ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রংপুরে চার খুনের মামলার চার্জশিট সংশোধনে ফেরত, অভিযোগ ভিন্নখাতে নেওয়ার


রংপুরে চার খুনের মামলার চার্জশিট সংশোধনে ফেরত, অভিযোগ ভিন্নখাতে নেওয়ার

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলাটি ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার (২২ নভেম্বর) ওই মামলার চার্জশিট জমা দেওয়ার সময় একাধিক অসংগতি ধরা পড়ে। পরে পুলিশ চার্জশিটটি ফেরত নিয়ে ত্রুটি সংশোধন করে পুনরায় জমা দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

ঘটনার প্রায় তিন মাস পর রবিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) আলোচিত এ হত্যা মামলার চার্জশিট আদালতে জমা দিতে যায়। তবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ চার্জশিট জমা দেওয়ার পূর্বে যাচাই-বাছাইয়ের সময় একাধিক অসংগতি ধরা পড়ে। এরপর তদন্ত কর্মকর্তা সংশোধনের জন্য চার্জশিটটি ফিরিয়ে নেন। সরকারি কৌঁসুলির (পিপি) আপত্তি এবং চার্জশিটের ত্রুটি সামনে আসার পর আদালতপাড়া ও আইনজীবীদের মধ্যে সমালোচনা শুরু হয়।

আদালত সূত্রে জানা যায়, রবিবার মামলার চার্জশিট নিয়ে আদালতে যান তদন্ত কর্মকর্তা ও ডিবির পরিদর্শক জিন্নাত আলী। এ সময় বিচারক রফিকুল ইসলাম পিপির মতামত নিয়ে চার্জশিট জমা দেওয়ার পরামর্শ দেন। যাচাই-বাছাইয়ের সময় চার্জশিটে সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বিভিন্ন বিষয়ে অসংগতি ধরা পড়ে।

আরও পড়ুন: সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

এছাড়া চার খুনের ঘটনাকে ‘চুরির ঘটনা’ হিসেবে উল্লেখ করার বিষয়টিও সামনে আসে। এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে তদন্ত কর্মকর্তা কাগজপত্র নিয়ে আদালত চত্বর ত্যাগ করেন।

চার্জশিটের খসড়ায় উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস মিলে শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও শিশুপুত্রকে শ্বাসরোধে হত্যা করেছেন। তবে শুরু থেকেই নিহতদের স্বজন, অপরাধ বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা এ হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত থাকতে পারেন বলে দাবি করে আসছেন। তাদের অভিযোগ, তদন্তে এ বিষয়টি যথাযথ গুরুত্ব পায়নি এবং চার্জশিটও পূর্ণাঙ্গভাবে তৈরি করা হয়নি।

এ প্রসঙ্গে রংপুর মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌসুলি (পিপি) আব্দুল হাদী বেলাল বলেন, চার্জশিটে ত্রুটি থাকায় সেটি সংশোধন করতে বলা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, প্রতিবেদনে কিছু সমস্যা দেখা দেওয়ায় সেটি আবার পর্যালোচনা করে জমা দেওয়া হবে। তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, শীঘ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন: সরকারি রাস্তা ও কবরস্থান দখলে চরম ভোগান্তিতে বসন্তপুরবাসী, অসম্পূর্ণ সড়কে দুর্ভোগ

এর আগে, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পরে এ মামলায় প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর ওই দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার আসামিদের বন্ধু সীমান্ত দাস, দখিগঞ্জ শ্মশানের পাহারাদার বিদ্যুৎ মোহন্ত এবং মাদক সরবরাহকারী শান্ত দাস ওরফে পুঁটি শান্ত আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। বর্তমানে দুই আসামি রংপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। পুলিশ জানায়, সংগৃহীত আলামতের ডিএনএ পরীক্ষায় ঘটনাস্থলে দুই আসামির উপস্থিতির প্রমাণ মিলেছে। তবে ঘটনার নয় দিন পর তাদের ডোপ টেস্ট করা হলেও মাদক সেবনের কোনো আলামত পাওয়া যায়নি।

এদিকে, মাত্র দুজনের পক্ষে একাই চারজনকে হত্যা করা অবিশ্বাস্য দাবি করে নেপথ্যে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও বিভিন্ন কর্মসূচি পালন করেছেন নিহতদের স্বজন, স্থানীয় বাসিন্দা ও মানবাধিকারকর্মীরা।

আরও পড়ুন: সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা জামাতের কমিটি গঠন মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকী -আমীর,ও অধ্যক্ষ আবু রাসেল আসকারী -সেক্রেটারি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীতের আগমনে চরফ্যাশনে জমে উঠেছে লেপ-তোশকের বাজার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


শীতের আগমনে চরফ্যাশনে জমে উঠেছে লেপ-তোশকের বাজার

শীত পুরোপুরি জেঁকে বসার আগে ভোলার চরফ্যাশন উপজেলা সদরে লেপ-তোশকের বাজার জমে উঠেছে। সন্ধ্যা নামার সাথে সাথে শীতের আমেজ অনুভূত হওয়ায় ক্রেতারা আগাম প্রস্তুতি হিসেবে দোকানগুলোতে ভিড় করছেন। ফলে নতুন লেপ-তোশক তৈরি ও পুরোনোগুলো মেরামতে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কারিগর ও ব্যবসায়ীরা।

উপজেলা সদরের ‘সুমন বেডিং’-এ সরেজমিনে দেখা যায়, দোকানের ভেতরজুড়ে চলছে লেপ তৈরির কর্মযজ্ঞ। কেউ কাপড় মাপছেন, কেউ তুলা ধুনে সমানভাবে বিছিয়ে কাঠামো তৈরি করছেন, আবার কেউ সুই-সুতার নিপুণ ফোঁড়ে সেলাইয়ে ব্যস্ত। এক পাশে স্তূপ করে রাখা হয়েছে কাপড় ও তুলার বস্তা, অন্য পাশে ক্রেতাদের জন্য সাজিয়ে রাখা হয়েছে তৈরি লেপ-তোশক।

শরীফ হোসেন, বাবুল, শফিক ও রিপন মিয়া, কারিগররা জানান, শীত মৌসুম এলেই তাঁদের কাজের চাপ কয়েক গুণ বেড়ে যায়। একটি মানসম্মত লেপ তৈরিতে কাপড়ের মাপ নেওয়া, সমানভাবে তুলা বিছানো এবং নিখুঁত সেলাইয়ের জন্য ধৈর্য ও অভিজ্ঞতার প্রয়োজন হয়। বাবুল ও রিপন মিয়া বলেন, ক্রেতাদের চাহিদা মেটাতে এখন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। এতে পরিশ্রম বাড়লেও মৌসুমি বাড়তি আয়ে সংসারে কিছুটা সচ্ছলতা আসে।

দোকানটির মালিক সেলিম জানান, শীত মৌসুম তাদের ব্যবসার প্রধান সময়। তাই তিনি আগে থেকেই পর্যাপ্ত কাপড়, তুলা ও অন্যান্য উপকরণ সংগ্রহ করে রেখেছেন। তিনি বলেন, কেউ নতুন লেপ তৈরি করতে আসছেন, আবার কেউ পুরোনো লেপে নতুন কাপড় লাগাতে দিচ্ছেন। ক্রেতাদের সামর্থ্য ও পছন্দ অনুযায়ী বিভিন্ন মান ও দামের লেপ তৈরি করে দেওয়া হচ্ছে। শীত বাড়ার সাথে সাথে বেচাকেনা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে, আগাম প্রস্তুতি নিতে দোকানে আসা ক্রেতা সাইফুল ইসলাম রুবেল বলেন, শীত পুরোপুরি পড়ার আগেই পরিবারের জন্য একটি ভালো মানের লেপ তৈরি করতে এসেছেন। বাজারে রেডিমেড কম্বল পাওয়া গেলেও নিজের পছন্দমতো কাপড় ও তুলার পরিমাণ দিয়ে তৈরি করা লেপের স্থায়িত্ব ও আরাম বেশি বলে তিনি মনে করেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আধুনিক কম্বলের প্রচলন বাড়লেও উপকূলীয় জনপদ চরফ্যাশনে শীত নিবারণে ঐতিহ্যবাহী লেপের চাহিদা এখনো অটুট রয়েছে। মৌসুমি এই কর্মচাঞ্চল্য একদিকে যেমন কারিগরদের জীবিকার সংস্থান করছে, অন্যদিকে স্থানীয় ক্ষুদ্র অর্থনীতিতেও গতি সঞ্চার করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিদিন সকালে চা-বিস্কুট খেলে শরীরে এক মাসে কী পরিবর্তন আসবে?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


প্রতিদিন সকালে চা-বিস্কুট খেলে শরীরে এক মাসে কী পরিবর্তন আসবে?

বাংলাদেশের অনেক পরিবারে দিনের শুরু একটি কাপ গরম চা এবং কিছু বিস্কুটের মাধ্যমে হয়। সকালে ঘুম থেকে উঠে কেউ দুধ চা পান করেন, সঙ্গে মিষ্টি বিস্কুট থাকে। আবার অনেকেই নাশতার টেবিলে বসে চায়ে বিস্কুট ডুবিয়ে খেতে বেশি পছন্দ করেন।

এই অভ্যাস কর্মব্যস্ত সকালে দ্রুত কিছু খাওয়ার জন্য বেশ জনপ্রিয়। অনেকের কাছে এটি শুধুমাত্র সকালের নাশতা নয়, বরং প্রতিদিনের একটি পরিচিত অভ্যাস। তবে কখনো কি ভেবে দেখেছেন, প্রতিদিনের পূর্ণাঙ্গ নাশতার পরিবর্তে শুধুমাত্র চা-বিস্কুট খেলে শরীরে কী প্রভাব পড়তে পারে? বিশেষ করে যদি এক মাস ধরে এইভাবে সকাল শুরু করা হয়, তাহলে রক্তে শর্করার মাত্রা, হজম, ক্ষুধা এবং শরীরের বিপাকীয় প্রক্রিয়ায় কী ধরনের পরিবর্তন আসতে পারে?

পুষ্টিবিদদের মতে, চা-বিস্কুট খাওয়া স্বাভাবিকভাবে ক্ষতিকর নয়। তবে এটিকে প্রতিদিনের একমাত্র সকালের নাশতা হিসেবে গ্রহণ করা একটি ভালো অভ্যাস নয়। কারণ, প্যাকেটজাত অধিকাংশ বিস্কুটে থাকে ময়দা, অতিরিক্ত চিনি এবং বিভিন্ন ধরনের চর্বি। অন্যদিকে, চায়ে চিনি মেশালে শরীরে শর্করার পরিমাণ আরও বৃদ্ধি পায়। কিন্তু দিনের শুরুতে শরীরের যে প্রোটিন, আঁশ, ভিটামিন এবং খনিজ উপাদান প্রয়োজন, তার বেশির ভাগই এই নাশতা থেকে পাওয়া যায় না।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে পুষ্টিবিদ এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ কানিক্কা মালহোত্রা জানিয়েছেন, নিয়মিত চা-বিস্কুট দিয়ে দিন শুরু করলে রক্তে শর্করার ওঠানামা, ক্ষুধা এবং বিপাকীয় স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাহলে এক মাস ধরে এই অভ্যাস চালিয়ে গেলে কী হতে পারে?

রক্তে শর্করা দ্রুত বাড়তে পারে

সকালে খালি পেটে চিনি দেওয়া চা এবং বিস্কুট খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি পেতে পারে। বিস্কুটে থাকা পরিশোধিত ময়দা এবং অতিরিক্ত চিনি দ্রুত হজম হয়ে গ্লুকোজে পরিণত হয়। ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে শরীর থেকে ইনসুলিন নিঃসৃত হয়।

পুষ্টিবিদ কানিক্কা মালহোত্রার মতে, এ ধরনের খাবার নিয়মিত খেলে রক্তে শর্করার মাত্রায় বারবার ওঠানামা হতে পারে। দীর্ঘকাল ধরে এমন খাদ্যাভ্যাস চলতে থাকলে ইনসুলিনের কার্যকারিতা কমে যাওয়ার ঝুঁকিও সৃষ্টি হতে পারে। এর প্রভাব সকালবেলার কর্মক্ষমতায় পড়তে পারে। চা-বিস্কুট খাওয়ার কিছুক্ষণ পর অনেকের আবার ক্ষুধা লাগে। কিছু মানুষের মধ্যে ক্লান্তি, বিরক্তি অথবা ঝিমুনি ভাব দেখা দিতে পারে। ফলে দুপুরের খাবারের আগেই অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা বৃদ্ধি পায়।

শরীরে পুষ্টির ঘাটতি তৈরি হতে পারে

চা-বিস্কুট পেট ভরালেও শরীরের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ হয় না। বিশেষ করে অধিকাংশ প্যাকেটজাত বিস্কুটে প্রোটিন এবং আঁশের পরিমাণ খুবই কম। অথচ পেশির গঠন এবং ক্ষয় পূরণ, দীর্ঘ সময় পেট ভরা রাখা এবং শরীরের স্বাভাবিক কার্যক্রমের জন্য প্রোটিন প্রয়োজন। পুষ্টিবিদ মালহোত্রার মতে, প্রতিদিন সকালের নাশতায় শুধুমাত্র চা-বিস্কুট রাখলে শরীর প্রয়োজনীয় প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন এবং খনিজ উপাদান থেকে বঞ্চিত হতে পারে। এতে দীর্ঘ সময় ক্ষুধা লাগা এবং পর্যাপ্ত পুষ্টি না পাওয়ার সমস্যা দেখা দিতে পারে।

এছাড়া, আঁশের ঘাটতিতে হজমের সমস্যা এবং কোষ্ঠকাঠিন্যের আশঙ্কা বৃদ্ধি পায়। চায়ে থাকা ট্যানিন খাবার থেকে আয়রন শোষণে বাধা দিতে পারে। বিশেষ করে যাদের খাবারে আগে থেকেই আয়রনের ঘাটতি রয়েছে, তাদের জন্য বিষয়টি বিবেচনায় রাখা জরুরি। পর্যাপ্ত পুষ্টি না পেলে ক্লান্তি এবং দুর্বলতা দেখা দিতে পারে।

ওজন এবং কোলেস্টেরলের ওপর প্রভাব পড়তে পারে।

অনেকে মনে করেন, সকালে কিছু বিস্কুট খেলে তেমন সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু প্রতিদিনের এই ছোট অভ্যাস থেকেই বাড়তি ক্যালরি শরীরে জমতে পারে। বিশেষ করে মিষ্টি চা এবং বেশি চর্বি-চিনিযুক্ত বিস্কুট একসঙ্গে খেলে ক্যালরির পরিমাণ বৃদ্ধি পায়।

পুষ্টিবিদ মালহোত্রা জানান, নিয়মিত এ ধরনের খাবার খেলে ওজন বৃদ্ধি এবং কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি রক্তে শর্করার ওঠানামা এবং অপর্যাপ্ত পুষ্টির কারণে শরীরের বিপাকীয় স্বাস্থ্যের ওপরও প্রভাব পড়তে পারে। কিছু মানুষের ক্ষেত্রে সকালে শুধুমাত্র চা খাওয়ার কারণে অম্লতা বা অ্যাসিডিটির অস্বস্তিও দেখা দিতে পারে। তবে এসব প্রভাব ব্যক্তির শারীরিক অবস্থা, খাবারের পরিমাণ, দৈনন্দিন খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রমের ওপর নির্ভর করে।

চা-বিস্কুটের অভ্যাস কি ছাড়তে হবে?

বিষয়টি একদমই এমন নয়। চায়ের প্রতি ভালোবাসা থাকলে সেটি বাদ দেওয়ার প্রয়োজন নেই। বরং চায়ের সঙ্গে কী খাচ্ছেন, সেদিকে নজর দেওয়া উচিত। পুষ্টিবিদ মালহোত্রার পরামর্শ, চায়ে চিনি না মেশানো অথবা চিনির পরিমাণ কমিয়ে আনা ভালো। চাইলে আদা, এলাচ এবং দারুচিনি দিয়ে চা তৈরি করতে পারেন। তবে চায়ের পাশাপাশি পুষ্টিকর খাবারও রাখতে হবে।

বিস্কুটের পরিবর্তে খেতে পারেন ৮-১০টি ভেজানো কাঠবাদাম। চাইলে ঘরে তৈরি ভাজা মাখানা, সেদ্ধ ডিম অথবা বেসনের ছোট চিলাও রাখতে পারেন সকালের নাশতায়। শসা এবং গাজরের মতো সবজিও হতে পারে ভালো বিকল্প। আর সকালে সময় কম থাকলে একটি পেয়ারা অথবা কলা খেতে পারেন। দেখতে হবে সকালের নাশতায় শুধুমাত্র শর্করা নয়, প্রোটিন এবং আঁশযুক্ত খাবারও রাখা উচিত। এতে দীর্ঘ সময় পেট ভরা থাকবে এবং শরীর প্রয়োজনীয় পুষ্টি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঠালিয়ায় ৫ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের সমাপনী, আখেরি মোনাজাত পরিচালনা করলেন চরমোনাই পীর সাহেব

আন্তর্জাতিক ডেস্ক

কাঠালিয়া সংবাদদাতা ফাতিমা আক্তার মিম

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


কাঠালিয়ায় ৫ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের সমাপনী, আখেরি মোনাজাত পরিচালনা করলেন চরমোনাই পীর সাহেব

ঝালকাঠির কাঠালিয়ায় ৫ দিনব্যাপী ১৩তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল ও হালকায়ে জিকিরের সমাপনী সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।

কাঠালিয়া উপজেলাবাসীর উদ্যোগে, বাংলাদেশ মুজাহিদ কমিটি কাঠালিয়া উপজেলা শাখা ও কারিমীয়া সাখাওয়াতিয়া মাদ্রাসার সার্বিক ব্যবস্থাপনায় গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এই মাহফিল শুরু হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাঠে পানি জমে যাওয়ায় মাহফিলের প্রথম ৩ দিন উপজেলা সদরের কারিমীয়া সাখাওয়াতিয়া মাদ্রাসায় কার্যক্রম চলে। পরবর্তীতে আবহাওয়া অনুকূলে আসায় রোববার (২২ নভেম্বর) থেকে উপজেলা পরিষদ মাঠে মাহফিল স্থানান্তর করা হয় এবং সোমবার একই মাঠে সমাপনী দিনের মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি ও বাংলাদেশ মুজাহিদ কমিটি কাঠালিয়া উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মাওলানা আহছান উল্লাহ খানের সভাপতিত্বে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পীর সাহেব হুজুর চরমোনাই মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

সমাপনী দিনে আরও ওয়াজ ও নসিহত করেন মাওলানা মুহা. আব্দুল জব্বার, পীর সাহেব ভৈরবী, মাওলানা ইশতিয়াক মুহাম্মদ আল-আমীন, হাফেজ কারী মাও. ইব্রাহীম আল-হাদী এবং মাও. মুহা. হেদায়েতুল্লাহ ফয়েজী। পুরো মাহফিল পরিচালনায় ছিলেন মাওলানা মুহা. আল-আমীন ও অধ্যাপক মুহা. মনিরুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনা অবৈধভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০১ পি.এম


শেখ হাসিনা অবৈধভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নাশকতা, মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী ড্রোন ও নাইট ভিশন বাইনোকুলার ব্যবহার করে এসব কার্যক্রম পরিচালনা করছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল আমিন অপু এসব তথ্য জানান।

শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে বিজিবির এই কর্মকর্তা বলেন, “আমাদের নির্দেশনা আছে, কেউ অবৈধভাবে সীমান্ত পার হয়ে আসতে পারবেন না। যেহেতু তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা আছে, সেহেতু তিনি আসার চেষ্টা করলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।”

সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক উল্লেখ করেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, নাশকতা ও চোরাচালান প্রতিরোধে টহল ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা হচ্ছে এবং ড্রোন ও নাইট ভিশন বাইনোকুলার ব্যবহার করে রাতেও নজরদারি করা হচ্ছে। এছাড়া সীমান্তে ফ্লাডলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে শিবগঞ্জের চকপাড়া সীমান্ত এলাকায় ১৯টি ককটেল ও ৮৫ গ্রাম হেরোইন উদ্ধারের তথ্যও জানানো হয়।

বিজিবি জানায়, রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধোবড়া গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় ককটেল ও হেরোইন উদ্ধার করা হয় এবং আমিনুল ইসলামকে আটক করা হয়।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ১০ মাসে রংপুর বিজিবি রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২২১ কোটি টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ৬৫১ জনকে আটক করা হয়েছে।

সংবাদ সম্মেলনে নবনিযুক্ত ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহম্মেদও উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%