০৮:৫৪ এম
বেদানা, আখরোট এবং বেরি জাতীয় ফলকে সাধারণত স্বাস্থ্যকর খাবারের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। সম্প্রতি গবেষকরা এসব খাবারে উপস্থিত একটি উপাদানের বিষয়ে নতুন আশার খবর জানিয়েছেন। গবেষণায় দেখা গেছে, এসব খাবার খাওয়ার পর অন্ত্রে গঠিত ‘ইউরোলিথিন এ’ নামক যৌগ হার্ট ফেইলিওরের একটি নির্দিষ্ট ধরনের ক্ষেত্রে হৃদযন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করতে সহায়তা করতে পারে।
কিংস কলেজ লন্ডনের গবেষকদের পরিচালিত এই গবেষণায় প্রাণীর ওপর পরীক্ষায় ‘ইউরোলিথিন এ’ ব্যবহারের ফলে হৃদযন্ত্রের কার্যকারিতায় ৮০ শতাংশ পর্যন্ত উন্নতি লক্ষ্য করা গেছে। তবে এই ফলাফলকে মানুষের ক্ষেত্রে ডালিম খেয়ে হার্ট ফেইলিওর ভালো হওয়ার প্রমাণ হিসেবে গ্রহণ করা যাবে না। গবেষণাটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
গবেষণাটি সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত হয়েছে। এতে মূলত ‘হার্ট ফেইলিওর উইথ প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন’ বা HFpEF নিয়ে আলোচনা করা হয়েছে। এই ধরনের হার্ট ফেইলিওরে হৃদযন্ত্র রক্ত পাম্প করতে সক্ষম হলেও হৃদপেশি শক্ত হয়ে যায়। ফলে প্রতিটি হৃদস্পন্দনের পর হৃদযন্ত্র সঠিকভাবে শিথিল হয়ে রক্তে পূর্ণ হতে পারে না।
আরও পড়ুন: সত্য ঘটনা অবলম্বনে অপরাধের গল্পে মানুষের আসক্তি কেন বাড়ছে
কী এই ইউরোলিথিন এ
ইউরোলিথিন এ সাধারণভাবে বেদানায় পাওয়া কোনো উপাদান নয়। ডালিম, আখরোট এবং কিছু বেরি জাতীয় ফলে উপস্থিত ‘এলাজিটানিন’ অন্ত্রের নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়ার মাধ্যমে ভেঙে গিয়ে শরীরে ইউরোলিথিন এ তৈরি করে।
তবে সবার শরীরে একই পরিমাণ এই যৌগ তৈরি হয় না। কারণ মানুষের অন্ত্রের ব্যাকটেরিয়ার গঠন ভিন্ন ভিন্ন। এ কারণে একই ধরনের খাবার খেলে শরীরে ইউরোলিথিন এ তৈরির পরিমাণে পার্থক্য হতে পারে।
কীভাবে হৃদযন্ত্রের উপকার হতে পারে
আরও পড়ুন: শীতের সঙ্গী কম্ফোর্টার, উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে নতুনত্ব
গবেষকদের ধারণা, ইউরোলিথিন এ হৃদপেশির শিথিল হওয়ার ক্ষমতা বাড়াতে পারে। গবেষণায় দেখা গেছে, এই যৌগটি ‘PKGla' নামক একটি প্রোটিনকে সক্রিয় করে, যা রক্তনালীর কার্যকারিতা এবং হৃদপেশির শিথিলতার সঙ্গে সম্পর্কিত।
প্রাণীর ওপর পরীক্ষায় ইউরোলিথিন এ ব্যবহারের পর হৃদযন্ত্রের কার্যকারিতা চিকিৎসা না পাওয়া প্রাণীদের তুলনায় ৮০ শতাংশ পর্যন্ত উন্নত হয়েছে। একই সঙ্গে হৃদপেশিতে ফাইব্রোসিস বা ক্ষতিকর ক্ষত-কলা এবং হৃদপেশির কোষের অস্বাভাবিক বৃদ্ধিও কম দেখা গেছে।
মানব টিস্যুতেও মিলছে আশাব্যঞ্জক ফল
শুধু প্রাণীর ওপর নয়, গবেষকরা মানুষের স্টেম সেল থেকে তৈরি হৃদপেশির টিস্যুতেও ইউরোলিথিন এ পরীক্ষা করেছেন। সেখানে যৌগটি প্রয়োগের পর টিস্যুর শিথিল হওয়ার ক্ষমতা উন্নত হতে দেখা গেছে।
আরও পড়ুন: আজ আন্তর্জাতিক পুরুষ দিবস: পুরুষদের স্বাস্থ্য ও অবদানের স্বীকৃতি
তবে এটি জীবিত মানুষের হৃদযন্ত্র নয়। তাই এই ফলাফল থেকে এখনই বলা সম্ভব নয় যে হার্ট ফেইলিওরে আক্রান্ত মানুষের ক্ষেত্রেও একই ফল পাওয়া যাবে।
তাহলে কি বেদানা খেলে হার্ট ফেইলিওর ভালো হবে? গবেষণায় এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে শুধুমাত্র ডালিম খেলে হার্ট ফেইলিওরের চিকিৎসা সম্ভব।
গবেষকদের মতে, খাবারের মাধ্যমে শরীরে কতটা ইউরোলিথিন এ তৈরি হবে, তা ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে। তাই ডালিম বা এলাজিটানিনসমৃদ্ধ অন্য খাবার খেলেই নির্দিষ্ট পরিমাণ ইউরোলিথিন এ শরীরে তৈরি হবে-এমন নিশ্চয়তা নেই।
বিট্রিশ হার্ট ফাউন্ডেশনের গবেষণা পরিচালক অধ্যাপক জেমস লেইপার বলেন, গবেষণার ফলাফল আশাব্যঞ্জক হলেও এর সুফল এখন পর্যন্ত প্রাণী এবং গবেষণাগারে তৈরি মানব টিস্যুতে দেখা গেছে। মানুষের ক্ষেত্রে এটি কার্যকর ও নিরাপদ কি না, তা জানতে ক্লিনিক্যাল ট্রায়াল প্রয়োজন।
আরও পড়ুন: মৃত্যুর আগে সহপাঠীদের সঙ্গে ক্লাস করতে চেয়েছিল বেইবেই, দুদিন পরই নিভল প্রাণ
তাহলে বেদানাকে স্বাস্থ্যকর খাদ্যতালিকার অংশ হিসেবে রাখা যেতে পারে, কিন্তু হার্ট ফেইলিওরের চিকিৎসার বিকল্প হিসেবে নয়।
সূত্র: এনডিটিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন