০৯:৩৯ পি.এম
মানিকগঞ্জে নাশকতা ও যাত্রীবাহী মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হামজা খানকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৪ (সিপিসি-৩)।
রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ পৌরভবনের সামনে তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া হামজা খান মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া নগরভবন রোড এলাকার মৃত মালেক খানের পুত্র।
আরও পড়ুন: পীরগাছায় বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে মানিকগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা ঘটে। একই দিনে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি যাত্রীবাহী মিনিবাসে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনার কারণে গাড়ি পোড়ানো, ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে মানিকগঞ্জ সদর থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর হামজা খান দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে সক্রিয়ভাবে দেখা যায়। রোববার তিনি এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে অংশ নিতে এসে নিজ বাসায় অবস্থান করছিলেন। এ সময় খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি। পরে তাকে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হামজা খানকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার (১৬ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন: তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোস্তাক আহমেদের মনোনয়ন বৈধ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন