বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৪১ পি.এম
বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক পুরুষ দিবস। প্রতি বছর ১৯ নভেম্বর তারিখে পুরুষদের স্বাস্থ্য, মানসিক সুস্থতা এবং সমাজে তাদের ইতিবাচক অবদানকে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে এই দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি বাবা, ভাই, স্বামী, ছেলে কিংবা প্রিয় সঙ্গী—জীবনের বিভিন্ন সম্পর্কের মাধ্যমে আমাদের পাশে থাকা পুরুষদের প্রতি সম্মান জানানোর একটি বিশেষ দিন। এর মূল উদ্দেশ্য হলো পুরুষদের ইতিবাচক অবদানগুলোকে সামনে আনা এবং তাদের সামগ্রিক সুস্থতাকে গুরুত্ব দেওয়া।
২০২৬ সালের আন্তর্জাতিক পুরুষ দিবসের বৈশ্বিক থিম হলো ‘দ্য ফিউচার ইজ এভরিওয়ান’ (The Future Is Everyone)। এর বাংলা অর্থ হচ্ছে ‘ভবিষ্যৎ সবার’।
এই থিমের মাধ্যমে নারী ও পুরুষের পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা এবং অন্তর্ভুক্তির ভিত্তিতে একটি বৈষম্যহীন এবং সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
পুরুষদের জন্য একটি আলাদা দিবস পালনের ধারণাটি প্রথম আলোচনায় আসে ১৯৬০-এর দশকে। তখন বিভিন্ন মহল থেকে দাবি উঠেছিল যে, আন্তর্জাতিক নারী দিবসের মতো পুরুষদের জন্যও একটি বিশেষ দিন থাকা উচিত।
১৯৯০-এর দশকের শুরুতে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অস্ট্রেলিয়ার কয়েকটি সংগঠন অধ্যাপক থমাস ওস্টারের নেতৃত্বে ফেব্রুয়ারি মাসে পুরুষ দিবস পালনের উদ্যোগ গ্রহণ করে। ১৯৯৪ সালে কিছু স্থানে অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে এই উদ্যোগটি তেমন জনপ্রিয়তা লাভ করেনি।
এরপর ১৯৯৯ সালে ত্রিনিদাদ ও টোবাগোর ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জেরোম তিলকসিংহ দিবসটি পুনরায় চালু করেন। তবে তিনি তার বাবার জন্মদিন ১৯ নভেম্বরকে এই দিবসের তারিখ হিসেবে নির্বাচন করেন। সেই থেকে প্রতি বছর বিশ্বের ৮০টিরও বেশি দেশে আন্তর্জাতিক পুরুষ দিবস নিয়মিতভাবে উদযাপন করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাক দেওয়া দেশব্যাপী লকডাউন কর্মসূচির প্রভাব তেমনভাবে অনুভূত হয়নি। জেলার সার্বিক পরিস্থিতি ছিল স্বাভাবিক, বিচ্ছিন্ন কিছু ঘটনা ও সীমিত পরিসরে মিছিলের চেষ্টা ছাড়া। শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল, দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান এবং মানুষের কর্মচাঞ্চল্যে বড় ধরনের বিঘ্ন ঘটেনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বরগুনা জেলা শহরসহ বিভিন্ন এলাকায় লকডাউন কর্মসূচি নিয়ে কিছুটা উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। শহরের প্রধান সড়ক, বাজার, বিপণিবিতান ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মানুষের উপস্থিতি ছিল স্বাভাবিক। রিকশা, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন নিয়মিতভাবে চলাচল করেছে।
লকডাউন কর্মসূচির কারণে কোথাও বড় ধরনের জনসমাগম, সড়ক অবরোধ কিংবা দীর্ঘস্থায়ী যান চলাচল বন্ধের ঘটনা ঘটেনি। অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান খোলা ছিল। সাধারণ মানুষকে দৈনন্দিন কাজকর্ম স্বাভাবিকভাবে করতে দেখা গেছে।
তবে কর্মসূচিকে ঘিরে কিছু বিচ্ছিন্ন তৎপরতার খবর পাওয়া গেছে। এর মধ্যে জেলা শহরে মশাল মিছিলের মতো কর্মসূচি ছিল অন্যতম। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যানারে কর্মসূচি পালনের চেষ্টা নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হলেও তা ব্যাপক আকার ধারণ করতে পারেনি। এসব বিচ্ছিন্ন তৎপরতা ছাড়া লকডাউনের পক্ষে বড় ধরনের সাংগঠনিক উপস্থিতি বা কার্যকর কর্মসূচি চোখে পড়েনি।
এদিকে, লকডাউন ঘিরে নাশকতা ও জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল। জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীরাও মাঠে সক্রিয় ছিলেন।
জেলা বিএনপির সদস্যসচিব এস এম হুমায়ুন হাসান শাহিন বলেন, "গতকাল থেকেই জেলা বিএনপির নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ছিল বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।" তিনি আরও জানান, একাধিক টিম গঠন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে। যাতে শিক্ষার্থী ও অভিভাবকেরা কোনো ধরনের উদ্বেগ ছাড়াই স্বাভাবিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত ও লেখাপড়া করতে পারেন, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে বরগুনার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুকিত হাসান খান বলেন, "কথিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা যাতে ঘটতে না পারে, সে জন্য বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল।" তিনি জানান, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখতে শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ সদস্যরা অবস্থান নেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সার্বক্ষণিক তৎপর ছিল।
স্থানীয় সচেতন মহলের মতে, রাজনৈতিক কর্মসূচির সফলতা কিংবা ব্যর্থতা নির্ধারণে জনসম্পৃক্ততা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বরগুনায় ঘোষিত লকডাউন কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ কিংবা স্বতঃস্ফূর্ত সাড়া তেমনটা দেখা যায়নি। ফলে বিচ্ছিন্ন কিছু তৎপরতার বাইরে কর্মসূচিটি জনজীবনে উল্লেখযোগ্য কোনো প্রভাব ফেলতে পারেনি।
সব মিলিয়ে, দেশব্যাপী লকডাউন কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে বরগুনায় যে ধরনের অচলাবস্থা বা জনদুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছিল, বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া জেলার সার্বিক পরিস্থিতি ছিল স্বাভাবিক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের ফাতিহা আয়াত আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ইয়ুথ ক্লাবসের (World Youth Clubs) ২০২৬ সালের ‘ইয়ুথ অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছেন।
তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটির আয়োজিত ‘প্রমিজ অ্যাওয়ার্ডস’-এ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে এই স্বীকৃতি লাভ করেন।
আয়োজকদের দেওয়া তথ্যমতে, ফ্লোরিডাভিত্তিক ওয়ার্ল্ড ইয়ুথ ক্লাবস প্রতিবছর ৫০টিরও বেশি দেশের পাঁচ লাখেরও বেশি কিশোর-কিশোরীর অংশগ্রহণে প্রমিজ অ্যাওয়ার্ডস আয়োজন করে।
এই আয়োজনে অসংখ্য তরুণের মধ্যে একজনকে ‘ইয়ুথ অব দ্য ইয়ার’ সম্মাননায় ভূষিত করা হয়।
ফাতিহা আয়াতের প্রতিদ্বন্দ্বী ছিলেন গুয়াতেমালার কারেন অ্যাবিগেইল, যুক্তরাজ্যের অ্যাডাম হেনসন এবং মেক্সিকোর এলিসমা আদামারি। তাদেরকে পিছনে ফেলে বিজয়ী হন ফাতিহা।
ফাতিহা আয়াতের এই অর্জনকে বাংলাদেশের জন্য গৌরবের বলে উল্লেখ করেছেন তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : দেশের স্বাস্থ্যসেবা কার্যক্রমের সম্প্রসারণ এবং জনবল সংকট সমাধানের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিনটি মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য নতুন পদ সৃজনের উদ্যোগ গ্রহণ করেছে।
এ উদ্দেশ্যে মোট ছয়টি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আগামী রোববার সভা আহ্বান করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।
মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-৪ শাখা থেকে গত মঙ্গলবার প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, আগামী ২২ নভেম্বর রোববার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ভবন নম্বর-৩-এর ৩০৩ নম্বর সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব।
সভায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার জন্য ৩ হাজার ৬৯৩টি, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ১ হাজার ৮১৪টি এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ২ হাজার ৫৭৫টি পদ রাজস্বখাতে সৃষ্টির প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। এই তিনটি হাসপাতালে মোট ৮ হাজার ১২২টি পদ সৃজনের প্রস্তাব রয়েছে।
এছাড়া, দেশের ৩৬টি জেলার সিভিল সার্জন কার্যালয়ের অধীনে জেলা কীটতত্ত্ববিদ এবং চারটি বিভাগে বিভাগীয় কীটতত্ত্ববিদের জন্য ৪০টি পদ সৃজনের প্রস্তাবও আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অন্যদিকে, দিনাজপুর, বাগেরহাট, লালমনিরহাট, টাঙ্গাইল, ফরিদপুর, নড়াইল, পঞ্চগড়, কক্সবাজার, গোপালগঞ্জ, ঝিনাইদহ, লক্ষ্মীপুর, ঝালকাঠি ও সাতক্ষীরা জেলা সদর ও জেনারেল হাসপাতালের জন্য রাজস্বখাতে পদ সৃজনের বিষয়েও আলোচনা হবে।
এছাড়া, চট্টগ্রামের পটিয়া ও পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য নতুন পদ সৃজনের প্রস্তাবও সভার আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নোটিশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে রাজস্বখাতে পদ সৃজন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রস্তাবগুলো সভায় পর্যালোচনার পর পরবর্তী প্রশাসনিক ও আর্থিক প্রক্রিয়ার মাধ্যমে পদ সৃজনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এবং জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি জানান, গভীর রাতে মুসাদ্দিকের ফুফুর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ভিপি সাদিক কায়েম এই তথ্য তুলে ধরেন এবং এই ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেন।
বিবৃতিতে সাদিক কায়েম উল্লেখ করেন, ডাকসুর সাহিত্য সম্পাদক ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে ফ্যাসিস্ট লীগের সন্ত্রাসীরা। তিনি জানান, গতকাল গভীর রাতে কাপুরুষের মতো মুসাদ্দিকের ফুফুর বাড়িতে আগুন দিয়েছে এই সন্ত্রাসী বাহিনী।
সাম্প্রতিক অস্থিরতা ও সহিংসতার প্রসঙ্গ টেনে ডাকসু ভিপি বলেন, আগস্টে পালিয়ে যাওয়া দেশের শত্রুরা আবারও নতুন হিংস্রতা নিয়ে ফিরে এসেছে এবং চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ ঘোষণা করেছে। সাদিক কায়েম মন্তব্য করেন, আগামী মাসেই এই অপশক্তির রাজনৈতিকভাবে চূড়ান্ত পতন ঘটবে এবং এই ডিসেম্বরেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ।
এদিকে, হামলার ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ জানান, গোপালগঞ্জের মুকসুদপুরে অবস্থিত তার বাড়িতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে মুসাদ্দিক বলেন, "আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ মুকসুদপুরে। ওরা গত কয়েক দিন—সপ্তাহ জুড়েই পরিকল্পিতভাবে ক্যাম্পেইন করছিল এবং হুমকি দিয়ে আসছিল যে তারা আমার বাড়িঘর ভাঙচুর করে আগুন দেবে, বাড়িঘরে যারা থাকে তাদেরকে মেরে ফেলবে, লুটপাট করবে—এ ধরনের হুমকি-ধমকি তারা দিয়ে আসছিল।"
তিনি আরো জানান, "তো এই হিসেবে গত ফজরের সময় ওরা আমাদের বাড়িতে আগুন দেয়। আমাদের বাড়ি বলতে আমাদের সম্পর্কে ফুফু হন, আমাদের একসাথেই বাড়ি। ওই বাড়িতে আগুন দেয় ফজরের সময় এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর আজকে দুপুরের কাছাকাছি সময়ে তারা পুনরায় আমার বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে এবং আমাদের গ্রামে আরো অনেকগুলো বাড়িতে তারা ভাঙচুর ও লুটপাট করেছে। তবে আল্লাহর অশেষ রহমত যে, হামলা শুরু হওয়ার আগে আমার পরিবারের যারা ওখানে ছিলেন, তারা নিরাপদ দূরত্বে সরে যেতে পেরেছিলেন, এজন্য তারা প্রাণে বেঁচে গিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ