১২:১৫ এম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ বর্তমানে ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। দেশে এত ঋণ হয়ে গেছে যে, সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও একসময় কঠিন হয়ে যাবে, যদি আমরা সঠিকভাবে পরিকল্পনা না করি।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব বলেন।
মন্ত্রী আরও বলেন, সঠিক পরিকল্পনা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সরকার একটি বাজেট দিয়েছে, যাতে মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না পড়ে। তবে এই বাজেট বাস্তবায়নে সাধারণ মানুষ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।
আরও পড়ুন: ‘না মানে না, হাসিনা ফিরবে না’: আবিদুল ইসলাম খান
এর আগে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমের জন্য ড্রামট্রাকসহ ছয়টি গাড়ি বিতরণ করেন মন্ত্রী। এ সময় তিনি নিজে ট্রাকে উঠেন। সেই প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, অনেকে চায়ের দোকানে এটি নিয়ে সমালোচনা করবে, সেটা আমি জানি। কিন্তু আমি মানুষকে দেখানোর জন্য ট্রাকে উঠিনি। আমি আজকে থেকে ত্রিশ-চল্লিশ বছর আগে দেখেছি, ঘুম থেকে উঠে দেখেছি, এরকম একটি গাড়ি রাস্তা পরিষ্কার করছে। রাস্তা চকচক করছে, সেই উচ্ছ্বাসে আমি ট্রাকে উঠে ছিলাম।
তিনি আরও বলেন, পৌরসভার এসব গাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার। কারণ, সরকারের বাপ-মা হচ্ছে জনগণ।
এর আগে পৌর ১০ নম্বর ওয়ার্ডের ধানবান্ধি ডোবাপাড়া এলাকায় আরসিসি ড্রেন ও সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন মন্ত্রী।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন