আব্দুল আউয়াল মিছবাহ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
১২:৪৭ পি.এম
সনামগঞ্জের তাহিরপুর উপজেলার মেঘালয় সীমান্তবর্তী শ্রীপুর উত্তর ইউনিয়নের তিনটি স্থলবন্দর শুল্কস্টেশনের আমদানি কার্যক্রম দীর্ঘদিন ধরে নানা সংকটে ব্যাহত হচ্ছে। নদী ও রঙ্গাছড়া খাল খননের অভাব এবং অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন আমদানিকারক ব্যবসায়ী ও শ্রমিকরা। বছরের পর বছর বিভিন্ন সরকারের অবহেলা ও উন্নয়নবঞ্চনার কারণে সম্ভাবনাময় এ বাণিজ্যিক অঞ্চলটি এখন স্থবির হয়ে পড়েছে।
আমদানিকারকরা ভারত থেকে এলসির মাধ্যমে চুনাপাথর ও কয়লা আমদানি করলেও নৌপথের গুরুত্বপূর্ণ রঙ্গাছড়া খাল ও এর সঙ্গে সংযুক্ত নদীগুলোর নাব্যতা সংকটের কারণে পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে ব্যবসায়ীদের পাশাপাশি সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজার হাজার শ্রমিক।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, ১৯৯১ সালে বড়ছড়া, ১৯৯৬ সালে চারাগাঁও এবং ২০০৬ সালে বাগলী শুল্কস্টেশন চালু হয়। ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড়ের সন্নিকটে অবস্থিত এই তিনটি শুল্কস্টেশন দিয়ে বর্তমানে কয়লা ও চুনাপাথর আমদানি করা হয়।
সীমান্তের ছড়া দিয়ে নেমে আসা পানি রঙ্গাছড়া খাল হয়ে প্রবাহিত হয়। এই নৌপথই শুল্কস্টেশনগুলোর পণ্য পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু রঙ্গাছড়া খালের প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার এলাকায় তীব্র নাব্যতা সংকট দেখা দেওয়ায় নৌযান চলাচল ও পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
অন্যদিকে বাগলী শুল্কস্টেশন থেকে মধ্যনগর উপজেলার মহিষখলা পর্যন্ত প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার সড়ক এখনো কাঁচা রয়েছে। দীর্ঘদিনেও সড়কটি পাকাকরণ না হওয়ায় নৌপথের পাশাপাশি স্থলপথেও দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে।
সড়ক ও নৌপথের এই সংকটের কারণে দেশের বিভিন্ন স্থানে চুনাপাথর ও কয়লা পরিবহনে ব্যবসায়ীদের স্বাভাবিকের তুলনায় প্রায় চার গুণ পর্যন্ত অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে। অথচ এই তিনটি শুল্কস্টেশন থেকে প্রতিবছর সরকার প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও বাগলী কয়লা ও চুনাপাথর আমদানিকারক সমিতির সভাপতি মো. কামাল হোসেন বলেন, দ্রুত মহিষখলা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়ক পাকা করা হলে সুনামগঞ্জের সড়ক যোগাযোগের পাশাপাশি নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন সহজ হবে। এতে ঢাকা পর্যন্ত পণ্য পরিবহনও অনেক সহজ ও সাশ্রয়ী হবে।
তিনি আরও বলেন, শুল্কস্টেশনগুলো নিয়মিত ও পূর্ণ সক্ষমতায় চালু থাকলে অন্তত ৬০ থেকে ৬৫ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কিন্তু ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়ায় বর্তমানে হাজার হাজার শ্রমিক পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
স্থানীয় একাধিক ব্যবসায়ী ও শ্রমিক জানান, আমদানি কার্যক্রম স্বাভাবিক রাখা এবং শ্রমিকদের জীবন-জীবিকা রক্ষায় দ্রুত রঙ্গাছড়া খাল খনন ও পাটলাই নদীর নাব্যতা ফিরিয়ে আনতে খননকাজ জরুরি। অন্যথায় এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য আরও সংকটের মুখে পড়বে।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সামছুল হক বলেন, নদীপথের নাব্যতা সংকট দূর করা এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা না হলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী বলেন, “শ্রীপুর উত্তর ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলসি স্টেশন-সংলগ্ন রঙ্গাছড়া খাল আমি নিজে সরেজমিনে পরিদর্শন করেছি। খালটি খননের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানোর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের দাবি, শুধু আশ্বাস নয়, দ্রুত রঙ্গাছড়া খাল ও পাটলাই নদী খনন এবং বাগলী-মহিষখলা সড়ক পাকাকরণের কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় বিপুল রাজস্ব আয়ের সম্ভাবনা থাকা সত্ত্বেও এ অঞ্চলের আমদানি-বাণিজ্য ও হাজার হাজার মানুষের কর্মসংস্থান হুমকির মুখেই থেকে যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের মধুপুরে যুবসমাজের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান পরিবর্তনের লক্ষ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ইকোনমিক অ্যাকসিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (EARN) প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় মধুপুর উপজেলা পরিষদের কনফারেন্স হলে বাংলাদেশ-জার্মান সম্প্রীতি (বিজিএস) আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
বিজিএসের ম্যানেজার (TVET) মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরেন সংস্থাটির ডেপুটি ডিরেক্টর (TVET) জগদীশ রায়।
তিনি বলেন, প্রশিক্ষণ শেষে যুবক-যুব নারীদের দক্ষ ও কর্মমুখী জনশক্তি হিসেবে গড়ে তোলাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে উপজেলার সব সরকারি-বেসরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। প্রশিক্ষণপ্রাপ্ত যুবসমাজকে কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির সঙ্গে সম্পৃক্ত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সভায় অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ব্যক্তিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি এবং প্রকল্পের কার্যক্রম ও বাস্তবায়নের বিভিন্ন দিক ব্যাখ্যা করেন।
এ সময় মতামত ও বক্তব্য দেন উপজেলা চাকরি সংস্থাপন কর্মকর্তা মো. শাখাওয়াত হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা মনিউজ্জামান মনি, বিআরডিবি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আইসিটি কর্মকর্তা শেখ আব্রারুল হক শিমুল, উপজেলা উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা মিতু রানী ভাজন, মহিষমারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মহি উদ্দীন, বিজিএসের সিডিপি প্রকল্পের সমন্বয়কারী মো. মিলন চৌধুরী এবং EARN প্রকল্পের উপজেলা ম্যানেজার মো. আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
প্রকল্প সূত্রে জানা যায়, বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত EARN প্রকল্পের আওতায় মধুপুর উপজেলায় মোট ১ হাজার ১২০ জন যুবক ও যুব নারীকে প্রশিক্ষণ দেওয়া হবে। ২৭ মাস মেয়াদি এ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি প্রশিক্ষণ-পরবর্তী উদ্যোক্তা তৈরি, আত্মকর্মসংস্থান এবং বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ সৃষ্টিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
সভায় বক্তারা বলেন, যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে যুগোপযোগী প্রশিক্ষণের পাশাপাশি তাদের জন্য কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করতে হবে। EARN-এর মতো উদ্যোগ যুবসমাজকে আত্মনির্ভরশীল করে তোলার পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও দেশের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় অংশীজনেরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইল সদর উপজেলার কান্দাপাড়া পতিতাপল্লী ও আশপাশের কয়েকটি এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্সের বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের বিরুদ্ধে ১০টি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর ২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের সহকারী পরিচালকের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইল, SRB এবং আনসার ব্যাটালিয়নের সমন্বয়ে যৌথভাবে এ অভিযান চালানো হয়।
অভিযানটি কান্দাপাড়া পতিতাপল্লীর অভ্যন্তর, কান্দাপাড়া মাজার গেট, রবিদাসপাড়া এসএস আইডিয়াল স্কুল সংলগ্ন এলাকা, চাররাস্তার মোড় ও মধ্যম গলিসহ বিভিন্ন স্থানে পরিচালিত হয়। অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে দুজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অভিযানে আলামত হিসেবে ২ পিস ইয়াবা ও ১০৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নুর হোসেন (৪৩), আনোয়ার (৪২), সোহাগ (২০), লিমন (১৯), ইফাতুল ইসলাম লিমন (২৩), বুলবুলি বেগম (৩০), সাদিয়া আক্তার (২১), সিজান (২০), জামিল খান (২২) এবং সরোয়ার হোসেন (২৯)। তাদের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকায় এবং নাগরপুর উপজেলার সহবতপুরে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুর রহমান, উপপরিদর্শক তপু খান ও মোহাম্মদ রাশিদুল ইসলাম গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রথম পাঁচজনকে এক মাস করে, ষষ্ঠ ও সপ্তম ব্যক্তিকে চার মাস করে, অষ্টম ব্যক্তিকে ১৫ দিন, নবম ব্যক্তিকে পাঁচ দিন এবং দশম ব্যক্তিকে দুই দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের সহকারী পরিচালক রাহুল সেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে কাজ করে যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কলকাতায় নিহত সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের কন্যা মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারটি বুধবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে করা হয়।
ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার মোল্লা মোহাম্মদ শাহীন জানালেন, ডরিনের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।
ডরিনের বয়স ২৪ বছর এবং তার গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুরে অবস্থিত। তার বাবা আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য ছিলেন।
২০২৪ সালের ১১ মে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়ে নিখোঁজ হন আনার। পরে পুলিশ জানায়, কলকাতার একটি বাড়িতে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর কলকাতায় মামলা দায়ের করা হয়। ঢাকায় শেরেবাংলা নগর থানায় বাবার হত্যার ঘটনায় মামলা করেছিলেন ডরিন। তখন তিনি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন।
ভারতীয় পুলিশের তথ্যের ভিত্তিতে বাংলাদেশে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের নাম হলো আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভুঁইয়া, তানভীর ভুঁইয়া ও সেলেস্টি রহমান। পুলিশের দাবি, হত্যাকাণ্ডের পরিকল্পনায় যুক্ত ছিলেন আনারের বাল্যবন্ধু আখতারুজ্জামান ওরফে শাহীন।
তবে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর মামলার তদন্তে গতি কমে যায়। একে একে জামিনে মুক্তি পান গ্রেপ্তার আসামিরা। সর্বশেষ গত ১১ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে জামিন পান শিমুল ভুঁইয়া।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফুটবল মাঠে গোল করে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে রাখেন আর্লিং হালান্ড। তবে এবার ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকারকে একটি অদ্ভুত লড়াইয়ে নামতে হচ্ছে।
হালান্ডের প্রতিপক্ষ এবার কোনো ডিফেন্ডার নয়; তিনি পোল্যান্ডের একজন ইলেকট্রিশিয়ান! এই লড়াইটি হচ্ছে তার নামের বাণিজ্যিক স্বত্ব নিয়ে।
ঘটনাটি শুরু হয় ২০২৩ সালে। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) নিজের নামে একটি ব্র্যান্ড নিবন্ধন করতে গিয়ে হালান্ড জানতে পারেন, তার আগে ‘হালান্ড’ নামটি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন করেছেন মিশেল ওয়াস নামের এক পোলিশ ইলেকট্রিশিয়ান। তিনি নরওয়েতে কাজ করেন।
দ্য সান ও ইয়াহু স্পোর্টসের প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, ২০২২ সালে নিবন্ধিত ওই ট্রেডমার্কে ১৬ ধরনের পণ্যের স্বত্ব অন্তর্ভুক্ত ছিল। এর মধ্যে রয়েছে খেলাধুলার পোশাক, ফুটবল বুট, প্রোটিন সাপ্লিমেন্ট, এনার্জি ড্রিংকস, স্পোর্টস ব্যাগ, মদ, দই, খেলনা, এমনকি অন্তর্বাসও।
হালান্ডের আইনজীবীরা অভিযোগ করেছেন, ফুটবলারের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার অসৎ উদ্দেশ্যে নামটি নিবন্ধন করেছিলেন ইলেকট্রিশিয়ান ওয়াস। তাদের দাবি, নামটি নিবন্ধনের সময় পোল্যান্ডেও হালান্ড যথেষ্ট পরিচিত ছিলেন।
তবে ওয়াসের দাবি, ‘হালান্ড’ নামটি এসেছে ‘হাই অ্যাডভান্সড অ্যাকটিভিটি ল্যান্ড’ কথাটির সংক্ষিপ্ত রূপ হিসেবে। ইউরোপীয় ইউনিয়নের মেধাস্বত্ব দপ্তর (ইইউআইপিও) তার এই যুক্তি গ্রহণ করেনি। সংস্থাটি মনে করেছে, হালান্ডের খ্যাতি কাজে লাগানোর উদ্দেশ্যেই নামটি ব্যবহার করা হয়েছে। ফলে ট্রেডমার্কটি বাতিল করা হয়েছে।
কিন্তু এই লড়াই এখানেই শেষ হয়নি। গত ২২ জুলাই ইউরোপীয় ইউনিয়নের সাধারণ আদালতে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছেন ওয়াস। মামলার শুনানির তারিখ এখনো নির্ধারিত হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ