০৯:৩৪ পি.এম
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় শহর ইজমিরের নিকটবর্তী একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ফলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন ১২ জনেরও বেশি। সোমবার গভর্নরের কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
প্রাথমিকভাবে ইজমিরের গভর্নরের কার্যালয় জানায়, বিস্ফোরণে তিনজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। এ ছাড়া, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন ১০ জন। পরে হতাহতের সংখ্যা হালনাগাদ করে জানানো হয়, আহতদের একজন এবং ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা আরও দুজনের মৃত্যু হয়েছে। ফলে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।
ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, ইজমির থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাশ দেমির চেলিক কারখানার একটি উঁচু স্থাপনায় বিস্ফোরণের পর আগুন জ্বলছে। এ সময় কারখানার ওপর দিয়ে আকাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী।
আরও পড়ুন: নুহা হত্যার ৯ দিনেও গ্রেপ্তার নেই, ২৪ ঘণ্টার আলটিমেটাম
বিস্ফোরণের সময় ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন প্রত্যক্ষদর্শী দেনিজ উলকে। তিনি বিস্ফোরণের শব্দকে ভূমিকম্পের মতো মনে করেছিলেন।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে তিনি বলেন, "বিস্ফোরণের সময় মনে হচ্ছিল পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে।" প্রথমে তাঁর ধারণা হয়েছিল, ভূমিকম্প হচ্ছে। পরে রাস্তার ওপারে কারখানার দিকে তাকিয়ে দেখেন, সেখান থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে এবং চিমনি থাকা স্থানে আগুন জ্বলছে।
কারখানার ট্রাকচালক তুরান ইলবেও বিস্ফোরণের শব্দকে বোমা বিস্ফোরণের সঙ্গে তুলনা করেছেন।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তরল ইস্পাত ঢালাইয়ের কাজে ব্যবহৃত একটি বড় শিল্প চুল্লির ওপর ক্রেন ভেঙে পড়ার পর বিস্ফোরণটি ঘটে।
আরও পড়ুন: বারিধারায় সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেফতার
ইজমিরের মেয়র জেমিল তুগে জানিয়েছেন, উদ্ধারকারী দলগুলো চুল্লির ভেঙে পড়া অংশ এবং ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় নিহত ও আহত সবাই ওই কারখানার শ্রমিক বলে জানা গেছে।
সূত্র: এএফপি
এআরবি
আরও পড়ুন: আইসিজের রায়কে ইতিবাচক বললেন জামায়াত আমির, রোহিঙ্গাদের দুই বছরের মধ্যে প্রত্যাবর্তনের দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন