১০:৫৫ এম
রাজধানীর উত্তরখানে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে যে বিস্ফোরণ ঘটে, তাতে দগ্ধ এক পরিবারের তিনজনের মধ্যে আলী হোসেন (৫৫) মারা গেছেন।
রোববার (৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আলী হোসেনের শরীরের শতভাগ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসা দেয়া হচ্ছিল।
আরও পড়ুন: মসজিদের কমিটি নিয়ে রাজনৈতিক টানাটানি, শফিকুর রহমানের আহ্বান
এর আগে, গত শনিবার সকাল ৬টার দিকে উত্তরখানের কাঁচকুড়া সাইনবোর্ড এলাকার একটি বাসায় এই দুর্ঘটনাটি ঘটে। এতে আলী হোসেনসহ তার স্ত্রী হাসনা হেনা (৪৫) এবং মেয়ে আঁখি আক্তার (২৫) মারাত্মক দগ্ধ হন।
দগ্ধ আলী হোসেনের ছেলে মো. তুষার জানান, শনিবার ভোরে তাদের বাসার রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আচমকা আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়লে তার বাবা, মা ও বোন দগ্ধ হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, এই ঘটনায় দগ্ধ অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক রয়েছে। ডা. শাওন বিন রহমান জানান, আলী হোসেনের স্ত্রী হাসনা হেনার শরীরের ৬০ শতাংশ এবং মেয়ে আঁখির ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুজনকে হাসপাতালে ভর্তি রেখে নিবিড় চিকিৎসা প্রদান করা হচ্ছে।
আরও পড়ুন: রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণে নারীসহ ৪ জন আহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন