০৯:৩৩ পি.এম
আসন্ন শীত মৌসুমে (ডিসেম্বর ২০২৬ থেকে ফেব্রুয়ারি ২০২৭) সামগ্রিকভাবে কম বৃষ্টিপাত এবং বেশি শীতের সম্ভাবনা রয়েছে। একই সময়ে এল-নিনোর প্রভাব ফেব্রুয়ারি পর্যন্ত শক্তিশালী থাকতে পারে। আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতে শীত, তাপপ্রবাহসহ বিভিন্ন মৌসুমি দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেছেন।
সোমবার ঢাকায় অনুষ্ঠিত ন্যাশনাল ক্লাইমেট অ্যাপ্লিকেশন ফোরামের (এনসিএএফ) শীতকালীন অধিবেশন ২০২৬-এ এসব পূর্বাভাস এবং সুপারিশ উপস্থাপন করা হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) এবং রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেমের (রাইমস) যৌথ উদ্যোগে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: ঢাকাসহ ১০ অঞ্চলে রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
যুক্তরাজ্য-বাংলাদেশ হাইড্রোমেটিওরোলজিক্যাল কোলাবোরেশন এবং প্রোটিষ্ঠা কনসোর্টিয়ামের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তা বিভাগ (ইকো) এবং যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) সহায়তা প্রদান করে।
অনুষ্ঠানে বিএমডির আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ ২০২৬-২৭ সালের শীত মৌসুমের মৌসুমি ও মাসভিত্তিক জলবায়ুর পূর্বাভাস তুলে ধরেন। তিনি জানান, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি—এই তিন মাসে সামগ্রিকভাবে কম বৃষ্টিপাতসহ বেশি শীতের সম্ভাবনা রয়েছে।
বিএমডির আবহাওয়াবিদ এস এম কামরুল হাসান এল-নিনোর পরিস্থিতি এবং এর সম্ভাব্য জলবায়ুগত প্রভাব নিয়ে আলোচনা করেন। তিনি উল্লেখ করেন যে, এল-নিনোর প্রভাব ফেব্রুয়ারি পর্যন্ত শক্তিশালী থাকতে পারে।
এর আগে বিএমডির পরিচালক মো. মমিনুল ইসলামের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অধিবেশন শুরু হয়। তিনি ফোরামের ভূমিকা তুলে ধরেন, যা বহুমুখী দুর্যোগ ঝুঁকি নিয়ে নিয়মিত আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূলের সাগর উত্তাল, ৩ নম্বর বিপদ সংকেত
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (হাইড্রোলজি) ড. মো. সাজ্জাদ হোসেন আবহাওয়া ও জলবায়ু তথ্য ব্যবস্থার ধারাবাহিক ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন, যাতে স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রস্তুতি বাড়ানো যায়।
কারিগরি অধিবেশনে বিএমডির আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক ২০২৫ সালের শীত মৌসুমের আবহাওয়া ও পূর্বাভাসের কার্যকারিতা পর্যালোচনা করেন। তিনি জানান, ওই বছরের পুরো শীত মৌসুমে তীব্র শুষ্ক আবহাওয়া বিরাজ করে। জানুয়ারিতে নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
অধিবেশনে মৌসুমি পূর্বাভাসকে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের উপযোগী পরামর্শে রূপান্তরের ওপর গুরুত্ব দেওয়া হয়। অংশগ্রহণকারীরা একটি ডিজিটাল সমন্বিত প্ল্যাটফর্ম এবং জাতীয় জলবায়ু সেবা কাঠামো (এনএফসিএস) গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এছাড়া, তাপপ্রবাহের সতর্কতা তৈরিতে সর্বোচ্চ তাপমাত্রার পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা এবং মানুষের অনুভূত তাপমাত্রা বিবেচনায় নেওয়ার সুপারিশ করা হয়। রাইমসের আবহাওয়া বিশেষজ্ঞ খান মো. গোলাম রব্বানী এবং ড. বজলুর রশিদ এ বিষয়ে বিশেষ অধিবেশন পরিচালনা করেন।
আরও পড়ুন: প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ২ দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস প্রস্তুত ও প্রচারের কার্যক্রম তুলে ধরেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মনজুর রহমান। অন্যদিকে, রাইমসের কান্ট্রি আইটি লিড নাজমূল আহসান সমন্বিত আগাম সতর্কবার্তা ব্যবস্থার অংশ হিসেবে ইনস্ট্যান্ট সাউথ এশিয়া পোর্টালের ব্যবহারিক দিক তুলে ধরেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন