ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের পক্ষে সু চির সাফাই


রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের পক্ষে সু চির সাফাই

২০১৯ সালে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলার প্রাথমিক শুনানির সময় মিয়ানমারের পক্ষে গণহত্যার অভিযোগের বিরুদ্ধে সাফাই গেয়েছিলেন নোবেলজয়ী অং সান সু চি।

সেই সময় তিনি মিয়ানমারের কার্যত বেসামরিক নেতা ছিলেন। ১৯৯১ সালে সামরিক সরকারের বিরুদ্ধে অহিংস আন্দোলনের স্বীকৃতি হিসেবে সু চি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

তবে তার ক্ষমতায় থাকা অবস্থায় তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। কারণ ২০১৬ ও ২০১৭ সালে তার সরকারের অধীনে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দ্বারা রোহিঙ্গাদের ওপর পরিচালিত নির্বিচার হত্যাকাণ্ড, ধর্ষণ ও ব্যাপক অগ্নিসংযোগের ঘটনাগুলোর সমালোচনা করতে তিনি অস্বীকার করেন।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করতে পদক্ষেপ নেওয়া হবে: মহাপরিচালক

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত যৌন সহিংসতার তথ্য-প্রমাণ প্রকাশিত হওয়ার পরও অং সান সু চির কার্যালয় এসব অভিযোগকে ‘ভুয়া ধর্ষণ’ হিসেবে উল্লেখ করে।

যখন সরাসরি প্রশ্ন করা হয়, তখন তিনি অস্বীকার করেন যে রোহিঙ্গারা জাতিগত নিধনের শিকার হয়েছে। নৃশংসতার বিষয়ে উপস্থাপিত অসংখ্য সাক্ষ্য-প্রমাণকে তিনি ‘ভুল তথ্যের বিশাল বরফের খণ্ড’ হিসেবে বর্ণনা করেন। এমনকি তিনি ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার করতে বিরত থাকেন, যা সামরিক বাহিনীর মিথ্যা দাবিকে আরো শক্তিশালী করে তোলে—যেখানে বলা হয়, এই মুসলিম জাতিগোষ্ঠীর কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ রোহিঙ্গারা মিয়ানমারের কোনো স্বতন্ত্র জাতিগোষ্ঠী নয়; তারা প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা অভিবাসী।

সু চির বাবা ছিলেন মিয়ানমারের সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা এবং দেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নায়ক। তবে রাষ্ট্র পরিচালনার সময় সু চির হাতে পূর্ণ ক্ষমতা ছিল না। তাকে সেনাবাহিনীর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তির আওতায় সরকার পরিচালনা করতে হয়েছিল।

তার সমর্থকদের দাবি, সেনা জেনারেলদের সঙ্গে সমঝোতা বজায় রাখতে এবং নিজের অবস্থান ধরে রাখতে তিনি তাদের পক্ষে সাফাই গাইতে বাধ্য হয়েছিলেন। ২০২১ সালে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর সু চিকে উৎখাত ও আটক করা হয়। বর্তমানে তার বয়স ৮১ বছর এবং তিনি এখনো আটক রয়েছেন। সমর্থকদের মতে, তার এই পরিণতি প্রমাণ করে যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর বর্ণবাদী মনোভাব ও সহিংসতা ঠেকানোর মতো ক্ষমতা তার হাতে ছিল না।

আরও পড়ুন: সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগে সোমালিয়া আমিরাতের রাষ্ট্রদূতকে বহিষ্কার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না বাভুমার, নেতৃত্ব দেবেন মার্করাম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না বাভুমার, নেতৃত্ব দেবেন মার্করাম

জোহানেসবার্গে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে চোটের কারণে টেম্বা বাভুমা সিরিজ থেকে বাদ পড়েছেন। পান পায়ের পেশিতে আঘাতের কারণে সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে তার অংশগ্রহণ সম্ভব নয়।

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় বাভুমা চোট পান। মাঠে চিকিৎসা নেওয়ার পর ৪৯ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। প্রোটিয়াদের অষ্টম উইকেট পতনের পর আবারও ব্যাটিংয়ে ফেরেন তিনি। তবে বাংলাদেশ দলের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে নামেননি।

বাভুমার সুস্থ হয়ে ওঠার বিষয়ে এখনও নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। তবে ক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে তার মাঠে ফেরার সম্ভাবনা খুবই কম।

সেঞ্চুরিয়নে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টটি ২৩ নভেম্বর শুরু হবে। বাভুমার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। তবে একটি সমস্যা রয়ে গেছে। বাভুমার জায়গায় চার নম্বরে ব্যাট করার জন্য দক্ষিণ আফ্রিকাকে একজন বিকল্প খেলোয়াড় খুঁজে বের করতে হবে।

দলে রিজার্ভ ব্যাটার হিসেবে টনি ডি জর্জি রয়েছেন। তাকে সরাসরি বাভুমার জায়গায় খেলানো হতে পারে। তবে শুক্রবার বাংলাদেশ সিরিজের জন্য নিজেদের সাদা বলের দল ঘোষণার সময় দক্ষিণ আফ্রিকা আরও একজন খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করবে। সেই খেলোয়াড়টি হতে পারেন সিনেথেম্বা কেশিলে অথবা জর্ডান হারম্যান।

কেশিলে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ডারবানে অস্ট্রেলিয়ার কাছে দক্ষিণ আফ্রিকার হারের পর তার টেস্ট দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে সেই সুযোগ হাতছাড়া হয়। হারম্যান শীতকালীন মৌসুমে ইংল্যান্ড লায়ন্স ও সমারসেটের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে নয় ইনিংসে ৬১.৮৫ গড়ে রান করেছিলেন। সম্প্রতি টেস্ট দল থেকে বাদ পড়া ডেভিড বেডিংহামও দৌড়ে আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, তাতে রয়েছে গুরুতর তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, তাতে রয়েছে গুরুতর তথ্য

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ চেষ্টা করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ স্থাপন করার। তিনি হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর পাশাপাশি একাধিকবার ফোন কলও করেছেন। তবে শেখ হাসিনা তার পাঠানো বার্তার কোনো উত্তর দেননি এবং ফোনও রিসিভ করেননি।

গত ৬ নভেম্বর দুপুর ১টা ২৪ মিনিটে শেখ হাসিনার হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠান নাহিদ। বার্তায় তিনি উল্লেখ করেন, ‘আপা, আমার সালাম নেবেন। আল্লাহ আপনাকে সুস্থ ও নিরাপদে রাখুন। আপনার সঙ্গে কথা বলতে চাই। নুরুল ইসলাম নাহিদ।’

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, ‘আমরা মোবাইল ফরেনসিকে দেব। তখন জানা যাবে।’

এর আগে, বুধবার (১৮ নভেম্বর) দিনগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করে পুলিশ।

১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির হয়ে লড়াই করে পরাজিত হন নুরুল ইসলাম নাহিদ। ১৯৯৪ সালে আওয়ামী লীগে যোগ দেওয়ার পর থেকে তিনি আর পেছনে ফিরে তাকাননি; সপ্তম, নবম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে একই আসন থেকে জয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং দেশ ছেড়ে ভারতে চলে যান। পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন, ফলে সংসদ সদস্যের পদ হারান নুরুল ইসলাম নাহিদ।

এদিকে, গত ১২ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) নুরুল ইসলাম নাহিদ এবং তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদের হিসাব খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়।

দুদকের প্রাথমিক তদন্তে নুরুল ইসলাম নাহিদের নামে বৈধ আয়ের সঙ্গে মিল না থাকা ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার সম্পদের সন্ধান পাওয়া যায়। অন্যদিকে, তার স্ত্রীর নামে ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার সম্পদের হদিস মেলে।

তাদের নামে বা বেনামে থাকা আসল সম্পদ, এসব সম্পদ কিভাবে অর্জিত হয়েছে এবং আয়ের বাইরে কতটা সম্পদ রয়েছে—এ বিষয়গুলো যাচাই করতে দুদক আইন অনুযায়ী সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ জারির সিদ্ধান্ত নিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উবারের দেড় লাখ চালকের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


উবারের দেড় লাখ চালকের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে

জনপ্রিয় রাইড শেয়ারিং কোম্পানি উবার সাইবার হামলার শিকার হয়েছে। এই হামলার ফলে প্রতিষ্ঠানটির প্রায় দেড় লাখ চালকের ব্যক্তিগত তথ্য চুরি হয়ে গেছে। চুরি হওয়া তথ্যের মধ্যে রয়েছে চালকদের নাম, ঠিকানা, জন্মতারিখ এবং ড্রাইভিং লাইসেন্স নম্বর।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের রিপোর্ট অনুযায়ী, গত অক্টোবরে উবারের তৃতীয় পক্ষের প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান ফায়ারওয়ার্কস এআইয়ের সিস্টেমে সাইবার হামলা চালায় হ্যাকাররা। এই হামলার মাধ্যমে তারা সরবরাহকারী প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ লগইন সংক্রান্ত তথ্য হাতিয়ে নেয়। পরে সেই তথ্য ব্যবহার করে উবারের তথ্যভান্ডারে প্রবেশ করে চালকদের ব্যক্তিগত তথ্য চুরি করা হয়।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, আইওয়া সহ কয়েকটি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চলতি সপ্তাহে জমা দেওয়া নোটিশে উবার জানায়, গত ৯ অক্টোবর ফায়ারওয়ার্কস এআই তাদের সাইবার হামলার বিষয়টি অবহিত করেছে। এরপর থেকেই তথ্য ফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত চালকদের সতর্ক করতে শুরু করেছে প্রতিষ্ঠানটি।

ফায়ারওয়ার্কস এআই এমন একটি প্রযুক্তি প্রতিষ্ঠান, যার প্ল্যাটফর্ম ব্যবহার করে ডেভেলপাররা বিভিন্ন ওপেন-ওয়েট এআই মডেল ব্যবহারের সুযোগ পান। গত মাসে প্রতিষ্ঠানটি নিজেদের ওপর সাইবার হামলার বিষয়টি প্রকাশ করেছিল।

এ বিষয়ে টেকক্রাঞ্চকে উবারের এক মুখপাত্র জানান, তৃতীয় পক্ষের সেবাদাতা প্রতিষ্ঠান ফায়ারওয়ার্কস এআইয়ের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় ক্ষতিগ্রস্ত চালকদের নোটিশ পাঠানো হচ্ছে। তিনি উল্লেখ করেন, উবারের কিছু তথ্য ওই প্রতিষ্ঠানের কাছে সংরক্ষিত ছিল। তবে বিস্তারিত জানতে ফায়ারওয়ার্কসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন উবারের ওই মুখপাত্র।

অন্যদিকে, ফায়ারওয়ার্কস জানিয়েছে, আর্থিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে পরিচালিত একটি সাইবার অপরাধী চক্র এই হামলার সঙ্গে জড়িত। তবে এখন পর্যন্ত কোনো পরিচিত হ্যাকার গোষ্ঠী উবারের চালকদের তথ্য চুরির দায় স্বীকার করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৭ পি.এম


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে, এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলাটি গতকাল বুধবার গাজীপুরের গাছা থানায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের সহকারী প্রক্টর (এসও) মো. সালাহ উদ্দিনের লিখিত অভিযোগের ভিত্তিতে নথিভুক্ত করা হয়।

গাছা থানার তদন্ত ওসি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৬ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ও বিভিন্ন অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে মামলাটি করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, আসামিরা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং এসব কর্মকাণ্ড সংঘটনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করেছেন। মামলার প্রধান আসামি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসেনকে চিহ্নিত করা হয়েছে। এজাহারে অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আকরাম হোসেন, পরিচালক (ভারপ্রাপ্ত) মিয়া হোসেন রানা, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মামুনুর রহমান, অতিরিক্ত কলেজ পরিদর্শক মো. ইলিয়াস হোসেন, সেকশন অফিসার ইয়াকুব আলী এবং অতিরিক্ত রেজিস্ট্রার সাজ্জাদ হোসেন।

এছাড়া, এজাহারে আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতা বৃদ্ধি, জ্যেষ্ঠতা ও পদোন্নতিসংক্রান্ত বিষয় নিয়মবহির্ভূতভাবে নিষ্পত্তির দাবিতে আন্দোলন করছিলেন। এর ধারাবাহিকতায় গত ১৬ নভেম্বর সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় অমান্য করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের নিচে বেআইনিভাবে সমবেত হয়ে বিক্ষোভ করেন তারা।

এসময় আন্দোলনকারীরা মারমুখী আচরণ করেন এবং ক্যাম্পাসে আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তাদের কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয় বলেও অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, আসামিরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যালয়ের সামনে মিছিল, সভা ও সমাবেশ করেন। এ সময় বিভিন্ন বিভাগে কর্মরত সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মারধর, একজন উপ-উপাচার্যকে ধাক্কা দিয়ে আহত করা এবং হত্যার হুমকি দেয়ার অভিযোগও আনা হয়েছে। এসব ঘটনার ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয় বলে অভিযোগে বলা হয়েছে।

এদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনার প্রকৃত কারণ ও সার্বিক পরিস্থিতি তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুনকে কমিটির প্রধান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%