১১:১০ এম
প্রিন্স হ্যারি, ব্রিটিশ রাজপরিবারের সদস্য, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জয়ী হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি যুদ্ধ শেষ হলে ইউক্রেনে ইনভিকটাস গেমস আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রিন্স হ্যারি ইউক্রেনে দুই দিনের সফরে গিয়ে যুদ্ধে আহত সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এটি ২০২২ সালে রাশিয়ার আগ্রাসন শুরুর পর তার চতুর্থ ইউক্রেন সফর।
সফরের অংশ হিসেবে তিনি দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে যান। সেখানে যুদ্ধাহত ব্যক্তিদের চিকিৎসাসেবায় নিয়োজিত বিশেষায়িত প্রতিষ্ঠান সুপারহিউম্যানস আয়োজিত চিকিৎসক সম্মেলনে তিনি বক্তব্য রাখেন।
আরও পড়ুন: গণহত্যার ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের পুনর্বাসনে আইসিজে’র রায় মানতে হবে: ইইউ
শনিবার সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে হ্যারি বলেন, “আপনারা এই যুদ্ধে জয়ী হবেন। এরপর সাফল্যের পথে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের প্রস্তুত করা হবে।”
তবে নিরাপত্তার কারণে ইউক্রেন ছাড়ার পর তার এসব বক্তব্য প্রকাশের অনুমতি দেওয়া হয়।
অন্য একটি অনুষ্ঠানে হ্যারি হুইলচেয়ার রাগবি খেলোয়াড়দের অনুশীলন দেখেন। তারা আগামী বছরের ইনভিকটাস গেমসের প্রস্তুতি হিসেবে অনুশীলন করছিলেন। প্রিন্স হ্যারি এই ক্রীড়া প্রতিযোগিতার প্রতিষ্ঠাতা, যা সামরিক বাহিনীর সদস্য ও যুদ্ধফেরত সেনাদের জন্য আয়োজন করা হয়। ২০১৪ সালে সেনাবাহিনীতে কর্মরত থাকাকালে তিনি এ প্রতিযোগিতার সূচনা করেন।
আগামী বছর ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিতব্য ইনভিকটাস গেমসে ইউক্রেন ৬০ জন প্রতিযোগী পাঠানোর পরিকল্পনা করছে। প্রিন্স হ্যারি আহত সেনা ও সাবেক সেনাদের বলেন, তিনি ভবিষ্যতে ইউক্রেনেও এই প্রতিযোগিতা আয়োজনের আশা করছেন।
আরও পড়ুন: জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, জাতিসংঘের জলবায়ু সম্মেলন চুক্তি ছাড়াই শেষ হওয়ার শঙ্কা
হ্যারি বলেন, “যুদ্ধ শেষ হলে এবং ইউক্রেন জয়ী হলে ইনভিকটাস গেমস আয়োজনের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করতে আমরা প্রস্তুত থাকব।”
প্রথা অনুযায়ী, ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা সাধারণত রাজনৈতিক বিষয়ে সরাসরি মন্তব্য করেন না। তবে রাজা তৃতীয় চার্লসসহ রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যরা বিভিন্ন সময়ে ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়েছেন।
অন্যদিকে রাজপরিবারের কর্মরত সদস্য না হওয়ায় প্রিন্স হ্যারি এ বিষয়ে তুলনামূলকভাবে খোলামেলা বক্তব্য দিয়েছেন। চলতি বছরের শুরুতে ইউক্রেন সফরের সময় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন।
তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল
আরও পড়ুন: রাশিয়ার সঙ্গে চুক্তিতে ইউরোপীয়দের রাজি করানোর চেষ্টা ট্রাম্পের: ডব্লিউপি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন