০৯:১৭ পি.এম
কুড়িগ্রামের উলিপুরে এক নারী আত্মহত্যা করেছেন, যিনি সমাজের অপবাদ সহ্য করতে না পেরে গোয়ালঘরে ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন। নাজমা খাতুন (৪৪) নামের ওই নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে রোববার (২৫ অক্টোবর) দুপুরে, উপজেলার পশ্চিম নাওড়া এলাকায়।
নাজমা খাতুন ফেসবুকে মুসলিম পরিচয়ে পরিচিত এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। যুবকটি প্রেমিকার বাড়িতে সাক্ষাৎ করতে এলে তাকে আটক করা হয়। বিয়ের আয়োজন চলাকালীন ওই যুবক হিন্দু বলে শনাক্ত হওয়ায় এলাকাবাসী বিয়ে বন্ধ করে দেন। পরে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যস্থতায় লাখ টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা হয় এবং নাজমা খাতুন আত্মহত্যা করেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৬ মাস ধরে নাজমা খাতুনের সঙ্গে সাইদুর রহমান পলাশের প্রেম চলছিল। পলাশ নিজেকে রেল পুলিশের সদস্য বলে দাবি করেন এবং বিভিন্ন অজুহাতে নাজমার কাছ থেকে স্বর্ণসহ ৩০ হাজার টাকা হাতিয়ে নেন।
আরও পড়ুন: তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিমগাছের চারা ও মগ বিতরণ করলেন মীর শাহে আলম
গত শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় পলাশ নাজমার সঙ্গে দেখা করতে পশ্চিম নাওড়া এলাকায় যান। সেখানে অপরিচিত যুবকের উপস্থিতি সন্দেহজনক হলে এলাকাবাসী উভয়কে আটক করেন। এরপর রাতেই বিয়ের আয়োজন করা হয়। বিয়ের রেজিস্ট্রির জন্য যুবকের জাতীয় পরিচয়পত্র চাইলে তার সঠিক পরিচয় বেরিয়ে আসে।
জানা যায়, পলাশ আসলে দুলাল চন্দ্র (৫৩) নামে একজন, যিনি পার্শ্ববর্তী পান্ডুল ইউনিয়নের খোঁচাবাড়ি এলাকার বাসিন্দা। বিবাহ আয়োজন বন্ধ হয়ে গেলে স্থানীয় প্রভাবশালী মহল বিষয়টি মীমাংসা করতে বসেন।
স্থানীয়রা অভিযোগ করেন, পলাশ ও নাজমাকে আটক করা ব্যক্তিদের না জানিয়ে ওই প্রভাবশালী মহল যুবককে ছেড়ে দেন। হিন্দু যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক এবং বিয়ে না দেওয়ার কারণে নাজমা খাতুন সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়ে আত্মহত্যার পথ বেছে নেন। রোববার দুপুরে তিনি নিজ বাড়ির গোয়ালঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ধামশ্রেণি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম জানান, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় শনিবার রাতে উভয়পক্ষের স্বজনদের নিয়ে মীমাংসা করা হয়। সেখানে প্রতারক যুবকের ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়ের স্বজনদের টাকা বুঝিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ডাইং কারখানার গ্যাস লিকেজে বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ
রোববার নাজমার আত্মহত্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "কী কারণে আত্মহত্যা করেছেন তা আমার জানা নেই।"
পান্ডুল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জিয়াউল হক বাদলের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। এ কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উলিপুর থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার জানান, লাশ উদ্ধার করে বিকালে থানায় নিয়ে আসা হয়েছে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। মৃত নারীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। অভিযোগ হাতে পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: ‘জয় বাংলা’ আওয়ামী লীগের পালানোর স্লোগান: হুমায়ুন কবির
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন