ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শ্রীলীলার শুভেচ্ছা: কার্তিককে ‘ডোপামিনের উৎস’ বললেন


শ্রীলীলার শুভেচ্ছা: কার্তিককে ‘ডোপামিনের উৎস’ বললেন

বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ানের ৩৬তম জন্মদিন উপলক্ষে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী শ্রীলীলা। যদিও কার্তিকের সঙ্গে প্রেমের গুঞ্জন রয়েছে, তবে সম্পর্কের বিষয়ে কখনোই প্রকাশ্যে কিছু বলেননি তারা। জন্মদিনের এই বিশেষ দিনে কার্তিকের সঙ্গে একটি ছবি শেয়ার করে শ্রীলীলা তাকে ‘ডোপামিনের উৎস’ হিসেবে উল্লেখ করেছেন।

রবিবার (২২ নভেম্বর) শ্রীলীলা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কার্তিকের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাদের ডোপামিনের উৎস কার্তিক আরিয়ানকে জন্মদিনের শুভেচ্ছা। জন্মদিনে শুটিং থেকে একটু বিশ্রাম নিও।’

২০২৫ সালের মার্চ মাসে পরিচালক অনুরাগ বসুর একটি রোমান্টিক মিউজিক্যাল ছবির শুটিং শুরু করেন কার্তিক ও শ্রীলীলা। এরপর থেকেই তাদের প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। কার্তিকের বোন কৃতিকা তিওয়ারির একটি অনুষ্ঠানে শ্রীলীলার উপস্থিতি সেই জল্পনা আরো বাড়িয়ে দেয়।

আরও পড়ুন: কাজের মেয়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে কেঁদেছিলেন দীপিকা পাড়ুকোন

কার্তিকের মা মালা তিওয়ারি এক অনুষ্ঠানে জানিয়েছিলেন, ছেলের জন্য পরিবারের পছন্দ একজন চিকিৎসক। শ্রীলীলা চিকিৎসাবিষয়েও পড়াশোনা করেছেন, তাই ভক্তরা এই মন্তব্যের সঙ্গে তাকে মিলিয়ে দেখতে শুরু করেন।

তবে ২০২৫ সালের এপ্রিলে কার্তিক জানিয়েছিলেন, তিনি অবিবাহিত এবং কারও সঙ্গে প্রেমের সম্পর্কে নেই। ওই বছরের সেপ্টেম্বর মাসে গণেশ চতুর্থী উদযাপনে দুই পরিবারের সদস্যদের একসঙ্গে দেখা যাওয়ার পর গুঞ্জন আরো ছড়ায়। যদিও ২০২৬ সালের মে মাসে শ্রীলীলার মা স্বর্ণলতা এসব খবর নাকচ করেন। তিনি জানান, কার্তিকের মাকে তিনি পেশাগতভাবে চেনেন, কারণ দুজনই স্ত্রীরোগ বিশেষজ্ঞ।

এদিকে, অনুরাগ বসু পরিচালিত কার্তিক ও শ্রীলীলার নামহীন রোমান্টিক মিউজিক্যাল ছবিটি ২০২৭ সালের ৩০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটি প্রযোজনা করছেন ভূষণ কুমার এবং সংগীত পরিচালনায় রয়েছেন প্রীতম।

অন্যদিকে, কার্তিক বর্তমানে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। এই ছবিটি যুদ্ধবিধ্বস্ত একটি দেশ থেকে ভারতের নাগরিকদের সরিয়ে আনার বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে। ছবিটি পরিচালনা করছেন ‘চাক দে! ইন্ডিয়া’খ্যাত শিমিত আমিন। টি-সিরিজ, বাওয়েজা স্টুডিওস ও ডোপামিন স্টুডিওস যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে।

আরও পড়ুন: অনন্ত আম্বানি কি শাহরুখ খানকে চুপ করতে বলেছিলেন?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্দোনেশিয়ায় চীন থেকে বাংলাদেশগামী ৪০৫ টন বিস্ফোরক বোঝাই জাহাজ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৭ পি.এম


ইন্দোনেশিয়ায় চীন থেকে বাংলাদেশগামী ৪০৫ টন বিস্ফোরক বোঝাই জাহাজ জব্দ

উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলীয় জলসীমায় একটি বিদেশি জাহাজ আটক করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, জাহাজটিতে ৪০৫ টন রাসায়নিক পদার্থ সোডিয়াম পারক্লোরেট পাওয়া গেছে। এই জাহাজটি চীন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করছিল।

গত ৭ নভেম্বর, উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলীয় জলসীমায় জাহাজটিকে আটক করা হয় বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। ২০ নভেম্বর সাংবাদিক সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়। নৌবাহিনীর টহল জাহাজ কেআরআই সিগালু-৮৫৭ সমুদ্রপথে অস্বাভাবিক গতিবিধি শনাক্ত করে এমভি স্টার লাইনকে থামানোর নির্দেশ দেয়। জাহাজটি বেতার যোগাযোগে (রেডিও) কোনো সাড়া দিচ্ছিল না, যার ফলে অভিযান শুরু হয়।

তল্লাশির সময় জাহাজে থাকা মোট ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টিতে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট এবং ৫৪টি প্যালেটে লাখ লাখ খালি সিম কার্ড পাওয়া যায়।

সোডিয়াম পারক্লোরেট একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অক্সিডাইজার, যা মূলত রকেটের জ্বালানি বা প্রপেল্যান্ট এবং শক্তিশালী বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়।

সূত্র: এএফইউ , আন্তারা নিউজ

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে কারণে বিয়ের পর বদলে যায় ভালোবাসার প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


যে কারণে বিয়ের পর বদলে যায় ভালোবাসার প্রকাশ

বিয়ের আগে সম্পর্কের মধ্যে রোমান্টিকতা, আবেগ এবং একে অপরকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা বিদ্যমান থাকে। কিন্তু বিয়ের পর অনেকের মনে হয়, সঙ্গীর ভালোবাসা আগের মতো নেই। উপহার দেওয়া, ঘুরতে যাওয়া কিংবা দীর্ঘ সময় ধরে গল্প করার অভ্যাস কমে যায়। এই পরিস্থিতিতে ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং মনোমালিন্য বৃদ্ধি পায়। কখনো কখনো সম্পর্কের মধ্যে দূরত্বও সৃষ্টি হয়। তবে সম্পর্ক বিশেষজ্ঞরা বলেন, বিয়ের পর ভালোবাসার প্রকাশের ধরন পরিবর্তিত হওয়া মানেই ভালোবাসা কমে যাওয়া নয়।

সম্পর্কের শুরুতে থাকে আবেগ ও আকর্ষণ

প্রেমের শুরুতে দুজনই একে অপরকে মুগ্ধ করার চেষ্টা করেন। নিজেদের ভালো দিকগুলো তুলে ধরার পাশাপাশি ছোট ছোট বিষয়েও রোমান্টিকতা খুঁজে পান। একসঙ্গে সময় কাটানো, উপহার দেওয়া, ঘুরতে যাওয়া কিংবা দীর্ঘ সময় ফোনে কথা বলা হয়ে ওঠে ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম।

বিয়ের পর একই সংসারে বসবাস এবং বিভিন্ন দায়িত্ব ভাগ করে নেওয়ার ফলে সম্পর্কের ধরনে পরিবর্তন আসে। তখন ভালোবাসা প্রকাশ পায় দৈনন্দিন ছোট ছোট কাজে। সঙ্গীর ক্লান্তি বুঝে খাবার তৈরি করা, ঘরের কাজে সাহায্য করা কিংবা ব্যস্ততার মধ্যেও তার প্রয়োজনের কথা মনে রাখা এসব কাজও গভীর ভালোবাসার প্রকাশ হতে পারে।

ভালোবাসার ৫টি ধাপ

প্রেমে পড়া: সম্পর্কের প্রথম পর্যায়ে আবেগ ও আকর্ষণ থাকে তীব্র। প্রিয় মানুষটির কথা বারবার মনে পড়ে এবং তার সঙ্গে সময় কাটাতে ইচ্ছা করে। ছোট ছোট বিষয়ও তখন বিশেষ ও রোমান্টিক মনে হয়।

বিশ্বাস তৈরি হওয়া: সময়ের সঙ্গে দুজনের মধ্যে পারস্পরিক বিশ্বাস গড়ে ওঠে। কঠিন সময়ে সঙ্গী পাশে থাকবেন কি না, তার ওপর কতটা নির্ভর করা যায় এসব বিষয় স্পষ্ট হতে শুরু করে। বিশ্বাস বাড়লে সম্পর্কও স্থিতিশীল হয়।

মোহ কাটিয়ে বাস্তবতা বোঝা: সম্পর্কের শুরুর আবেগ কিছুটা কমে এলে সঙ্গীর ভালো দিকের পাশাপাশি সীমাবদ্ধতাগুলোও চোখে পড়ে। তখন বোঝা যায়, সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু আবেগ নয়, প্রয়োজন ধৈর্য, দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা।

সমস্যা মোকাবিলা করা: দাম্পত্য জীবনে মতবিরোধ, ভুল বোঝাবুঝি ও নানা ধরনের চাপ আসতে পারে। এ পর্যায়ে একে অপরকে দোষারোপ না করে খোলামেলা আলোচনা করা এবং সমাধানের চেষ্টা করাই সম্পর্ককে শক্তিশালী করে।

পরিণত ভালোবাসা: একসঙ্গে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করার মধ্য দিয়ে ভালোবাসা আরও গভীর হয়। তখন রোমান্টিক কথাবার্তার পাশাপাশি সম্মান, দায়িত্ব, যত্ন, সহযোগিতা এবং কঠিন সময়ে পাশে থাকাও ভালোবাসার গুরুত্বপূর্ণ প্রকাশ হয়ে ওঠে।

বিয়ের পর কেন আগের মতো মনে হয় না?

বিয়ের পর জীবনে যুক্ত হয় সংসারের দায়িত্ব, অর্থনৈতিক পরিকল্পনা, পারিবারিক বিষয়, কাজের চাপ এবং ভবিষ্যৎ নিয়ে নানা চিন্তা। ফলে আগের মতো সব সময় রোমান্টিক মুহূর্ত তৈরি করা সম্ভব হয় না। একই সঙ্গে একে অপরের অভ্যাস ও সীমাবদ্ধতাগুলোও আরও ভালোভাবে জানা হয়ে যায়।

এ কারণে সম্পর্কের আবেগের প্রকাশ বদলে যেতে পারে। তবে এই পরিবর্তনকে ভালোবাসার অবসান হিসেবে দেখা ঠিক নয়। বরং দাম্পত্যে ভালোবাসা ধরে রাখতে প্রয়োজন নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সম্মান এবং একে অপরের অনুভূতির প্রতি গুরুত্ব দেওয়া।

সম্পর্ক ভালো রাখতে যা জরুরি

বিয়ের পরও সঙ্গীর মন জয়ের চেষ্টা চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। ছোট ছোট প্রশংসা, একসঙ্গে সময় কাটানো, বিশেষ দিনে ভালোবাসা প্রকাশ কিংবা দৈনন্দিন কাজে সহযোগিতা সম্পর্ককে প্রাণবন্ত রাখতে পারে।

পাশাপাশি সঙ্গীর কাছ থেকে সব সময় আগের মতো রোমান্টিক আচরণ প্রত্যাশা না করে তিনি কীভাবে যত্ন ও ভালোবাসা প্রকাশ করছেন, সেটিও বোঝার চেষ্টা করতে হবে। কোনো বিষয়ে অভিমান বা অভিযোগ জমিয়ে না রেখে খোলামেলা কথা বলাও জরুরি।

মনে রাখতে হবে, ভালোবাসা সব সময় একইভাবে প্রকাশ পায় না। কখনো তা আবেগে, কখনো দায়িত্বে, আবার কখনো নীরব যত্নে প্রকাশিত হয়। দুজনের পারস্পরিক বোঝাপড়া, সম্মান ও মানিয়ে নেওয়ার মানসিকতাই একটি দীর্ঘস্থায়ী ও সুখী দাম্পত্য সম্পর্কের ভিত্তি গড়ে তোলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘোড়াঘাটে উপজেলা কৃষক লীগের সভাপতি শহীদুল ইসলাম আকাশ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


ঘোড়াঘাটে উপজেলা কৃষক লীগের সভাপতি শহীদুল ইসলাম আকাশ গ্রেফতার

দিনাজপুরের ঘোড়াঘাটে নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় শহীদুল ইসলাম আকাশ (৫৬) নামের এক কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে। রবিবার দিবাগত রাত ১২টার দিকে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। শহীদুল ইসলাম আকাশ দক্ষিণ দেবীপুর গ্রামের বাসিন্দা এবং ঘোড়াঘাট উপজেলা কৃষক লীগের সভাপতি।

মামলা সূত্রে জানা গেছে, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, জননিরাপত্তা বিঘ্নিত করা ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে, তবে ঘটনাস্থল থেকে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া ধারালো অস্ত্র, হাসুয়া, লাঠি ও লোহার রডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, "১৫ নভেম্বরের ঘটনায় দায়ের করা মামলাটি তদন্ত করতে গিয়ে শহীদুল ইসলাম আকাশের সংশ্লিষ্টতা পাওয়া গেলে রবিবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।" গ্রেপ্তার ব্যক্তিকে সোমবার দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর রাতে ঘোড়াঘাট পৌরসভার নিতাইশাহ মোড় এলাকায় কারিগরি কলেজের সামনে শহীদ-ফরিদের চালকলের চাতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মায়ের হত্যা মামলার সাক্ষী কিশোরী সায়নী শিকারির মৃত্যু, বাবার বিরুদ্ধে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


মায়ের হত্যা মামলার সাক্ষী কিশোরী সায়নী শিকারির মৃত্যু, বাবার বিরুদ্ধে অভিযোগ

ভারতের পশ্চিমবঙ্গের সোনারপুরে মায়ের হত্যা মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী নবম শ্রেণির এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় মাতামহের বাড়ি থেকে সায়নী শিকারি নামের ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বাবা সমীর শিকারি মাকে হত্যার মামলার প্রধান আসামি হিসেবে পরিচিত। সম্প্রতি, প্রায় তিন বছর কারাবন্দি থাকার পর তিনি জামিনে মুক্তি পান।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে সায়নীর মা মালা শিকারি খুন হন। এ ঘটনায় পুলিশ তার স্বামী সমীরকে গ্রেপ্তার করে। মায়ের মৃত্যুর পর থেকে সায়নী মাতামহ-মাতামহীর কাছে বসবাস করছিল। মাকে হত্যার ঘটনায় বাবার বিরুদ্ধে মামলায় সে গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে ছিল। তার জবানবন্দি বাবাকে গ্রেপ্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

পরিবারের সদস্যদের অভিযোগ, জামিনে মুক্তি পাওয়ার পর সমীর মেয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করেন। এ বিষয়ে উদ্বিগ্ন হয়ে স্বজনেরা পুলিশকে বিষয়টি জানান। তাদের দাবি, পুলিশ সায়নীর সিম কার্ড ও মোবাইল নম্বর পরিবর্তনের পরামর্শ দিয়েছিল। পরিবার সেই অনুযায়ী ব্যবস্থা নিলেও সমীর নতুন নম্বরটি জেনে যান বলে অভিযোগ স্বজনদের।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সায়নীর মাতৃকূলের স্বজনদের অভিযোগ, তার বাবা তাকে ভয়ভীতি দেখাতেন এবং মায়ের হত্যা মামলায় দেওয়া সাক্ষ্য পরিবর্তন করার জন্য চাপ দিয়ে থাকতে পারেন। তবে এ বিষয়ে বাবার বিরুদ্ধে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ করা হয়েছে কি না, তা নিশ্চিত নয়। পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঙ্গে আগের হত্যা মামলার কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো জানা যায়নি।

শনিবার বিকেলে বাড়িতে একা ছিল সায়নী। সন্ধ্যায় পরিবারের সদস্যরা ফিরে এসে ঘরের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত্যুর কারণ জানার জন্য ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করছে পুলিশ।

তদন্তের অংশ হিসেবে সায়নীর মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। মৃত্যুর আগে কারও সঙ্গে তার যোগাযোগ হয়েছিল কি না, তা জানতে ফোনের কল রেকর্ড ও বার্তা পরীক্ষা করা হচ্ছে। দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ফোনটি লক করা থাকায় এর তথ্য উদ্ধারে ফরেনসিক পরীক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সায়নীর মৃত্যুর কারণ এবং এর পেছনে কোনো ব্যক্তির ভূমিকা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, দ্য টেলিগ্রাফ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%