০৯:২৮ পি.এম
ঢাকা, ৭ অক্টোবর, ২০২৬ : রাজধানীর মতিঝিলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ করার পাশাপাশি প্রয়োজনীয় সনদ ও প্রমাণক প্রদর্শনে ব্যর্থতার কারণে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা আরোপ করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
আজ বুধবার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এই জরিমানা কার্যকর করা হয়।
অভিযানের সময় হোটেলটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পাওয়া যায়। রান্নাঘরের মেঝে ছিল নোংরা ও স্যাঁতসেঁতে। এছাড়া, ঢাকনাবিহীন অবস্থায় ময়লাপূর্ণ পাত্রও পাওয়া যায়।
আরও পড়ুন: কক্সবাজারে ৮ বছর পর ছোট ভাই হত্যার অভিযোগে বড় ভাই গ্রেফতার
মোবাইল কোর্টের কর্মকর্তাদের মতে, হোটেলটিতে কোনো ধরনের লেবেল ছাড়া ঘি সংরক্ষণ ও ব্যবহার করা হচ্ছিল। একই সঙ্গে খাদ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ ব্যবহার করতে দেখা যায়নি।
এছাড়া, হোটেল কর্তৃপক্ষ পানি পরীক্ষার সনদ ও পেস্ট কন্ট্রোলের প্রমাণক প্রদর্শনে ব্যর্থ হয়।
এসব অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী হোটেলটিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য অফিসার, ঢাকা মেট্রোপলিটন মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল অংশগ্রহণ করে।
আরও পড়ুন: রাজশাহীর মোহনপুরে বাড়ির পাশের পানের বরজে নারীকে হত্যার অভিযোগ
কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন