কিট হাউসের মাঠে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। পর পর দুটি বিস্ফোরণ ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ইয়াসামিন আনসারি যুক্তরাষ্ট্রের ইরানে আক্রমণাত্মক সামরিক অভিযানে সরকারি অর্থ ব্যয় বন্ধের জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আগামী ১১ ডিসেম্বর সরকারের অর্থায়ন সংক্রান্ত সময়সীমার আগে এই দাবি উত্থাপন করেন। একই আহ্বান জানিয়ে ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য রো খান্নাও তার সাথে রয়েছেন।
গত বুধবার (১৮ নভেম্বর) আনসারি ও খান্না এক বিবৃতিতে বলেন, ইরানে আক্রমণাত্মক সামরিক অভিযানে অর্থ ব্যয় নিষিদ্ধ করার জন্য যদি সুস্পষ্ট বিধান না থাকে, তাহলে তাঁরা কোনো অর্থায়ন প্যাকেজে সমর্থন দেবেন না। তাঁদের মতে, কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে যুদ্ধের অর্থায়ন বন্ধ করা উচিত।
একই দিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে আনসারি উল্লেখ করেন, ‘করদাতাদের অর্থের আর এক পয়সাও ট্রাম্পের বেপরোয়া ও নিজের পছন্দে শুরু করা যুদ্ধে ব্যয় করা উচিত নয়। এই যুদ্ধে অর্থায়ন বন্ধ করার ক্ষমতা কংগ্রেসের রয়েছে। আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে।’
গত সপ্তাহে আনসারি ইরান যুদ্ধ পরিচালনায় পেন্টাগনের নেতৃত্বের ভূমিকা তদন্তের দাবি জানান। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ভূমিকা নিয়ে তদন্ত শুরু করার আহ্বান জানিয়ে তিনি অভিযোগ করেন, প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা বেআইনি নির্দেশ বাস্তবায়ন করেছেন। এতে মার্কিন সেনাসদস্যদের জীবন ঝুঁকিতে পড়েছে এবং ২৩ জন নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
আনসারির অভিযোগ, ইরান যুদ্ধ পরিচালনায় মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত ও সামরিক নেতৃত্বের ভূমিকা নিয়ে জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। তথ্যসূত্র: আল-জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ