০৩:১৬ পি.এম
দক্ষিণী সিনেমার অত্যন্ত মেধাবী ও জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী নিত্যা মেনন। ‘ওকে কানমানি’ এবং ‘তিরুচিত্রাম্বালাম’-এর মতো সিনেমাতে যার প্রাণবন্ত অভিনয় কোটি দর্শককে মুগ্ধ করেছে, সেই অভিনেত্রী পর্দার বাইরে ক্যামেরা ও মানুষের অতিরিক্ত নজরদারিতে ভীষণ অস্বস্তি অনুভব করেন।
সম্প্রতি, তিনি একটি পডকাস্টে নিজের স্বভাব ও ক্যারিয়ার নিয়ে অকপট স্বীকারোক্তি প্রদান করেছেন।
গোপীনাথের পডকাস্টে আলাপচারিতার সময় নিত্যা জানিয়েছেন, তারকাখ্যাতির এই ঝলমলে জগৎ এবং সারাক্ষণ মানুষের নজরে থাকার বিষয়টি তার স্বভাবের সঙ্গে ঠিক যায় না।
আরও পড়ুন: পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত, এখন কেমন আছেন?
অভিনেত্রীর ভাষায়, “আমি যদি অন্য কোনো পেশা বেছে নিতাম, ধরুন যোগব্যায়ামের শিক্ষক হতাম তবে জীবনটা অনেক বেশি আরামদায়ক হতো। কিন্তু জীবনের আসল উদ্দেশ্য তো নিজেকে চ্যালেঞ্জের মুখে ফেলা। জনসমক্ষে থাকা বা অতিরিক্ত মানুষের নজরে থাকা আমাকে অস্বস্তিতে ফেলে, আর এই অস্বস্তিকে জয় করাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”
নিজের এই লাজুক স্বভাবের পেছনের গল্প তুলে ধরে নিত্যা বলেছেন, “আমি যখন একদম ছোট ছিলাম, তখন কেউ আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলে আমি তাকে ওখান থেকে চলে যেতে বলতাম। ছোটবেলার সেই লাজুক স্বভাব আজও রয়ে গেছে।”
নিত্যার মতে, এই অস্বস্তি আসলে মানুষের নিজের ভেতরের আত্মমর্যাদা ও আত্ম-বিচারের অনুভূতি থেকে তৈরি হয়, যা কাটিয়ে ওঠা জরুরি।
১৯৯৮ সালে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা নিত্যা মালায়ালাম, তামিল, তেলেগু ও হিন্দি সিনেমায় সমানতালে দাপট দেখিয়ে চলেছেন।
আরও পড়ুন: বারী সিদ্দিকীর নবম প্রয়াণ দিবসে স্মরণ ও শ্রদ্ধা নিবেদন
আগামী ১১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন হিন্দি থ্রিলার সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস গ্রে’। বিবেক ওবেরয় ও আশিস বিদ্যার্থীর সঙ্গে এই সিনেমাতে পরকীয়া, প্রতারণা এবং স্বামী-স্ত্রীর বেঁচে থাকার এক রুদ্ধশ্বাস লড়াইয়ের গল্পে দেখা যাবে নিত্যা মেননকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন