ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মিস ইউনিভার্সের সুইমস্যুট পর্বে মাহির ব্যতিক্রমী উপস্থিতি


মিস ইউনিভার্সের সুইমস্যুট পর্বে মাহির ব্যতিক্রমী উপস্থিতি

মিস ইউনিভার্স প্রতিযোগিতার সুইমস্যুট পর্বে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি ব্যতিক্রমী সাজে হাজির হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। যেখানে অধিকাংশ প্রতিযোগীকে বিকিনি বা দুই খণ্ডের সাঁতারের পোশাকে দেখা গেছে, সেখানে মাহি সম্পূর্ণ ভিন্ন এক লুক বেছে নিয়েছেন। পুরো শরীর ঢাকা ফিটিং নীল পোশাকে আত্মবিশ্বাসী উপস্থিতি দিয়ে বিশ্বমঞ্চে আলাদা করে নজর কেড়েছেন তিনি।

মিস ইউনিভার্স প্রতিযোগিতার সুইমস্যুট পর্বটি অন্যতম আকর্ষণীয় ও চ্যালেঞ্জিং আয়োজন। এই পর্বে সাধারণত প্রতিযোগীরা নিজেদের শারীরিক সৌন্দর্য, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব তুলে ধরেন। তবে প্রচলিত ধারার বাইরে গিয়ে মাহি ফুলহাতা নীল পোশাক পরিধান করেছেন। এর সঙ্গে ছিল নীল রঙের লম্বা কাপড়, যা হাঁটার সময় পেছনে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছিল। মাহির উপস্থাপনায় ফুটে উঠেছে স্বতন্ত্র রুচি ও আভিজাত্য।

স্থানীয় সময় রোববার রাতে মাহি নিজের সামাজিকমাধ্যমে এই পর্বের ছবি ও ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে সুইমস্যুট প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। তিনি জানান, আত্মবিশ্বাস, শক্তি ও আভিজাত্যের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করছেন।

আরও পড়ুন: কাজের মেয়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে কেঁদেছিলেন দীপিকা পাড়ুকোন

মাহির এই ব্যতিক্রমী উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে। অনেকেই তার পোশাক নির্বাচন ও আত্মবিশ্বাসের প্রশংসা করছেন। এক নেটিজেন মন্তব্য করেছেন, বিকিনি ছাড়াও যে বিশ্বমঞ্চে নিজের দেশকে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব, মাহি তা দেখিয়ে দিয়েছেন। আরেকজন লিখেছেন, ‘বাংলাদেশের হয়ে সেরা সুইমস্যুট ওয়াক’ বলে।

এছাড়া, ন্যাশনাল কস্টিউম পর্বেও মাহি নিজস্ব ভাবনায় বাংলাদেশকে তুলে ধরেছিলেন। ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে মাতৃত্বের সর্বজনীন ভালোবাসাকে উপজীব্য করে ঐতিহ্যবাহী শাড়িতে হাজির হন তিনি। পোশাকের মাধ্যমে মাতৃত্বের মমতা ও ভালোবাসার বার্তা তুলে ধরেন।

এবারের ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। এবারের আসরের গ্র্যান্ড ফিনালে আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। সেদিন বিজয়ীর নাম ঘোষণা করা হবে এবং নতুন মিস ইউনিভার্সের মাথায় উঠবে কাঙ্ক্ষিত মুকুট। বাংলাদেশের দর্শকদের প্রত্যাশা, বিশ্বমঞ্চে মাহির এই আত্মবিশ্বাসী ও ব্যতিক্রমী যাত্রা দেশের জন্য সম্মান ও সাফল্য বয়ে আনবে।

আরও পড়ুন: অনন্ত আম্বানি কি শাহরুখ খানকে চুপ করতে বলেছিলেন?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘রক্তের টান বড় টান’ প্রবাদ ভুল প্রমাণ হলো গোয়াইনঘাটে, যুবক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১১ পি.এম


‘রক্তের টান বড় টান’ প্রবাদ ভুল প্রমাণ হলো গোয়াইনঘাটে, যুবক নিহত

সিলেটের গোয়াইনঘাটে বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। পুলিশ অভিযুক্ত চাচাতো ভাই আমির হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে।

এ ঘটনা সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) গ্রামে ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের ময়না মিয়ার ছেলে। অপরদিকে, অভিযুক্ত আমির হোসেন একই গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলম ও আমির হোসেনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় আমির হোসেনের মা আম্বিয়া বেগমকে প্রতিপক্ষের লোকজন কোপ দিয়ে আহত করেন বলে জানা গেছে। এর পরিণতিতে আমির হোসেন ধারালো চাকু দিয়ে জাহাঙ্গীর আলমের বুকের বাঁ পাশে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

ঘটনার পরপরই গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে গ্রেপ্তার করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল জানান, মধ্য জাফলং ইউনিয়নে চাচাতো ভাইয়ের হাতে আরেক চাচাতো ভাই খুন হয়েছেন। ঘটনার পর উপ-পরিদর্শক (এসআই) গোলাম ফাত্তাহ চৌধুরী মোর্শেদের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীর্ষ সন্ত্রাসী আসলাম কোন দেশে যাচ্ছিলেন সুইডেন?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১২ পি.এম


শীর্ষ সন্ত্রাসী আসলাম কোন দেশে যাচ্ছিলেন সুইডেন?

ঢাকার আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম, যিনি সুইডেন আসলাম নামেও পরিচিত, তাকে গ্রেফতার করা হয়েছে।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার (২২ নভেম্বর) মধ্যরাতে ইমিগ্রেশন পুলিশের হাতে তিনি আটক হন।

চলতি বছরের এপ্রিল মাসে রাজধানীর তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনের আওতায় একটি মামলা থাকায় তাকে আটক করে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ডিবি পুলিশ জানিয়েছে, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তার আসল গন্তব্য ছিল মালয়েশিয়া।

ডিএমপির মুখপাত্র আকতার হোসেন জানান, এস এম আসলামের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

২০০৫ সালে গ্রেফতারের পর, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিলজিৎ দোসাঞ্জের আজীবন ফ্রি টিকিটের ঘোষণা এক নারী ভক্তের জন্য

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১৩ পি.এম


দিলজিৎ দোসাঞ্জের আজীবন ফ্রি টিকিটের ঘোষণা এক নারী ভক্তের জন্য

প্রিয় শিল্পীর কনসার্ট উপভোগ করতে এক দেশ থেকে অন্য দেশে ছুটে যান অনেক ভক্ত। তারা তাদের প্রিয় গায়কের প্রতিটি পরিবেশনা সরাসরি দেখতে চান। এমন এক ভক্তের প্রতি ভালোবাসায় মুগ্ধ হয়ে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা করেছেন পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ। তার ‘অরা ট্যুর’-এর সাতটি কনসার্টে অংশ নেওয়া এক নারী ভক্তকে আজীবন বিনা মূল্যে কনসার্টের টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

গত ২১ নভেম্বর ভারতের আহমেদাবাদে ‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’-এর কনসার্টে এ ঘটনা ঘটে। মঞ্চে গান পরিবেশনার এক পর্যায়ে ওই ভক্তের সঙ্গে কথা বলেন দিলজিৎ। তাদের কথোপকথনের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঞ্চ থেকে দিলজিৎ ওই নারীকে প্রশ্ন করেন, এ বছর তিনি কতটি কনসার্টে উপস্থিত ছিলেন। ভক্তের জবাব ছিল, সাতটি। ভ্যাঙ্কুভার, যুক্তরাষ্ট্র, ইউরোপ, ওয়েম্বলি ও আহমেদাবাদসহ বিভিন্ন স্থানে তার কনসার্টে অংশ নেওয়ার কথা শুনে গায়ক মুগ্ধ হন। এ সময় দর্শকদের ওই ভক্তের জন্য করতালি দিতে বলেন তিনি।

এরপর দিলজিৎ জানান, ওই ভক্তকে আর কখনো কনসার্টের টিকিট কেনার প্রয়োজন হবে না। তিনি যতদিন গান করবেন, ততদিন তার সব কনসার্টে বিনা মূল্যে প্রবেশের সুযোগ পাবেন ওই ভক্ত। তবে কনসার্টের আগে তাদের জানাতে হবে।

দিলজিতের এই ঘোষণায় উচ্ছ্বসিত হয়ে ওঠেন ওই ভক্ত। দর্শকেরাও বিষয়টি বেশ উপভোগ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর গায়কের এই উদ্যোগের প্রশংসা করছেন অনেকে।

বর্তমানে ‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন দিলজিৎ দোসাঞ্জ। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে তার কনসার্টে অসংখ্য ভক্ত ভিড় করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় বিভাগের কমিশনারের সাথে কর্মকর্তাদের মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১৪ পি.এম


নওগাঁয় বিভাগের কমিশনারের সাথে কর্মকর্তাদের মতবিনিময় সভা

নওগাঁ, ২৩ নভেম্বর, ২০২৬ : আজ সকালে নওগাঁয় রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সুধীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভাটি সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

সভায় অংশগ্রহণ করেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক মো. আবু বক্কর সিদ্দিক নান্নু, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, বিজিবি’র-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক, নওগাঁ ২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. আকতারুজ্জামান, সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুক্তার হোসেন এবং জেলার সকল সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান ও সামাজিক সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মীরা।

বিভাগীয় কমিশনার সভায় বলেন, সরকারি কর্মকর্তাদের প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করার জন্য রুটিন দায়িত্ব যথাযথভাবে পালন করা প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, "আমরা সরকারি কর্মচারী। সরকার আমাদের যে দায়িত্ব দিয়েছে, তা যথার্থভাবে পালন করতে হবে।"

সময়মত অফিসে উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "দাপ্তরিকভাবে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হলেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করতে প্রস্তুত থাকতে হবে।"

বিভাগীয় কমিশনার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সরকারি কার্যক্রমকে গতিশীল করা, সরকারি দপ্তরগুলোতে শতভাগ সেবা নিশ্চিতকরণ, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন এবং মাদক প্রতিরোধের বিষয়েও আলোচনা করেন।

তিনি নওগাঁ জেলাকে ধানসহ উদ্বৃত্ত ফসল উৎপাদনের জেলা হিসেবে উল্লেখ করে সারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, "পর্যাপ্ত সারের মজুত রয়েছে। সার নিয়ে কোনো গাফিলতি ও অনিয়ম সহ্য করা হবে না।" এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ নজরদারি রাখার অনুরোধ জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%