ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নির্বাচনি কার্যক্রমে দায়িত্বশীল আচরণ ও জনগণের আস্থা অর্জনের আহ্বান অধ্যক্ষ জহির উদ্দিনের


নির্বাচনি কার্যক্রমে দায়িত্বশীল আচরণ ও জনগণের আস্থা অর্জনের আহ্বান অধ্যক্ষ জহির উদ্দিনের

বরিশাল মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর নির্বাচনি কার্যক্রমে দায়িত্বশীল আচরণ এবং জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন।

তিনি শনিবার বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ‘কর্মী শিক্ষা শিবির-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এই শিক্ষা শিবিরে উপজেলার বিভিন্ন পর্যায়ের পাঁচ শতাধিক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর উল্লেখ করেন, ‘একজন দায়িত্বশীল কর্মীর প্রথম কাজ হলো নিজের আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার উন্নয়ন ঘটানো। সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে হলে কর্মীদের নিয়মিত জ্ঞানচর্চা, আত্মশুদ্ধি এবং মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে।’

আরও পড়ুন: হাসনাত কাইয়ূম: অপকর্মের বিচার ছাড়া আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সুযোগ নেই

তিনি আরও বলেন, ‘দাওয়াতি কার্যক্রমের ক্ষেত্রে ধৈর্য, প্রজ্ঞা, উত্তম আচরণ ও মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি যেকোনো রাজনৈতিক ও নির্বাচনি কার্যক্রমে দায়িত্বশীল আচরণ এবং জনগণের আস্থা অর্জন করতে হবে।’

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাজু, বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. মাহমুদুন্নবী এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ।

বাবুগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুস সালাম মাঝির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. ফারুক হোসেন, জামায়াত নেতা সৈয়দ আলতাফ হোসেন, মোহাম্মদ জাকির হোসেন মাস্টার, মাওলানা মোহাম্মদ এরশাদ হোসাইন এবং রহমতপুর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মাস্টার মো. দেলোয়ার হোসাইন।

এ ছাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আলী হোসেন ও সেক্রেটারি মাওলানা মো. দেলোয়ার হোসাইন, ব্যবসায়ী বিভাগের সভাপতি মো. রুহুল আমিন (আল-আমিন) ও সেক্রেটারি আলহাজ্ব মো. মিজানুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. নোমান হোসাইন ও সাধারণ সম্পাদক ফাইজুল হক সোহাগ এবং উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. কামাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পরিবেশ প্রতিমন্ত্রী: যারা নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে যায়, তারা আর ফেরে না

দিনব্যাপী এ শিক্ষা শিবিরে কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দাওয়াতি কার্যক্রমের কৌশল, দায়িত্বশীলতা এবং স্থানীয় নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধান বিচারপতি আদালতবান্ধব পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


প্রধান বিচারপতি আদালতবান্ধব পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেছেন

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বিচারপ্রার্থীদের জন্য আদালতবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেছেন।

আজ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে কর্মরত বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি একটি অভিভাষণ প্রদান করেন।

চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বিচারপতি চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা- চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে কর্মরত বিচারকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

তিনি তার বক্তব্যে বিচারপ্রক্রিয়ায় গতিশীলতা আনার, মামলা ব্যবস্থাপনার আধুনিকায়ন, বিচারিক দক্ষতা বৃদ্ধি, সময়ের সঠিক ব্যবহার এবং বিচারপ্রার্থীদের জন্য আদালতবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

প্রধান বিচারপতি বিচারিক কার্যক্রমকে আরও বিশেষায়িত ও কার্যকর করার লক্ষ্যে বিশেষায়িত বিচারিক পদ সৃষ্টির প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা ও কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন সংশোধন সম্পন্ন হলে সংশ্লিষ্ট আদালতে বিচারক পদায়নের উদ্যোগ নেওয়া হবে। বিচারকদের জ্ঞান, দক্ষতা ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ প্রশিক্ষক এনে বাংলাদেশে বিচারকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

প্রধান বিচারপতি মামলার এবং আদালত ব্যবস্থাপনার মাধ্যমে বিচারকদের নির্ধারিত সময়ের মধ্যে কার্যকরভাবে মামলা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিচারকদের তাদের সামর্থ্য অনুযায়ী কার্যতালিকা প্রণয়ন, শুনানি শেষে উন্মুক্ত আদালতে পরবর্তী তারিখ ঘোষণা, মামলার নথির নিরাপত্তা এবং দ্রুত সার্টিফায়েড কপি সরবরাহ নিশ্চিত করতে হবে।

বিচারকদের ব্যক্তিগত আচরণ ও পেশাগত শৃঙ্খলা সম্পর্কে প্রধান বিচারপতি বলেন, একজন বিচারকের আচরণ আদালতের এজলাসের বাইরেও বিচারকের মর্যাদা, দায়িত্ববোধ ও ব্যক্তিত্বের প্রতিফলন ঘটাতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে বিচারকদের সতর্ক ও দায়িত্বশীল থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এজলাসে বসে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং মোবাইল ফোন বহন থেকে বিরত থাকতে নির্দেশনা প্রদান করেন তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিষয়ে প্রধান বিচারপতি বলেন, বিচারকগণ প্রয়োজনীয় তথ্য ও আইনি রেফারেন্স অনুসন্ধানের ক্ষেত্রে এআই ব্যবহার করতে পারেন; তবে রায় প্রস্তুত বা রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না। রায়ের অপারেটিভ অংশ অবশ্যই সংশ্লিষ্ট বিচারককে নিজ হাতে ও নিজস্ব বিচারিক বিবেচনায় লিখতে হবে। বিচারিক সিদ্ধান্ত গ্রহণে বিচারকের নিজস্ব মেধা, মনন ও আইনগত বিশ্লেষণই প্রাধান্য পাবে।

বিচারিক সিদ্ধান্ত গ্রহণে সামাজিক বাস্তবতা ও মানবিক দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, বিচারকার্য পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট মামলার আইনগত দিকের পাশাপাশি দেশের সামাজিক অবস্থা ও বাস্তবতাও বিবেচনায় নিতে হবে। মাদক ও অস্ত্রসংক্রান্ত মামলার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।

তিনি বিচারপ্রার্থীদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি প্রত্যেক জেলা আদালতে ডে-কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ গ্রহণের কথা জানান।

আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, আইনজীবীদের অনেক ক্ষেত্রে অকারণে দীর্ঘ সময় গ্রহণের প্রবণতা পরিহার করতে হবে। শুনানির জন্য প্রয়োজনীয় সময় সীমিত ও সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে হবে। সময় মঞ্জুর করাকে নিয়মিত বা রুটিন কার্যক্রমে পরিণত করা যাবে না। তিনি বলেন, আদালতের সময় অত্যন্ত মূল্যবান এবং এর যথাযথ ব্যবহারের মাধ্যমে মামলা নিষ্পত্তিতে গতি আনতে হবে।

অনুষ্ঠানে নিম্ন আদালত মনিটরিং কমিটি চট্টগ্রাম-১ এর দায়িত্বপ্রাপ্ত বিচারপতি এস এম কুদ্দস জামান, চট্টগ্রাম-২ এর দায়িত্বপ্রাপ্ত বিচারপতি আহমেদ সোহেল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিনসহ সংশ্লিষ্ট বিচারিক কর্মকর্তারা বক্তৃতা করেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারিক কর্মকর্তারা তাদের বিচারিক অভিজ্ঞতা, পেশাগত প্রত্যাশা এবং অধস্তন আদালতের বিচারকার্য পরিচালনার নানা দিক তুলে ধরেন। এ সময় আরও বক্তৃতা করেন কক্সবাজার জেলার কুতুবদিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম জেলা ও দায়রা জজ, লক্ষ্মীপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চাঁদপুর পারিবারিক আপিল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ), রাঙামাটি, নোয়াখালী ও চট্টগ্রামের জেলা ও দায়রা জজ এবং চট্টগ্রাম মহানগর দায়রা জজ।

বক্তারা বিচারপ্রার্থীদের দ্রুত ও কার্যকর বিচারসেবা প্রদান, মামলা দ্রুত নিষ্পত্তি, বিচারিক কার্যক্রমে পেশাগত দক্ষতা ও উৎকর্ষ বৃদ্ধি এবং বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করার বিষয়ে তাদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও মতামত তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যাশনাল লাইফ ডিআরইউর দুই সদস্যের বিমা দাবির অর্থ পরিশোধ করেছে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


ন্যাশনাল লাইফ ডিআরইউর দুই সদস্যের বিমা দাবির অর্থ পরিশোধ করেছে

দেশের শীর্ষস্থানীয় জীবন বিমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দুই সদস্যের বিমা দাবির অর্থ পরিশোধ করেছে গ্রুপ বিমা চুক্তির আওতায়।

বুধবার, ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিমা দাবির চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি ডিআরইউর প্রয়াত সদস্য আবু হেনা রাসেলের পরিবারের কাছে মৃত্যুজনিত বিমা দাবির তিন লাখ টাকা এবং সদস্য রফিকুল ইসলামের গুরুতর অসুস্থতাজনিত বিমা দাবির ৭০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

এ সময় ডিআরইউর কল্যাণ সম্পাদক রফিক মৃর্ধা, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা এবং ন্যাশনাল লাইফের জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শন

বগুড়া, ২১ নভেম্বর, ২০২৬ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী কলেজটি পরিদর্শন করেন। এ সময় তিনি উল্লেখ করেন যে, এই মেডিকেল কলেজটি স্বাস্থ্য খাতে মানসম্মত এবং দক্ষ চিকিৎসক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী কলেজটিতে ধাপে ধাপে শিক্ষার্থী ভর্তির আসনসংখ্যা বৃদ্ধি করার বিষয়ে আশ্বাস প্রদান করেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এম এ মুহিত বগুড়া সেনানিবাসে আয়োজিত সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী প্রতিষ্ঠানটির শিক্ষক, চিকিৎসক এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

এ সময় তিনি এই মেডিকেল কলেজটির দেশের স্বাস্থ্য খাতে মানসম্মত এবং দক্ষ চিকিৎসক তৈরিতে ভূমিকার প্রশংসা করেন। মতবিনিময় সভায় কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থী আসনসংখ্যা বাড়ানোর দাবি জানায়, যা প্রতিষ্ঠানের ক্রমবর্ধমান চাহিদা ও সক্ষমতার সঙ্গে সম্পর্কিত। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করে ধাপে ধাপে আসন বৃদ্ধির ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

পরে কলেজের জ্যেষ্ঠ চিকিৎসক ও কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবন ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা প্রদর্শন করেন।

আর্মি মেডিকেল কলেজ পরিদর্শনের পূর্বে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী বগুড়া সেনানিবাসের ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি হাসপাতালের সামগ্রিক চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আর্মি মেডিকেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম আজাদ, আর্মি মেডিকেল কলেজের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব,) মো. সোহরাব হোসাইন এবং বগুড়া সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউল করিম প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শের-ই-বাংলা মেডিকেলে মাসুম-ইয়ামিন সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ, কমিশন বাণিজ্যে জিম্মি রোগীরা!

আন্তর্জাতিক ডেস্ক

মাছুদুর রহমান আসলাম স্টাফ রিপোর্টার বরিশাল

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


শের-ই-বাংলা মেডিকেলে মাসুম-ইয়ামিন সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ, কমিশন বাণিজ্যে জিম্মি রোগীরা!

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স বাণিজ্য ঘিরে মাসুম ও ইয়ামিন নামে দুই ব্যক্তির বিরুদ্ধে শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলা, চালকদের কাছ থেকে নিয়মিত কমিশন আদায় এবং সাধারণ রোগীদের জিম্মি করে রাখার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, হাসপাতালে রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স প্রবেশ ও ভাড়া দেওয়ার ক্ষেত্রে তাঁদের নির্ধারিত কমিশন দিতে হয়। কমিশন দিতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট অ্যাম্বুলেন্স চালকদের হাসপাতালে প্রবেশে বাধা দেওয়া হয়। এমনকি আনসার সদস্যদের ব্যবহার করে অ্যাম্বুলেন্স আটকে দেওয়ারও অভিযোগ করেছেন কয়েকজন চালক।

হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ একটি সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অ্যাম্বুলেন্স পরিবহনকে কেন্দ্র করে এমন অভিযোগ জনস্বার্থে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে জরুরি চিকিৎসার প্রয়োজনে দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাঁদের স্বজনদের কাছে অ্যাম্বুলেন্স সেবা যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে কমিশন বাণিজ্যের অভিযোগ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

অভিযোগের সূত্রে জানা গেছে, মাসুম ও ইয়ামিন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চুক্তিভিত্তিক ঝাড়ুদার পদে নিয়োগ পেয়েছিলেন। তবে তাঁদের কিছুটা গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকায় হাসপাতালের চালকসংকটের সময় তাঁরা উপপরিচালক ও পরিচালকের গাড়ি চালানোর দায়িত্ব পালন করেন। এ সুযোগকে কাজে লাগিয়ে হাসপাতালের ভেতরে তাঁরা প্রভাবশালী অবস্থান তৈরি করেন বলে অভিযোগ রয়েছে।

পরবর্তী সময়ে হাসপাতালের গাড়িচালকসংকট কেটে গেলেও তাঁরা আর আগের পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্বে ফিরে যাননি বলে অভিযোগকারীরা জানিয়েছেন। বরং হাসপাতালের অভ্যন্তরে নিজেদের প্রভাব বজায় রেখে অ্যাম্বুলেন্স পরিচালনা ও ভাড়া নিয়ন্ত্রণের একটি বলয় গড়ে তুলেছেন বলে অভিযোগ উঠেছে।

একাধিক অ্যাম্বুলেন্সচালকের অভিযোগ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কোনো রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স নিয়ে প্রবেশ করতে হলে মাসুম ও ইয়ামিনকে নির্ধারিত কমিশন দিতে হয়। রোগীর স্বজনেরা সরাসরি কোনো চালকের সঙ্গে যোগাযোগ করে অ্যাম্বুলেন্স ভাড়া ঠিক করলেও ওই চালককে তাঁদের কমিশন দিতে হয়।

অভিযোগ রয়েছে, কমিশন দিতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট অ্যাম্বুলেন্সকে হাসপাতালের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। এ ক্ষেত্রে আনসার সদস্যদের ব্যবহার করে অ্যাম্বুলেন্স আটকে দেওয়া কিংবা প্রবেশে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগও রয়েছে।

চালকদের দাবি, অ্যাম্বুলেন্সটি কার, কোথা থেকে এসেছে কিংবা রোগীর সঙ্গে আগে থেকে ভাড়া নির্ধারণ করা হয়েছে কি না—এসব বিষয় বিবেচনায় না নিয়ে নির্দিষ্ট কমিশন আদায়ের চাপ দেওয়া হয়। ফলে রোগী ও স্বজনদের সঙ্গে চালকদের বিরোধ তৈরি হচ্ছে। অনেক সময় জরুরি রোগী পরিবহনের বিষয়টিও এই কমিশনকেন্দ্রিক জটিলতায় বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

অ্যাম্বুলেন্সচালকদের কাছ থেকে বাড়তি কমিশন বা চাঁদা আদায়ের চাপ সৃষ্টি করা হলে এর আর্থিক দায় শেষ পর্যন্ত বহন করতে হয় অসহায় সাধারণ রোগী ও তাঁদের স্বজনদের। কারণ, চালকরা নিজেদের উপার্জন থেকে এই অতিরিক্ত অর্থ পরিশোধ করতে বাধ্য হলে তা পুষিয়ে নিতে অ্যাম্বুলেন্সের ভাড়ার সঙ্গে বাড়তি টাকা যুক্ত করার আশঙ্কা থাকে। ফলে জরুরি চিকিৎসার প্রয়োজনে হাসপাতালে আসা রোগীদের পরিবহন ব্যয় বেড়ে যায়। বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের রোগীদের জন্য এই বাড়তি ব্যয় আরও বড় বোঝা হয়ে দাঁড়ায়।

চালকদের ভাষ্য, রোগীর স্বজনদের সঙ্গে সরাসরি ভাড়া নির্ধারণ করলেও নির্দিষ্ট ব্যক্তিদের কমিশন দিতে হয় বলে অভিযোগ রয়েছে। এতে একদিকে চালকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে সেই চাপের প্রভাব পড়ছে রোগীদের পকেটে। অর্থাৎ অ্যাম্বুলেন্স বাণিজ্য ঘিরে কথিত কমিশন ব্যবস্থার আর্থিক বোঝা শেষ পর্যন্ত সাধারণ মানুষের কাঁধেই গিয়ে পড়ছে।

অভিযোগকারীদের দাবি, সাধারণ ঝাড়ুদার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মাসুম ও ইয়ামিন বর্তমানে একাধিক অ্যাম্বুলেন্সের মালিক হয়েছেন। হাসপাতালকেন্দ্রিক অ্যাম্বুলেন্স ব্যবসা ও কমিশন বাণিজ্যের মাধ্যমে তাঁরা বিপুল সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

তবে তাঁদের নামে থাকা অ্যাম্বুলেন্সের সংখ্যা, সম্পদের পরিমাণ এবং এসব সম্পদের উৎস সম্পর্কে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগগুলোর সত্যতা নিরূপণে সংশ্লিষ্ট নথিপত্র, সম্পদের বিবরণ এবং হাসপাতালের অভ্যন্তরীণ দায়িত্ব বণ্টন খতিয়ে দেখা প্রয়োজন।

একাধিক অ্যাম্বুলেন্সচালক জানান, হাসপাতালের বাইরে থেকে রোগীর স্বজনদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে অ্যাম্বুলেন্স ভাড়া নির্ধারণ করলেও তাঁদের কমিশন দিতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে চালকদের উপার্জনের একটি অংশ চলে যাচ্ছে। অন্যদিকে রোগীর স্বজনদের ওপরও অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হচ্ছে।

চালকদের দাবি, অ্যাম্বুলেন্সে কী ধরনের রোগী পরিবহন করা হচ্ছে, রোগীর অবস্থা কতটা সংকটাপন্ন কিংবা ভাড়া কীভাবে নির্ধারণ করা হয়েছে—এসব বিবেচনার বাইরে রেখে কমিশন আদায়ের চাপ দেওয়া হয়। এ নিয়ে মাঝেমধ্যেই রোগীর স্বজনদের সঙ্গে অ্যাম্বুলেন্সচালকদের তর্ক-বিতর্ক ও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এ পরিস্থিতিতে ক্ষুব্ধ অ্যাম্বুলেন্সচালকদের একটি অংশ বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রতিবাদ এবং মানববন্ধন করার পরিকল্পনা করছেন বলেও জানা গেছে।

অ্যাম্বুলেন্সচালকদের অভিযোগ, মাসুম ও ইয়ামিনের হাসপাতালকেন্দ্রিক প্রভাবের পেছনে উপপরিচালক (ডিডি) নাজমুলের আশ্রয়-প্রশ্রয় রয়েছে। তাঁদের অভিযোগ, ডিডি নাজমুলের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই তাঁরা হাসপাতালে প্রভাব বিস্তার করতে পারছেন।

এ বিষয়ে আব্বাস নামে এক অ্যাম্বুলেন্সচালক অভিযোগ করে বলেন, “মাসুম-ইয়ামিনের খুঁটির জোর হচ্ছে ডিডি নাজমুল স্যার।”

তবে ডিডি নাজমুলের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

মাসুম ও ইয়ামিনের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে তালাশ বিডির বরিশাল অফিস থেকে ইয়ামিনের মুঠোফোনে যোগাযোগ করা হয়। প্রথমবার ফোন করলে তিনি কল কেটে দেন। পরবর্তী সময়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো বক্তব্য না দিয়ে অভিযোগকারীদের পরিচয় জানতে চান। পরে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

অন্যদিকে মাসুমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক (ডিডি) নাজমুল সাহেবের মুঠোফোনে যোগাযোগের পাশাপাশি হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে অভিযোগগুলোর বিষয়ে তাঁর বক্তব্য জানতে চাওয়া হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো উত্তর পাওয়া যায়নি।

সরকারি হাসপাতালের সেবা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত নিয়ন্ত্রণে থাকার সুযোগ নেই। রোগী পরিবহনের মতো জরুরি সেবাকে কেন্দ্র করে কমিশন আদায়, অ্যাম্বুলেন্স প্রবেশে বাধা কিংবা প্রভাব খাটানোর অভিযোগ সত্য হলে তা অত্যন্ত গুরুতর অনিয়ম। এতে শুধু সাধারণ অ্যাম্বুলেন্সচালকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, সরাসরি ভোগান্তিতে পড়ছেন চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা।

সংশ্লিষ্ট অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, হাসপাতালের অ্যাম্বুলেন্স প্রবেশ ও চলাচল ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করা এবং কোনো ধরনের অবৈধ কমিশন বা চাঁদাবাজি হচ্ছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। একই সঙ্গে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা এবং অভিযোগে উঠে আসা ব্যক্তিদের সম্পদের উৎসও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন অভিযোগকারী চালকরা।

এখন প্রশ্ন হচ্ছে, সরকারি হাসপাতালের ভেতরে অ্যাম্বুলেন্স সেবাকে কেন্দ্র করে যদি সত্যিই কোনো সিন্ডিকেট গড়ে ওঠে, তাহলে তার দায়ভার কে নেবে? আর জরুরি চিকিৎসার প্রয়োজনে হাসপাতালে আসা সাধারণ রোগীদের এই ভোগান্তি ও বাড়তি আর্থিক বোঝা থেকে মুক্তি দেবে কে?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%