শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০২:২৬ পি.এম
গোপালগঞ্জে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার কারণে প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল আবার শুরু হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টার পর থেকে ঢাকা ও চট্টগ্রামগামী বাসগুলো এই রুট থেকে ছেড়ে যেতে শুরু করে। বুধবার সন্ধ্যা থেকে বন্ধ থাকা মহাসড়কে শুক্রবার সকাল ৬টার পর থেকে বাস চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও যশোর থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকা ও চট্টগ্রামগামী বাস সকাল থেকে বের হতে দেখা যাচ্ছে বলে পরিবহণ কাউন্টারগুলো জানিয়েছে।
বাগেরহাট, খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা, যশোর ও নড়াইলের অধিকাংশ বাস পদ্মা সেতু হয়ে ঢাকা যাতায়াত করে। এসব বাস গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে চলাচল করে। নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি করায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। নিরাপত্তার কারণে পরিবহণ মালিকরা ওই রুটে বাস চলাচল স্থগিত রাখেন।
বৃহস্পতিবার বিকাল পর্যন্ত বৃষ্টির মধ্যে নিষিদ্ধ সংগঠনগুলোর নেতাকর্মীরা রামদা, হকিস্টিক, চায়নিজ কুড়াল ও লগি-বৈঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে সড়ক ও মহাসড়কের বিভিন্ন মোড়ে বিক্ষোভ করেন।
গোপালগঞ্জের ইমাদ, বনফুল, ফাল্গুনী, সোহাগ ও হানিফসহ বিভিন্ন পরিবহণের কাউন্টার সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে তাদের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
ঢাকা থেকে বাগেরহাটগামী দোলা পরিবহণের যাত্রী শামসুর রহমান জানান, বুধবার রাত থেকে তিনি ঢাকায় আটকে ছিলেন। গোপালগঞ্জে সংঘাত ও সড়ক অবরোধের কারণে কোনো বাস চলছিল না। শুক্রবার সকাল ৬টার পর বাস চলাচল শুরু হয়েছে।
শামসুর রহমান আরও জানান, পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গা দিয়ে গোপালগঞ্জে প্রবেশের পর সড়কের ওপর কাটা গাছপালা পড়ে থাকতে দেখেছেন। কিছুটা সরানো হলেও সড়ক পুরোপুরি পরিষ্কার করা হয়নি। তবে এসব প্রতিবন্ধকতা পাশ কাটিয়েই যানবাহন চলাচল করছে।
বাগেরহাট থেকে ঢাকাগামী দোলা পরিবহণের সুপারভাইজার আজিম উদ্দিন বলেন, সকাল থেকে সব বাস চলছে। গোপালগঞ্জের ভেতরে এখন কোনো সমস্যা নেই। সড়কে পড়ে থাকা গাছপালার কারণে চলাচলে তেমন অসুবিধা হচ্ছে না। তবে বৃষ্টির কারণে গাড়ি কিছুটা ধীরগতিতে চলছে।
এদিকে বুধবার সন্ধ্যার পর ঢাকা-খুলনা মহাসড়কে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধার মুখে পড়তে শুরু করেন পণ্যবাহী বিভিন্ন যানবাহনের চালকরা। এতে গোপালগঞ্জের বিভিন্ন সড়কে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান আটকা পড়ে। বৃহস্পতিবার রাত ১০টার পর এসব যানবাহন নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হয়।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, বৃহস্পতিবার রাত ১০টার মধ্যেই মহাসড়ক পরিষ্কার করা হয়েছে। এরপর থেকেই যানবাহন চলাচল শুরু হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাজিলের তারকা নেইমার জুনিয়র সম্পর্কে ওয়েইন রুনির পূর্ববর্তী মন্তব্য সম্প্রতি নতুন আলোচনার জন্ম দিয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন এই ইংলিশ ফরোয়ার্ড নেইমারের অসাধারণ প্রতিভার প্রশংসা করলেও, তিনি ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের কিংবদন্তিদের মধ্যে নেইমারকে স্থান দিতে অস্বীকৃতি জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সেই মন্তব্যের ভিডিও আবার আলোচনায় এসেছে।
এই ঘটনাটি শুরু হয় জনপ্রিয় পডকাস্ট ‘দ্য ওভারল্যাপ’-এর একটি আলোচনায়। সেখানে গ্যারি নেভিল এক সমর্থকের মতামত তুলে ধরেন, যে দাবি করে, ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে নেইমারের সেরা সময়ের চেয়ে ভালো কোনো ফুটবলার দেখা যায়নি।
এমন মন্তব্যের পর আলোচনায় অংশগ্রহণকারী সাবেক প্রিমিয়ার লিগ তারকারা নিজেদের মতামত প্রকাশ করেন। প্রত্যাশার বাইরে গিয়ে নেইমারকে নিয়ে খোলামেলা আলোচনা করেন রুনি।
নেইমারের প্রতিভার প্রতি নিজের মুগ্ধতার কথা স্বীকার করার পরও, তিনি তাঁকে ‘এলিট’ বা ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের খেলোয়াড়দের দলে রাখতে চাননি। তাঁর এই মূল্যায়ন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।
তবে বিষয়টি নতুন নয়। গত মার্চে নেইমারকে নিয়ে রুনির এই মন্তব্য সামনে এসেছিল। সম্প্রতি পুরোনো ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।
নেইমার তাঁর প্রজন্মের অন্যতম আলোচিত ও প্রতিভাবান ফুটবলার হিসেবে পরিচিত। বার্সেলোনা ও পিএসজির হয়ে খেলা এই ব্রাজিলিয়ানকে নিয়ে ফুটবলবিশ্বে দীর্ঘদিন ধরেই তুলনা ও বিতর্ক চলছে। রুনির মন্তব্য সেই বিতর্কে নতুন করে ইন্ধন যোগিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কোলাহলমুখর এই পার্থিব জীবনে যখন মানুষের মন ক্লান্তি, দুশ্চিন্তা এবং অস্থিরতার ভারে জর্জরিত হয়ে ওঠে, তখন প্রতিটি মুমিনের জন্য এক টুকরো প্রশান্তি বা ‘সুকুন’ খুঁজে পাওয়া একটি আকাঙ্ক্ষা হয়ে দাঁড়ায়। ইসলামে সেই পরম প্রশান্তির সবচেয়ে পবিত্র ও কার্যকর স্থান হলো নামাজ। যখন নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করা হয়, তখন এতে যুক্ত হয় ঐক্য, ভ্রাতৃত্ব এবং বহুগুণ বরকত। আজকের ব্যস্ত জীবনে আমরা দুনিয়ার সামান্য লাভের জন্য কত কিছুই না ত্যাগ করি, অথচ আখিরাতের অসীম সাফল্য ও মানসিক প্রশান্তির উৎস জামাতে নামাজের প্রতি প্রায়শই গাফিলতি করি। কুরআন ও হাদিসের আলোকে জামাতে নামাজের গুরুত্ব, ফজিলত এবং এর গভীর তাৎপর্য নিয়ে নিচে বিস্তারিত আলোচনা তুলে ধরা হলো।
নামাজের মর্যাদা ও পরিত্যাগের ভয়াবহতা
নামাজ ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ রুকন, যা তাওহিদ বা আল্লাহর একত্ববাদে বিশ্বাসের পর আসে। প্রিয় নবী (সা.) বলেছেন, কেয়ামতের দিন বান্দার আমলগুলোর মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। হাদিসে পাকে এসেছে—
إِنَّ أَوَّلَ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عَمَلِهِ صَلَاتُهُ
‘নিশ্চয়ই কেয়ামতের দিন বান্দার আমলগুলোর মধ্যে সর্বপ্রথম তার নামাজের হিসাব নেওয়া হবে।’ (তিরমিজি ৪১৩)
ইমাম জাহাবি (রহ.) নামাজ ছেড়ে দেওয়াকে ইসলামের চতুর্থ কবিরা গুনাহ হিসেবে উল্লেখ করেছেন; যেখানে প্রথমটি হলো শিরক, দ্বিতীয়টি হত্যা, তৃতীয়টি জাদু এবং চতুর্থটি হলো নামাজ পরিত্যাগ করা।
জামাতে নামাজের বিধান ও সওয়াবের আধিক্য
পাঁচ ওয়াক্তের ফরজ নামাজ একা আদায় করলেও ফরজিয়ত আদায় হয়ে যায়। কিন্তু কোনো গ্রহণযোগ্য ওজর না থাকলে পাঁচ ওয়াক্তের ফরজ নামাজ জামাতে আদায় করা সুন্নতে মুআক্কাদা, অনেকের মতে ওয়াজিব। একাকি নামাজ আদায়ের চেয়ে জামাতে নামাজ আদায়ের সওয়াব অনেক বেশি। সহিহ বুখারিতে বর্ণিত হাদিস অনুযায়ী, জামাতে নামাজ আদায় করলে একাকি আদায় করার তুলনায় ২৫ থেকে ২৭ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। হাদিসে পাকে এসেছে—
صَلَاةُ الْجَمَاعَةِ أَفْضَلُ مِنْ صَلَاةِ الْفَذِّ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً
‘জামাতের নামাজ একাকি নামাজ আদায় করার চেয়ে সাতাশ গুণ বেশি মর্যাদাপূর্ণ।’ (বুখারি ৬৪৫)
জুমা ও ঈদের নামাজ এবং জামাত ছাড়ার পরিণতি
জুমা ও ঈদের নামাজ জামাত ছাড়া আদায় করা যায় না। জুমার নামাজের গুরুত্ব প্রসঙ্গে নবীজি (সা.) বলেছেন, যেসব মানুষ জুমার নামাজে মসজিদে আসে না, আমার ইচ্ছা হয়, কোনো সাহাবিকে নামাজ পড়ানোর দায়িত্ব দিয়ে যারা জুমার নামাজে আসেনি, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেই। আরেকটি হাদিসে এসেছে, কেউ বিনা কারণে পরপর তিন জুমা ছেড়ে দিলে আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন। হাদিসে পাকে এসেছে—
مَنْ تَرَكَ ثَلَاثَ جُمَعٍ تَهَاوُنًا بِهَا طَبَعَ اللَّهُ عَلَى قَلْبِهِ
‘যে ব্যক্তি অবহেলাবশত তিনটি জুমা ছেড়ে দেবে, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেবেন।’ (তিরমিজি ৫০০)
ইমাম জাহাবি (রহ.) তার ‘কিতাবুল কাবায়ির’ গ্রন্থে বিনা কারণে ধারাবাহিকভাবে জুমা পরিত্যাগ করাকে ৬৬তম এবং জামাতে নামাজ আদায় না করাকে ৬৫তম কবিরা গুনাহ হিসেবে গণ্য করেছেন।
জামাতের উপকারিতা, সিজদা ও সাহাবিদের দৃষ্টিভঙ্গি
সাহাবিদের যুগে কেউ মসজিদে জামাতে না এলে ধরে নেওয়া হতো তিনি হয় অসুস্থ, নয়তো মুনাফিক। জামাতে নামাজ আদায়ের বহু উপকারিতা রয়েছে। এর মাধ্যমে মুসলিম উম্মাহর কাছাকাছি আসা যায়, ইমামের কাছ থেকে দিকনির্দেশনা পাওয়া যায় এবং নামাজের খুশু বা একাগ্রতা বৃদ্ধি পায়।
নামাজের সময়টিই মুমিনের সবচেয়ে প্রশান্তির সময় এবং এর সেরা অংশ হলো সেজদা। কুরআনে ৯২ বার সেজদার কথা বলা হয়েছে, তবে এর প্রকৃত স্বাদ ও মর্যাদা বুঝতে হলে তা অনুভব করতে হয়। কুরআনে সেজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের নির্দেশ এসেছে—
وَاسْجُدْ وَاقْتَرِبْ
‘এবং সিজদা কর ও (আল্লাহর) নৈকট্য লাভ কর।’ (সুরা আল-আলাক: আয়াত ১৯)
ফজরের নামাজ, অগ্রাধিকারের পরীক্ষা ও প্রশান্তির স্বাদ
পৃথিবীর শীর্ষ ধনী হয়ে যাওয়া ব্যক্তির চেয়ে একজন মুমিন, যিনি খুশু ও একাগ্রতার সাথে ফজরের নামাজ আদায় করেন, তিনি প্রকৃত অর্থে বেশি অগ্রগামী। নবী কারিম (সা.) বলেছেন, ফজরের আগের দুই রাকাত সুন্নত নামাজ দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে, তার চেয়েও উত্তম। হাদিসে পাকে এসেছে—
رَكْعَتَا الْفَجْرِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا
‘ফজরের (ফরজের পূর্বের) দুই রাকাত সুন্নত দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে, তার চেয়েও উত্তম।’ (মুসলিম ৭২৫)
সুন্নত নামাজের মর্যাদা যদি এমন হয়, তবে ফরজ নামাজের সওয়াব কত মহান তা সহজেই অনুমেয়।
অনেকে চার ওয়াক্ত নামাজ পড়েন, ফজরের সময় উঠতে পারেন না। ঘুম না ভাঙার অজুহাত দেন। কিন্তু ভোরে যদি কোনো দিন অফিসের মিটিং থাকে যাতে অংশ না নিলে চাকরি চলে যাবে, যদি এমন কোনো বৈঠক রয়েছে যেখানে উপস্থিত থাকলে এক বিলিয়ন ডলার পাওয়া যাবে, তাহলে তিনি সারা রাত না ঘুমিয়ে হলেও সেটাতে অংশগ্রহণ করতেন। অথচ ফজরের ফরজ তো বটেই, সুন্নত নামাজই দুনিয়া ও এর যাবতীয় সম্পদের চেয়ে মূল্যবান। এই ইমান ও বিশ্বাস থাকলে মানুষ নামাজের ব্যাপারে অবহেলা করতে পারে না।
নবীজি (সা.) বলেছেন, ফজর ও ইশার জামাতের সওয়াব সম্পর্কে মানুষ জানলে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসত। হাদিসে পাকে এসেছে—
وَلَوْ يَعْلَمُونَ مَا فِي الْعَتَمَةِ وَالصُّبْحِ لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا
‘আর তারা যদি ইশা ও ফজরের (জামাতের) মধ্যে কী (সওয়াব) রয়েছে তা জানত, তবে হামাগুড়ি দিয়ে হলেও অবশ্যই সে দুটিতে উপস্থিত হতো।’ (বুখারি ৬১৫)
দুঃখজনকভাবে আমাদের সমাজের অনেকেই এর উপকারিতা সম্পর্কে জানেন না। একজন মুসলিম হিসেবে নামাজের মাধ্যমে যে ‘সুকুন’ বা মানসিক প্রশান্তি লাভ হয়, তা দুনিয়ার সম্পদের চেয়ে অনেক বেশি মূল্যবান। কুরআন ও হাদিস পড়ে এর উপকারিতা উপলব্ধি করতে পারলে পার্থিব জগতের প্রতি মোহ কমে যায় এবং মানুষ দ্বীনের আরও কাছাকাছি আসে।
জামাতে নামাজ আদায় কেবল একটি আনুষ্ঠানিকতা বা সওয়াব অর্জনের মাধ্যম নয়; বরং এটি মুমিনের আত্মিক পরিশুদ্ধি, ভ্রাতৃত্বের বন্ধন এবং দুনিয়া-আখিরাতের সফলতার চাবিকাঠি। পার্থিব স্বার্থ ও সাময়িক আরামের চেয়ে আখিরাতের চিরস্থায়ী কল্যাণ ও মানসিক প্রশান্তিকে অগ্রাধিকার দিতে পারলেই জামাতে নামাজের প্রতি ভালোবাসা ও নিয়মানুবর্তিতা তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত খুশু-খুজুর সঙ্গে মসজিদে জামাতে নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং নামাজের প্রকৃত স্বাদ ও ‘সুকুন’ অনুভব করার সুযোগ দিন। আমিন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীন ও রাশিয়ার সঙ্গে পরমাণু অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়ে সমঝোতা করা হবে কঠিন। তবে তিনি এ বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এর প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে ওয়াশিংটনে ফেরার পথে ট্রাম্প বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, "পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের ধারণাটি তার পছন্দ।" তবে তিনি উল্লেখ করেন, যেসব দেশের হাজার হাজার পরমাণু অস্ত্র রয়েছে, তাদের অর্ধেক অস্ত্র কমাতে রাজি করানো হবে কঠিন।
এদিকে, বৈঠক শেষে তিন নেতা একটি যৌথ বিবৃতিতে একমত হয়েছেন যে, পরমাণু যুদ্ধে কোনো পক্ষের জয় সম্ভব নয় এবং এমন যুদ্ধ কখনোই হওয়া উচিত নয়। তারা পরমাণু অস্ত্রের ঝুঁকি কমানো ও এর বিস্তার ঠেকাতে আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশিষ্ট সাহাবি আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হয়েছে যে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি সুন্দরভাবে অজু করে, এরপর জুমা পড়তে আসে এবং মনোযোগসহ নীরব থেকে খুতবা শুনে, তার জন্য এই জুমা ও (গত) জুমার মধ্যবর্তী এবং অতিরিক্ত তিন দিনের সগিরা গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। আর যে ব্যক্তি খুতবার সময়ে কাঁকর স্পর্শ করে, সে অনর্থক কাজ করেছে (সে জুমার সওয়াব নষ্ট করেছে)।’ (সহিহ মুসলিম, হাদিস : ৫৮৭)
শিক্ষা
১. আলোচ্য হাদিস দ্বারা প্রমাণিত হয় জুমার নামাজের বিশেষ মর্যাদা।
২. বিশুদ্ধ নিয়ত, নিষ্ঠা ও যত্ন ইবাদতকে ফলপ্রসূ করে এবং এর মূল্য বৃদ্ধি করে।
৩. নেক আমলের মাধ্যমে পাপ মার্জনা হয়, তবে কবিরাহ গুনাহ মাফ হয় না। কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না।
৪. জুমার খুতবা শোনা ওয়াজিব। যদিও জুমার খুতবা নামাজের অংশ নয়, তবে এটি ইবাদত।
৫. জুমার খুতবা চলাকালীন বিনা প্রয়োজনে কথা বলা, এমনকি নফল নামাজ পড়া নিষিদ্ধ। (আল মাউসুয়াতুল হাদিসিয়্যা)
তালাশ বিডি/মিডিয়া লিঃ