১২:৪৭ পি.এম
রাজধানী ঢাকার পোস্তগোলা ব্রিজের কাছে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। এই ঘটনায় নৌকাটিতে থাকা ১০ জন যাত্রীর মধ্যে ৮ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ২ জন এখনও নিখোঁজ রয়েছেন।
আজ রবিবার (১৯ জুলাই) সকালে আনুমানিক সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানাচ্ছেন, গাজীপুরের কড্ডার বাজার থেকে একটি নতুন স্টিল বডি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ১০ জন লোক কুমিল্লা মুরাদনগরের উদ্দেশ্যে রওনা হয়। নৌকাটি পোস্তগোলা ব্রিজের কাছে পৌঁছানোর পর সেটির ইঞ্জিন হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। এই সময় নিয়ন্ত্রণহীন অবস্থায় থাকা নৌকাটিকে ‘সুন্দরবন-১২’ নামক একটি যাত্রীবাহী লঞ্চ ধাক্কা দিলে সেটি ডুবে যায়।
দুর্ঘটনার পর ৮ যাত্রী সাঁতরে নদীর কূলে উঠতে সক্ষম হলেও ২ জন এখনও নিখোঁজ রয়েছেন। একই সময়ে নৌকাটি তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজদের উদ্ধারের জন্য উদ্ধার অভিযান শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছেই।
আরও পড়ুন: শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ৩৯টি কারখানা বন্ধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন