ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

টাঙ্গাইলে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, ১০ জন গ্রেপ্তার


টাঙ্গাইলে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, ১০ জন গ্রেপ্তার

টাঙ্গাইল সদর উপজেলার কান্দাপাড়া পতিতাপল্লী ও আশপাশের কয়েকটি এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্সের বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের বিরুদ্ধে ১০টি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর ২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের সহকারী পরিচালকের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইল, SRB এবং আনসার ব্যাটালিয়নের সমন্বয়ে যৌথভাবে এ অভিযান চালানো হয়।

অভিযানটি কান্দাপাড়া পতিতাপল্লীর অভ্যন্তর, কান্দাপাড়া মাজার গেট, রবিদাসপাড়া এসএস আইডিয়াল স্কুল সংলগ্ন এলাকা, চাররাস্তার মোড় ও মধ্যম গলিসহ বিভিন্ন স্থানে পরিচালিত হয়। অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে দুজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আরও পড়ুন: ব্রহ্মপুত্রপারের চন্দ্রালোকিত রাতে মরমি গানের আসর

অভিযানে আলামত হিসেবে ২ পিস ইয়াবা ও ১০৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নুর হোসেন (৪৩), আনোয়ার (৪২), সোহাগ (২০), লিমন (১৯), ইফাতুল ইসলাম লিমন (২৩), বুলবুলি বেগম (৩০), সাদিয়া আক্তার (২১), সিজান (২০), জামিল খান (২২) এবং সরোয়ার হোসেন (২৯)। তাদের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকায় এবং নাগরপুর উপজেলার সহবতপুরে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুর রহমান, উপপরিদর্শক তপু খান ও মোহাম্মদ রাশিদুল ইসলাম গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রথম পাঁচজনকে এক মাস করে, ষষ্ঠ ও সপ্তম ব্যক্তিকে চার মাস করে, অষ্টম ব্যক্তিকে ১৫ দিন, নবম ব্যক্তিকে পাঁচ দিন এবং দশম ব্যক্তিকে দুই দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন: যশোর শিক্ষা বোর্ডে ৮৬ পদ শূন্য, তীব্র জনবল সংকট

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের সহকারী পরিচালক রাহুল সেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে কাজ করে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক এমপি আনারের মেয়ে ডরিনকে গ্রেপ্তার, অস্থিতিশীলতার ষড়যন্ত্রের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


সাবেক এমপি আনারের মেয়ে ডরিনকে গ্রেপ্তার, অস্থিতিশীলতার ষড়যন্ত্রের অভিযোগ

কলকাতায় নিহত সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের কন্যা মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারটি বুধবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে করা হয়।

ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার মোল্লা মোহাম্মদ শাহীন জানালেন, ডরিনের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

ডরিনের বয়স ২৪ বছর এবং তার গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুরে অবস্থিত। তার বাবা আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য ছিলেন।

২০২৪ সালের ১১ মে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়ে নিখোঁজ হন আনার। পরে পুলিশ জানায়, কলকাতার একটি বাড়িতে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর কলকাতায় মামলা দায়ের করা হয়। ঢাকায় শেরেবাংলা নগর থানায় বাবার হত্যার ঘটনায় মামলা করেছিলেন ডরিন। তখন তিনি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন।

ভারতীয় পুলিশের তথ্যের ভিত্তিতে বাংলাদেশে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের নাম হলো আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভুঁইয়া, তানভীর ভুঁইয়া ও সেলেস্টি রহমান। পুলিশের দাবি, হত্যাকাণ্ডের পরিকল্পনায় যুক্ত ছিলেন আনারের বাল্যবন্ধু আখতারুজ্জামান ওরফে শাহীন।

তবে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর মামলার তদন্তে গতি কমে যায়। একে একে জামিনে মুক্তি পান গ্রেপ্তার আসামিরা। সর্বশেষ গত ১১ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে জামিন পান শিমুল ভুঁইয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হালান্ডের নামে অন্তর্বাস ও এনার্জি ড্রিংকস বিক্রির লড়াই আদালতে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


হালান্ডের নামে অন্তর্বাস ও এনার্জি ড্রিংকস বিক্রির লড়াই আদালতে

ফুটবল মাঠে গোল করে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে রাখেন আর্লিং হালান্ড। তবে এবার ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকারকে একটি অদ্ভুত লড়াইয়ে নামতে হচ্ছে।

হালান্ডের প্রতিপক্ষ এবার কোনো ডিফেন্ডার নয়; তিনি পোল্যান্ডের একজন ইলেকট্রিশিয়ান! এই লড়াইটি হচ্ছে তার নামের বাণিজ্যিক স্বত্ব নিয়ে।

ঘটনাটি শুরু হয় ২০২৩ সালে। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) নিজের নামে একটি ব্র্যান্ড নিবন্ধন করতে গিয়ে হালান্ড জানতে পারেন, তার আগে ‘হালান্ড’ নামটি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন করেছেন মিশেল ওয়াস নামের এক পোলিশ ইলেকট্রিশিয়ান। তিনি নরওয়েতে কাজ করেন।

দ্য সান ও ইয়াহু স্পোর্টসের প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, ২০২২ সালে নিবন্ধিত ওই ট্রেডমার্কে ১৬ ধরনের পণ্যের স্বত্ব অন্তর্ভুক্ত ছিল। এর মধ্যে রয়েছে খেলাধুলার পোশাক, ফুটবল বুট, প্রোটিন সাপ্লিমেন্ট, এনার্জি ড্রিংকস, স্পোর্টস ব্যাগ, মদ, দই, খেলনা, এমনকি অন্তর্বাসও।

হালান্ডের আইনজীবীরা অভিযোগ করেছেন, ফুটবলারের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার অসৎ উদ্দেশ্যে নামটি নিবন্ধন করেছিলেন ইলেকট্রিশিয়ান ওয়াস। তাদের দাবি, নামটি নিবন্ধনের সময় পোল্যান্ডেও হালান্ড যথেষ্ট পরিচিত ছিলেন।

তবে ওয়াসের দাবি, ‘হালান্ড’ নামটি এসেছে ‘হাই অ্যাডভান্সড অ্যাকটিভিটি ল্যান্ড’ কথাটির সংক্ষিপ্ত রূপ হিসেবে। ইউরোপীয় ইউনিয়নের মেধাস্বত্ব দপ্তর (ইইউআইপিও) তার এই যুক্তি গ্রহণ করেনি। সংস্থাটি মনে করেছে, হালান্ডের খ্যাতি কাজে লাগানোর উদ্দেশ্যেই নামটি ব্যবহার করা হয়েছে। ফলে ট্রেডমার্কটি বাতিল করা হয়েছে।

কিন্তু এই লড়াই এখানেই শেষ হয়নি। গত ২২ জুলাই ইউরোপীয় ইউনিয়নের সাধারণ আদালতে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছেন ওয়াস। মামলার শুনানির তারিখ এখনো নির্ধারিত হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোর শিক্ষা বোর্ডে ৮৬ পদ শূন্য, তীব্র জনবল সংকট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৩ পি.এম


যশোর শিক্ষা বোর্ডে ৮৬ পদ শূন্য, তীব্র জনবল সংকট

যশোর শিক্ষা বোর্ড বর্তমানে তীব্র জনবল সংকটে ভুগছে। একাধিক শাখার অতিরিক্ত দায়িত্ব একজনের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। এর ফলে কর্মকর্তা-কর্মচারীরা কাজের চাপে দিশেহারা হয়ে পড়েছেন। তাদের আশঙ্কা, নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু না হলে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে বড় ধরনের স্থবিরতা দেখা দিতে পারে।

বোর্ড কর্তৃপক্ষ জানায়, চলমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কিছু শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া চলছে।

সূত্রের তথ্য অনুযায়ী, খুলনা বিভাগের প্রায় সাড়ে তিন হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের লাখ লাখ শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল, সনদ ও প্রশাসনিক কাজের কেন্দ্রবিন্দু হলো যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। কিন্তু দীর্ঘদিনের জনবল সংকটের কারণে বোর্ডের কার্যক্রম বর্তমানে কার্যত খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে।

অতিরিক্ত শূন্যপদের কারণে দাফতরিক কাজে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। এই চাপ সামলাতে এক একজনের কাঁধে একাধিক শাখার দায়িত্ব দেওয়া হয়েছে। খুলনা বিভাগের ১০টি জেলা থেকে আসা সেবাগ্রহীতাদের সেবা দেওয়ার জন্য তারা প্রতিদিন চেষ্টা করছেন। এই কারণে সন্ধ্যার পরও কাজ করতে হচ্ছে তাদের।

কর্মরতদের দাবি, দ্রুত নিয়োগ না হলে ভবিষ্যতে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে বড় ধরনের স্থবিরতা দেখা দিতে পারে।

বোর্ডের উপ-সচিব শেখ আমিনুল ইসলাম বলেন, “আমাদের এখানে ১০টা জেলা থেকে বিভিন্ন সেবা প্রার্থীরা আসেন। আমরা তাদের সেবা দেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। আমরা সকাল ৯টায় জাস্ট টাইমে অফিসে ঢুকি। কিন্তু আমাদের যাওয়ার কোনো শেষ সময় নেই। বেশিরভাগ সময় রাত ৮টা ৯টা যেতে হয়। দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় একজনের কাঁধে অনেক দায়িত্ব। যার ফলে আমাদের অতিরিক্ত কাজ করতে হচ্ছে।”

উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখার সেকশন অফিসার মঞ্জুয়ারা বেগম বলেন, “এই শাখায় জনবল ছিল ছয়জন। সেখানে আমি একা ছয়জনের কাজ করছি। বাড়তি কাজের চাপে সন্ধ্যা পর্যন্ত করতে হয়। জনবল নিয়োগ দিলে কষ্টটা লাঘব হতো।”

অডিট অফিসার মো. খুরশিদ আলম মল্লিক বলেন, “আমাদের ম্যাক্সিমাম কর্মকর্তা-কর্মচারীদের দুটো করে দায়িত্ব। মূলপদের বাইরে অতিরিক্ত দায়িত্ব, চলতি দায়িত্ব দেয়া হয়েছে। দুই পদে কাজ করতে যেয়ে কখনো কখনো সেবা একটু বিলম্বিত হচ্ছে। তারপরও আমরা চেষ্টা করছি প্রতিদিনের সেবাটা প্রতিদিনই দিতে।”

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. হোসেন আলী বলেন, “আমি পরীক্ষা নিয়ন্ত্রক হলেও আমাকে একসঙ্গে ছয়টি দফতরে কাজ করতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজগুলো হচ্ছে পরীক্ষা সম্পাদন করা, তার সঙ্গে ফরমপূরণ আছে, সার্টিফিকেট প্রদান, ট্রান্সক্রিপ্ট প্রদান, ফলাফল তৈরি। পাশাপাশি আইসিটি বিভাগ দেখতে হয়। এ সবগুলো মিলে হচ্ছে আমার দফতর। লোকবল খুবই সীমিত কিন্তু কিছু অভিজ্ঞ আইটি বিশেষজ্ঞদের দিয়ে কোনোমতে চালিয়ে যাচ্ছি। ফলে সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে কাজ সম্পন্ন করতে হয়।”

উপ-সহকারী প্রকৌশলী কামাল হোসেন বলেন, “তীব্র জনবল সংকট দেখা দিয়েছে। এখনও নিয়োগ প্রক্রিয়া শুরু না করলে আগামী পাঁচ বছরে তো জনশূন্য হয়ে যাবে, বোর্ড মেধাশূন্য হয়ে যাবে। আর এর প্রভাব কেবল খুলনা বিভাগে প্রভাব পড়বে না, অল ওভার বাংলাদেশে প্রভাব পড়বে। এইজন্য আমাদের জনবল নিয়োগের ব্যাপারে প্রশাসন বা সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার সিএমএম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৬ পি.এম


ঢাকার সিএমএম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন একজন আইনজীবী।

বৃহস্পতিবার সকাল ১১টা ১৭ মিনিটের সময় এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত আইনজীবী নয়নকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকার সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ এসআই মোরশেদ আলম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইনজীবী ও সাধারণ জনগণ রাজীব বোস নামক একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। আমরা তাকে হেফাজতে নিয়ে কোতোয়ালি থানার পুলিশকে খবর দিয়েছি। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। ককটেল বিস্ফোরণের পর ঢাকা আইনজীবী সমিতির নেতারা ঘটনাস্থলে উপস্থিত হন।

ঢাকা আইনজীবী সমিতির অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধা মন্তব্য করেন, ‘স্বৈরাচারী হাসিনার দোসররা কোর্ট অঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে। আমরা শক্ত হাতে এদের প্রতিহত করতে সদা প্রস্তুত।’

এর আগে গত ৯ নভেম্বর সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটে। সেখান থেকে জনতা দুজনকে ধরে পুলিশে দেয়। সূত্রাপুর থানার এসআই মিজানুর রহমান পরদিন বাদী হয়ে সন্ত্রাস বিরোধীসহ বিস্ফোরক আইনে মামলা করেন। পরে আরো কয়েকজনকে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%