১২:৪৪ এম
বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দশম ল্যান্ড ফোর্সেস টকস (এলএফটি)-২০২৬ দুই দিনব্যাপী সফলভাবে সম্পন্ন হয়েছে। এই বৈঠক গতকাল মঙ্গলবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে শেষ হয়। বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় এবং কৌশলগত অংশীদারি জোরদারের বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এই তথ্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়।
আইএসপিআর জানায়, বৈঠক শুরুর আগে ২৬ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের প্রধান, যিনি যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের (ইউএসএআরপ্যাক) স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানস বিষয়ক ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল জাইলস জে এস কর্নেলিয়া। আলোচনায় বাংলাদেশের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান।
বৈঠকে উভয় পক্ষ সামরিক সহযোগিতা জোরদার, পারস্পরিক দক্ষতা বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করে। এ সময় প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়, উন্নত প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম ব্যবহারে সক্ষমতা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে সহযোগিতার পরিধি সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আরও পড়ুন: দক্ষিণ কোরীয় শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার, আত্মহত্যার আশঙ্কা
এ ছাড়া প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সমন্বিত প্রস্তুতি গ্রহণ এবং কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের বিষয়েও উভয় পক্ষ ঐকমত্য পোষণ করে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের এই নিয়মিত সামরিক সংলাপ দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থা বৃদ্ধির পাশাপাশি প্রতিরক্ষা খাতের সক্ষমতা উন্নয়ন এবং দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক আরো সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন