ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার পদত্যাগ, কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ


টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার পদত্যাগ, কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। দলের কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে একযোগে পদত্যাগ করেছেন ওই ইউনিয়ন বিএনপির ছয় নেতা।

বুধবার সকাল ১০টায় গিমাডাঙ্গা নতুন বাজার এলাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তাঁরা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন—টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সজীব ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ এবং সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।

আরও পড়ুন: নড়াইলে জনবল সংকটে ব্যহত হচ্ছে জেলা হাসপাতালে স্বাস্থ্য সেবা

সংবাদ সম্মেলনে তাঁদের লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, দীর্ঘ সময় ধরে বিএনপির পাটগাতী ইউনিয়ন শাখার বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন তাঁরা। তবে দলের বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁরা সন্তুষ্ট নন। এই কারণে সম্পূর্ণ স্বেচ্ছায় ও নিজেদের সিদ্ধান্তে দলের পদসহ প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

একই ইউনিয়ন শাখার ছয় নেতার একযোগে পদত্যাগের ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে। বিশেষ করে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রমে এর প্রভাব কেমন হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল দেখা দিয়েছে।

তবে এ বিষয়ে পাটগাতী ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাবি নাট্য সংসদের নতুন কর্মকর্তাদের শপথ গ্রহণ সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


জাবি নাট্য সংসদের নতুন কর্মকর্তাদের শপথ গ্রহণ সম্পন্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাট্য সংসদে নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এই অনুষ্ঠানটি মঙ্গলবার (২৪ নভেম্বর) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে অনুষ্ঠিত হয়।

নাট্য সংসদের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আমিনুল ইসলাম নির্বাচিত প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ খোরশেদ আলম, অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদ আহসান, অধ্যাপক ড. ইউসুফ হাসান, অধ্যাপক রেজা মোহাম্মদ আরিফ, অধ্যাপক আনন জামান, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল হাবীব, সহকারী অধ্যাপক ফাহিম মালেকসহ সংশ্লিষ্ট ব্যক্তি ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে বিভাগের ৪৯তম আবর্তনের মো. মুস্তাফিজ বিল্লাহ খান নির্বাচিত হন এবং সাধারণ সম্পাদক পদে ৫০তম আবর্তনের ইন্দ্রাণী দেবনাথ নির্বাচিত হন। তবে সাংগঠনিক সম্পাদক পদে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় আগামী ২৬ নভেম্বর ওই পদে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ক্রীড়া সম্পাদক পদে কামরুল হাসান জিহান (৫১তম আবর্তন), সহক্রীড়া সম্পাদক পদে মাফুজ হোসেন (৫৩তম আবর্তন), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে সাহিদুল ইসলাম (৫২তম আবর্তন), প্রচার ও যোগাযোগ সম্পাদক পদে আলভী ইসলাম (৫১তম আবর্তন), অনুষ্ঠান সম্পাদক পদে ঐশ্বর্য বাগচী (৫৩তম আবর্তন) এবং সহঅনুষ্ঠান সম্পাদক পদে মো. রোমান ইসলাম (৫৪তম আবর্তন) নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন রবিন মিয়া (৪৯তম আবর্তন), এহসানুল মুনতাসির (৪৯তম আবর্তন), আকাশ সরকার (৫০তম আবর্তন), তৌহিদুল ইসলাম জিহাদ (৫১তম আবর্তন), মুশফিকা নওশিন ঐতিহ্য (৫২তম আবর্তন), মোছা. আরিফা নাসরিন রিয়া (৫৩তম আবর্তন), আবিদ হাসান নিলয় (৫৪তম আবর্তন) ও কাব্য রাহা (৫৫তম আবর্তন)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেন্টাগন ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ আটকে রেখেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


পেন্টাগন ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ আটকে রেখেছে

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইউক্রেনকে দেওয়া পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার প্রায় ৬০টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমোদন প্রক্রিয়া আটকে রেখেছে। এই ক্ষেপণাস্ত্রগুলো ইউরোপীয় অস্ত্রাগার থেকে সরবরাহ করার কথা ছিল এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ভূমিকা এই প্রক্রিয়ায় রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আটকে থাকা এই চালানের মধ্যে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার পিএসি-২ (PAC-2) এবং পিএসি-৩ (PAC-3) মডেলের ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে।

শুধুমাত্র ক্ষেপণাস্ত্র সরবরাহ নয়, বরং প্যাট্রিয়ট সিস্টেমের ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স পাওয়ার জন্য ইউক্রেনের আবেদন প্রক্রিয়াও বিলম্বিত করছে পেন্টাগন। যদিও প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ এই চুক্তির জন্য প্রাথমিক অনুমোদন দিয়েছেন, তবে পরবর্তীতে তা মার্কিন আন্ডার সেক্রেটারি (অ্যাকুইজিশন অ্যান্ড সাসটেইনমেন্ট) মাইকেল ডাফির কাছে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে।

কিয়েভ দীর্ঘদিন ধরেই আকাশ প্রতিরক্ষাব্যবস্থার জন্য ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের তীব্র সংকটের কথা জানাচ্ছে। এর আগে ১৫ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, ইউক্রেনের মজুত থাকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সম্পূর্ণরূপে ফুরিয়ে গেছে।

পরবর্তীতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তহবিলে কেনা ক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্বের অভিযোগ তোলেন। যুক্তরাষ্ট্রের 'প্রায়োরিটাইজড ইউক্রেন রিকোয়ারমেন্টস লিস্ট' (PURL) কর্মসূচির আওতায় কিয়েভকে অগ্রাধিকার ভিত্তিতে সামরিক সরঞ্জাম দেওয়ার কথা থাকলেও, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিয়ট এবং নাসামস (NASAMS) আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ক্ষেপণাস্ত্র সরবরাহ এক মাস পিছিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেন জেলেনস্কি। সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস, সিএনএন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যামাজন যুক্তরাজ্যে ২০২৭ সালে গাড়ি বিক্রি শুরু করবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


অ্যামাজন যুক্তরাজ্যে ২০২৭ সালে গাড়ি বিক্রি শুরু করবে

মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন যুক্তরাজ্যে অনলাইনে গাড়ি কেনাবেচার সেবা চালুর ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি ২০২৭ সালের শুরুতে দেশটিতে ‘অ্যামাজন অটোস’ নামের সেবা চালু করার পরিকল্পনা করছে। এটি যুক্তরাষ্ট্রের বাইরে সেবাটির প্রথম সম্প্রসারণ হবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এই সেবার মাধ্যমে ক্রেতারা অ্যামাজনের যুক্তরাজ্যভিত্তিক ওয়েবসাইটে নতুন এবং ব্যবহৃত গাড়ি খুঁজে দেখতে পারবেন। শুরুতে গাড়ি সরবরাহকারী অংশীদার হিসেবে দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই যুক্ত থাকবে। তাদের বিভিন্ন বৈদ্যুতিক, হাইব্রিড এবং পেট্রলচালিত মডেল পাওয়া যাবে, যার মধ্যে রয়েছে আইওনিক ৩, আইওনিক ৫, কোনা এবং আই২০।

অ্যামাজন যুক্তরাজ্যের গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান ভার্টু মোটরসের মাধ্যমে ব্যবহৃত গাড়ি বিক্রিরও পরিকল্পনা করেছে। ভবিষ্যতে আরো গাড়ি নির্মাতা এবং বিক্রেতা প্রতিষ্ঠানকে এই সেবায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

ক্রেতারা অ্যামাজনের ওয়েবসাইটে গাড়ির মডেল, বৈশিষ্ট্য এবং নির্ধারিত দাম দেখতে পারবেন। তারা পছন্দের গাড়ি বেছে নিয়ে সেটি সংরক্ষণ করতে পারবেন এবং নিজের পুরনো গাড়ির সম্ভাব্য মূল্যও জানতে পারবেন। গাড়ি কেনার জন্য অর্থায়নের সুযোগও তারা খতিয়ে দেখতে পারবেন।

তবে পুরো কেনাকাটার প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে না। অ্যামাজনের ওয়েবসাইটে গাড়ি পছন্দ ও সংরক্ষণের পর চূড়ান্ত কেনাকাটা সংশ্লিষ্ট ডিলারশিপে সম্পন্ন করতে হবে। গাড়ির দাম নির্ধারণের দায়িত্বও বিক্রেতাদের হাতে থাকবে।

২০২৪ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে ‘অ্যামাজন অটোস’ সেবা চালু করে প্রতিষ্ঠানটি। পরে দেশটির ১৫০টির বেশি শহরে এই সেবা ছড়িয়ে পড়ে। এবার যুক্তরাজ্যে কার্যক্রম শুরুর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে যাচ্ছে অ্যামাজনের অনলাইন গাড়ি বিক্রির উদ্যোগ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনসমক্ষে বেশি থাকার অস্বস্তিতে ফেলেছেন নিত্যা মেনন!

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


জনসমক্ষে বেশি থাকার অস্বস্তিতে ফেলেছেন নিত্যা মেনন!

দক্ষিণী সিনেমার অত্যন্ত মেধাবী ও জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী নিত্যা মেনন। ‘ওকে কানমানি’ এবং ‘তিরুচিত্রাম্বালাম’-এর মতো সিনেমাতে যার প্রাণবন্ত অভিনয় কোটি দর্শককে মুগ্ধ করেছে, সেই অভিনেত্রী পর্দার বাইরে ক্যামেরা ও মানুষের অতিরিক্ত নজরদারিতে ভীষণ অস্বস্তি অনুভব করেন।

সম্প্রতি, তিনি একটি পডকাস্টে নিজের স্বভাব ও ক্যারিয়ার নিয়ে অকপট স্বীকারোক্তি প্রদান করেছেন।

গোপীনাথের পডকাস্টে আলাপচারিতার সময় নিত্যা জানিয়েছেন, তারকাখ্যাতির এই ঝলমলে জগৎ এবং সারাক্ষণ মানুষের নজরে থাকার বিষয়টি তার স্বভাবের সঙ্গে ঠিক যায় না।

অভিনেত্রীর ভাষায়, “আমি যদি অন্য কোনো পেশা বেছে নিতাম, ধরুন যোগব্যায়ামের শিক্ষক হতাম তবে জীবনটা অনেক বেশি আরামদায়ক হতো। কিন্তু জীবনের আসল উদ্দেশ্য তো নিজেকে চ্যালেঞ্জের মুখে ফেলা। জনসমক্ষে থাকা বা অতিরিক্ত মানুষের নজরে থাকা আমাকে অস্বস্তিতে ফেলে, আর এই অস্বস্তিকে জয় করাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

নিজের এই লাজুক স্বভাবের পেছনের গল্প তুলে ধরে নিত্যা বলেছেন, “আমি যখন একদম ছোট ছিলাম, তখন কেউ আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলে আমি তাকে ওখান থেকে চলে যেতে বলতাম। ছোটবেলার সেই লাজুক স্বভাব আজও রয়ে গেছে।”

নিত্যার মতে, এই অস্বস্তি আসলে মানুষের নিজের ভেতরের আত্মমর্যাদা ও আত্ম-বিচারের অনুভূতি থেকে তৈরি হয়, যা কাটিয়ে ওঠা জরুরি।

১৯৯৮ সালে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা নিত্যা মালায়ালাম, তামিল, তেলেগু ও হিন্দি সিনেমায় সমানতালে দাপট দেখিয়ে চলেছেন।

আগামী ১১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন হিন্দি থ্রিলার সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস গ্রে’। বিবেক ওবেরয় ও আশিস বিদ্যার্থীর সঙ্গে এই সিনেমাতে পরকীয়া, প্রতারণা এবং স্বামী-স্ত্রীর বেঁচে থাকার এক রুদ্ধশ্বাস লড়াইয়ের গল্পে দেখা যাবে নিত্যা মেননকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%