০৮:৩৩ পি.এম
যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাসের ঢাকা সফর নতুন আলোচনা সৃষ্টি করেছে। বাংলাদেশে দীর্ঘমেয়াদি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের বড় চুক্তি, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ এবং তাঁর বর্তমান প্রতিষ্ঠানের ব্যবসায়িক স্বার্থ, সবকিছু মিলিয়ে সফরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, অ্যাকসিলারেট এনার্জির বাংলাদেশে চলমান ও ভবিষ্যৎ ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে তাঁর সফরের সম্পর্ক থাকতে পারে। তবে সফরের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকায় এসে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ওঠেন পিটার হাস। আগামী ১৯ নভেম্বর বিকেল পর্যন্ত তাঁর বাংলাদেশে অবস্থানের কথা রয়েছে। সফরটি আকস্মিক হওয়ায় কূটনৈতিক ও ব্যবসায়িক মহলে কৌতূহল সৃষ্টি হয়েছে। বিশেষ করে বাংলাদেশের জ্বালানি খাতে তাঁর বর্তমান প্রতিষ্ঠানের বড় বিনিয়োগ ও দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তির বিষয়টি সামনে আসছে।
বাংলাদেশে প্রায় তিন বছর মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা পিটার হাস ২০২৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে স্বেচ্ছায় অবসর নেন। পরে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জিতে যোগ দেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির বাংলাদেশপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং কৌশলগত উপদেষ্টা হিসেবেও কাজ করছেন। ফলে সাবেক এই কূটনীতিকের ঢাকা সফরকে নিছক ব্যক্তিগত সফর হিসেবে দেখার সুযোগ কতটা, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন
বাংলাদেশের জ্বালানি খাতে অ্যাকসিলারেট এনার্জির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানটি দেশে দুটি ভাসমান এলএনজি টার্মিনালের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। এর মধ্যে একটি তাদের নিজস্ব মালিকানাধীন এবং অন্যটি সামিট গ্রুপের কাছ থেকে ভাড়া নেওয়া। পাশাপাশি ২০২৬ সাল থেকে প্রতিষ্ঠানটির কাছ থেকে দীর্ঘমেয়াদে এলএনজি কেনার চুক্তি রয়েছে বাংলাদেশের।
বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশের জ্বালানি আমদানি বাড়ানোর সিদ্ধান্ত এই চুক্তিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। চুক্তি অনুযায়ী, ১৫ বছরে ধাপে ধাপে প্রায় এক লাখ কোটি টাকার এলএনজি বাংলাদেশে সরবরাহ করবে অ্যাকসিলারেট এনার্জি। প্রতিষ্ঠানটির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ২০৪০ সাল পর্যন্ত বছরে প্রায় ৮৫ লাখ থেকে ১০ লাখ টন এলএনজি সরবরাহের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ২০২৭ সালে ২৮টি কার্গো এবং ২০২৮ থেকে ২০৪০ সাল পর্যন্ত প্রতিবছর ১৬টি করে কার্গো আসার কথা। এ সরবরাহের গড় বার্ষিক ব্যয় প্রায় ৬০০ মিলিয়ন ডলার হতে পারে।
দীর্ঘমেয়াদি চুক্তির বাইরেও স্পট মার্কেট থেকে এলএনজি সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে প্রায় ৬৩৭ মিলিয়ন ডলার মূল্যের ১৬টি কার্গো সরবরাহের তথ্য পাওয়া গেছে। ভবিষ্যতে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আরও বিপুল পরিমাণ এলএনজি সরবরাহের সুযোগও রয়েছে।
এ অবস্থায় পিটার হাসের কৌশলগত ভূমিকা ও তাঁর প্রতিষ্ঠানের ব্যবসায়িক সম্প্রসারণের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। সমালোচকদের আশঙ্কা, সাবেক রাষ্ট্রদূত হিসেবে অর্জিত কূটনৈতিক যোগাযোগ ও অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির ব্যবসায়িক স্বার্থে কাজে লাগতে পারে। যদিও এ ধরনের কোনো অনিয়ম বা স্বার্থের সংঘাতের প্রমাণ পাওয়া যায়নি।
আরও পড়ুন: লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
উল্লেখ্য, রাষ্ট্রদূত থাকাকালে বাংলাদেশের নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে সরব ছিলেন পিটার হাস। তৎকালীন আওয়ামী লীগ সরকার তাঁর বিভিন্ন কর্মকা-কে অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ হিসেবে দেখেছিল। অন্যদিকে বিএনপি ও জামায়াতসহ তখনকার বিরোধী দলগুলোর কাছে তিনি ছিলেন তুলনামূলক গ্রহণযোগ্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন