১২:০১ পি.এম
দিনভর সোনালি ধানের পরিচর্যা চলছিল, ঘরে তোলার অপেক্ষা ছিল কৃষকদের। এর মধ্যেই মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে হঠাৎ বৃষ্টির সঙ্গে শুরু হয় প্রচণ্ড শিলাবৃষ্টি। মাত্র দুই থেকে তিন মিনিটের শিলাবৃষ্টিতে কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলার মাঠে থাকা রোপা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বিশেষ করে যেসব জমির ধান পাকতে শুরু করেছে, সেসব ফসলের ক্ষতির আশঙ্কায় এখন কপালে হাত কৃষকের।
স্থানীয় বাসিন্দারা জানান, কোনো পূর্বাভাস ছাড়াই আচমকা নেমে আসে শিলার ঝড়। কয়েক মিনিটের শিলাবৃষ্টিতে উঠতি আমন ধানের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিয়ে রাতেই উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে কৃষকদের মধ্যে।
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক নুরুল ইসলাম বলেন, ‘হঠাৎ করেই রাতে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। মাঠে উঠতি আমন ধান রয়েছে। এতে কী পরিমাণ ক্ষতি হয়, সেই চিন্তায় আছি।’
আরও পড়ুন: মেহেরপুরে ৪শ কৃষকের মাঝে মসুর বীজ বিতরণ
একই এলাকার আমনচাষি সামছুল হক বলেন, ‘আমার কয়েক বিঘা জমির ধান পাকতে শুরু করেছে। ঠিক এই সময় শিলাবৃষ্টি হলো। এতে ধানের ব্যাপক ক্ষতি হতে পারে। অনেক টাকা খরচ করে আবাদ করেছি। এমন দুর্যোগের মুখে পড়লে আমরা কীভাবে বাঁচব?’
কৃষকদের আশঙ্কা, শিলাবৃষ্টিতে ধানের শিষ ও গাছ ক্ষতিগ্রস্ত হলে ফলন কমে যেতে পারে। আর এই সময়ে ক্ষতি হলে ঘরে ধান তোলার আগেই বড় ধরনের লোকসানে পড়তে হবে তাদের।
কুড়িগ্রামের আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, রাতে পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সাথে বিক্ষিপ্ত শীলাভাবে শীলা বৃষ্টিও হয়েছে। এতে ফসলের কিছুটা ক্ষতি হয়েছে।
রাত হওয়ায় কৃষি বিভাগের কোনো কর্মকর্তার বক্তব্যও পাওয়া যায়নি।
আরও পড়ুন: ঝিনাইদহে ঘূর্ণিঝড়ের প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, পাকা ধানের ক্ষতির শঙ্কা
উল্লেখ্য, জেলায় এবার ১ লাখ ২১ হাজার হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন