০৬:০৯ পি.এম
চট্টগ্রাম, ২৯ নভেম্বর, ২০২৬ : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম মন্তব্য করেছেন, শেখ হাসিনা গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ভারতে পালিয়ে গেছেন। তিনি সেখানে বসে বাংলাদেশের অভ্যন্তরে অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন। সরকার ভারতকে আহ্বান জানিয়েছে তাকে ফিরিয়ে দিতে। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দিবিনিময় চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে।
রোববার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুবের রহমান শামীম আরও বলেন, গত ১৭ বছর ধরে দেশে গুম, খুন ও হত্যাযজ্ঞ চলেছে। দেশের মানুষের দাবি, এসব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার বিচার হতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ অবস্থায় পলাতক ফ্যাসিস্ট গোষ্ঠী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। এসব চক্রান্তের বিরুদ্ধে সকলকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
আরও পড়ুন: ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দি হারুন অর রশিদ ঢামেকে মারা গেছেন
তিনি উল্লেখ করেন, বিএনপির নেতাকর্মীরা গত ১৭ বছর ধরে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন। তাদের নেতৃত্বেই আগামীর সকল ষড়যন্ত্র ও নৈরাজ্য মোকাবিলা করা হবে। শেখ হাসিনার নির্দেশে দেশে হত্যা, গুম ও সন্ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করা হয়েছিল। বিএনপির অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শিশু, কিশোর, শ্রমিক ও সাধারণ মানুষের হত্যার বিচার অবশ্যই হতে হবে। বিচার প্রক্রিয়া নিজস্ব গতিতে এগিয়ে যাবে। এ বিচারের আওতায় কেউ রেহাই পাবে না। শহীদ ওয়াসিম, আবু সাঈদ ও মুগ্ধসহ যাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ এসেছে, তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।
সমাবেশের সভাপতিত্ব করেন কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মনজুরুল রহমান এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, হারুন জামান ও শিহাব উদ্দিন মুবিন প্রমুখ।
সমাবেশ শেষে নিউমার্কেট মোড় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লালদীঘি মোড়ে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: রিজভী: বাংলাদেশকে নিজেদের প্রভাব-বলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন