মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
১২:৫১ পি.এম
দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারের স্থিতিশীলতা বজায় রাখা এবং আমদানির উৎস সম্প্রসারণের উদ্দেশ্যে সরকার এবার পাকিস্তানের বাজারের দিকে মনোযোগ দিচ্ছে। এই লক্ষ্যে বাংলাদেশের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে যাচ্ছে। আগামী ২৯ নভেম্বর দুই প্রতিষ্ঠানের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ, পিএসসি বলেন, "নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে নতুন একটি বাণিজ্যিক সুযোগ (উইন্ডো) খুলতে যাচ্ছে বাংলাদেশ।" তিনি উল্লেখ করেন, টিসিপির সঙ্গে এমওইউ স্বাক্ষরের মাধ্যমে কৃষিভিত্তিক পণ্য আমদানি ও রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশের পণ্য পাকিস্তানে রপ্তানি হবে এবং দেশের প্রয়োজনীয় পণ্য পাকিস্তান থেকে আমদানি করা হবে।
তিনি আরও বলেন, "আন্তর্জাতিক বাজারের তুলনায় কম দামে পণ্য পাওয়া গেলে পাকিস্তান থেকে তা আমদানি করা হবে।" তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে। এমওইউ স্বাক্ষরের পর পাকিস্তান পণ্যের মূল্য প্রস্তাব করবে। এরপর দুই পক্ষের মধ্যে দরকষাকষি (নেগোসিয়েশন) হবে। আলোচনা ও মূল্য যাচাইয়ের ভিত্তিতে আমদানি-রপ্তানির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
২৯ নভেম্বর এমওইউ স্বাক্ষর
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি-রপ্তানি কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে টিসিবি ও টিসিপির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ ইতোমধ্যে সম্মত হয়েছে। উভয় দেশ এমওইউর খসড়া চূড়ান্ত করেছে।
জানা গেছে, আগামী ২৯ নভেম্বর সকাল সাড়ে ১০টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুকতাদির উপস্থিত থাকার কথা রয়েছে। বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং পাকিস্তানের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার স্বাক্ষর করবেন।
এমওইউর তালিকায় থাকছে এগ্রি পণ্য
জানা গেছে, সমঝোতা স্মারকে এগ্রি পণ্য অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে থাকবে চাল, ডাল, আটা, গম, আলু, চিনি, তেল, পেঁয়াজ, ছোলা, সার, চা, আম, আনারস প্রভৃতি। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আমাদের প্রধান লক্ষ্য থাকবে নিত্যপ্রয়োজনীয় পণ্যে। এর মধ্যে আমদানিতে থাকবে তেল, ডাল, চিনি, খেজুর; আর আম, আনারস ও চা রপ্তানিতে নজর থাকবে।
বিশেষজ্ঞরা জানান, সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের রাষ্ট্রীয় বাণিজ্য সংস্থার মধ্যে সহযোগিতার কাঠামো তৈরি হবে। এর আওতায় নিত্যপণ্য আমদানি-রপ্তানি ও বাণিজ্য সম্প্রসারণে নতুন সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অন্যদিকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বিশাল বাণিজ্য ঘাটতি কমাতে দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর ওপর জোর দিচ্ছে ঢাকা। এ লক্ষ্যে পাকিস্তানের কাছে শুল্ক ও শুল্কবহির্ভূত বিভিন্ন বাণিজ্য বাধা দূর করার প্রস্তাব দেবে বাংলাদেশ। আগামী ১ ও ২ ডিসেম্বর ইসলামাবাদে দুই দেশের বাণিজ্যবিষয়ক যৌথ কর্মদলের (জেডব্লিউজিটি) প্রথম বৈঠকে এসব বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে ওষুধ ও খাদ্যপণ্যের বাজারে প্রবেশাধিকার, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং শুল্কায়ন ও কাস্টমস প্রক্রিয়া সহজ করার বিষয়গুলোতে গুরুত্ব দেবে ঢাকা।
বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে দীর্ঘদিনের বাণিজ্য বাধাগুলো তুলে ধরা হবে। বিশেষ করে ওষুধ ও খাদ্যপণ্য রপ্তানির ক্ষেত্রে পণ্যের মান, কারিগরি বিধিবিধান এবং স্বাস্থ্য ও উদ্ভিদ স্বাস্থ্যসংক্রান্ত শর্ত (এসপিএস) নিয়ে বিদ্যমান জটিলতা দূর করার বিষয়ে আলোচনা হবে। এসব বাধা দূর হলে পাকিস্তানের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৈঠকে বাংলাদেশি পণ্যের জন্য পাকিস্তানের বাজারে আরো বেশি প্রবেশাধিকার চাওয়া হবে। পাশাপাশি রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর উপায় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা ও রংপুর বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপাল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে অনুভূত এই ভূমিকম্পের কম্পন ভারত, ভুটান ও চীনের বিভিন্ন এলাকাতেও ছড়িয়ে পড়ে।
আবহাওয়া অধিদফতরের ওয়্যারলেস সুপারভাইজার জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৭টা ৩২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প। উৎপত্তিস্থল ঢাকা থেকে ৫১৬ কিলোমিটার দূরে ছিল।
ভূমিকম্পের মাত্রা তুলনামূলক বেশি হওয়ায়, উৎপত্তিস্থল এত দূরে থাকা সত্ত্বেও ঢাকা ও রংপুরের মতো এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে জানান জহিরুল ইসলাম।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছে।
আবহাওয়া অধিদফতর ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৩ বললেও, নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার এর মাত্রা ৫ দশমিক ৬ বলে জানিয়েছে। নেপালের ইংরেজি ভাষার সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল-তিব্বত সীমান্তের কাছাকাছি তাপ্লেজং জেলার ওলাংচুং গোলা এলাকায় ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
অন্যদিকে, ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের (এনসিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ২০ কিলোমিটার গভীরে। এর অবস্থান ছিল ২৭ দশমিক ৮৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৯০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩২ জন, লালবাগ বিভাগ থেকে ৩৬ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৬ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৮ জন, তেজগাঁও বিভাগ থেকে ১০৫ জন, মিরপুর বিভাগ থেকে ১৩২ জন, গুলশান বিভাগ থেকে ৪০ জন, উত্তরা বিভাগ থেকে ৪১ জন, এসআরইউ বিভাগ থেকে ৪ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে উদ্ধার করা হয়েছে ১টি অবিষ্ফোরিত ককটেল, ১৩টি বিষ্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২০ কেজি ২৫৬ গ্রাম গাঁজা, ১২১৪২ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন, ১৮ বোতল বিদেশি মদ, ১১৮ ক্যান বিয়ার, ১টি সিএনজি, ১৪টি মোবাইলফোন, নগদ ২৬০০ টাকা এবং একজন ভিকটিম।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মিশরের বিশ্ববিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বাংলাদেশের গর্ব উজ্জ্বল করেছেন সাতক্ষীরার কৃতী শিক্ষার্থী মাসুম বিল্লাহ গুলজার।
স্নাতক পর্যায়ে অসাধারণ ফলাফলের স্বীকৃতি হিসেবে তিনি ‘দিরউত তামাইয়্যুজিল ইলমি’ (একাডেমিক এক্সেলেন্স ক্রেস্ট) ও বিশেষ সম্মাননা সনদ লাভ করেছেন। ৪৫টি দেশের ১ হাজার ১৯০ জন বিদেশি স্নাতকের মধ্যে ২৫টি দেশের ২৫ জন সেরা শিক্ষার্থীকে এ বিশেষ সম্মাননা প্রদান করা হয়। মাসুম বিল্লাহ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এই সম্মাননা অর্জন করেন।
রোববার (২২ নভেম্বর) সকাল ১০টায় মিশরের রাজধানী কায়রোর আল-আজহার কনফারেন্স সেন্টারের আল-আন্দালুস হলে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিদেশি শিক্ষার্থীদের জন্য এ সমাবর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মিশরের গ্র্যান্ড মুফতি অধ্যাপক ড. নাজির আইয়াদ, আল-আজহারের ভারপ্রাপ্ত ডেপুটি গ্র্যান্ড ইমাম শায়খ আইমান আবদুল গনি, বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদ সিদ্দিকসহ অন্যান্য শীর্ষস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের কাছ থেকে একাডেমিক এক্সেলেন্স ক্রেস্ট, সম্মাননা পদক ও সনদ গ্রহণ করেন মাসুম বিল্লাহ গুলজার।
আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ‘এডুকেশন ডেভেলপমেন্ট সেন্টার ফর আল-আজহার ইন্টারন্যাশনাল স্টুডেন্টস’ চতুর্থবারের মতো এ সমাবর্তনের আয়োজন করে। এতে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ ৪৫টি দেশের ১ হাজার ১৯০ জন বিদেশি স্নাতক অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ৮০৬ জন ছাত্র এবং ৩৮৪ জন ছাত্রী ছিলেন। সমাবর্তনে অংশগ্রহণকারী সকল স্নাতককে সনদ প্রদান করা হয়। তবে ৪৫টি দেশের মধ্যে নিজ নিজ ক্ষেত্রে সেরা ২৫ দেশের ২৫ জন শিক্ষার্থীকে বিশেষ মেধার স্বীকৃতি হিসেবে একাডেমিক এক্সেলেন্স ক্রেস্ট প্রদান করা হয়।
এ বছর আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ থেকে ৪০ জনের বেশি বাংলাদেশি শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করেছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আকিদা ও দর্শন বিভাগ থেকে মাহবুবুল আলম, রেজাউল করীম, মো. মাহফুজুর রহমান ও মুহাম্মদ মাহমূদ হাসান অংশ নেন। তাফসির বিভাগ থেকে মাসুম বিল্লাহ গুলজার, ইয়াকুব বিন ইসহাক, রাকিবুল ইসলাম, ওবায়দুল্লাহ আল আহরার, মো. আমজাদ হোসেন, আবুরাজিন মো. মুয়াজ, গাজী নুহাস জামিম, মো. আবছার উদ্দীন, মো. এনামুল হক, আব্দুর রহমান ও আনাস ইমাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া হাদিস বিভাগ থেকে যুবায়ের আহমাদ ও ফয়সাল মাহমুদ, শিক্ষাতত্ত্ব ও ইতিহাস বিভাগ থেকে কামরুল ইসলাম ও রেজাউল ইসলাম, আরবি ভাষা অনুষদ থেকে মো. মুজাহিদুল ইসলাম এবং শরিয়াহ ইসলামিয়া অনুষদ থেকে আব্দুল্লাহ মুসআব সমাবর্তনে অংশ নেন।
এর আগে গত ৬ জুলাই আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত চূড়ান্ত ফলাফলে মাসুম বিল্লাহ গুলজার তাফসির ও উলুমুল কুরআন বিভাগ থেকে ৯৫ দশমিক ০৩ শতাংশ নম্বর পেয়ে সর্বোচ্চ সম্মাননাসহ প্রথম শ্রেণি অর্জন করেন। এ ফলাফলে তিনি বিভাগের বিদেশি শিক্ষার্থীদের মধ্যে প্রথম এবং মিশরীয় ও বিদেশি শিক্ষার্থী মিলিয়ে সামগ্রিকভাবে তৃতীয় স্থান অধিকার করেন। স্নাতক পর্যায়ের আগের বর্ষগুলোতেও তিনি অনুষদের বিদেশি শিক্ষার্থীদের মেধাতালিকায় যথাক্রমে দ্বিতীয়, দ্বিতীয় ও প্রথম স্থান অর্জন করেছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় বুড়াইচ ইউনিয়নে নতুন সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন আবেদনকারী আহমেদ সিকদার এবং নবনিযুক্ত ডিলার মো. এনামুল ইসলাম। নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন আহমেদ সিকদার। অন্যদিকে, এসব অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানিয়েছেন নবনিযুক্ত ডিলার এনামুল ইসলাম। তিনি ঘুষ লেনদেনের অভিযোগ অস্বীকার করে মানহানির মামলা করার প্রস্তুতির কথাও জানিয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার শৈলমারী বাজারে নিজ প্রতিষ্ঠানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এনামুল ইসলাম বলেন, সরকারি নীতিমালা ও নির্ধারিত যোগ্যতা পূরণ করেই তাঁর প্রতিষ্ঠান মেসার্স এনামুল এন্টারপ্রাইজ সার ডিলারশিপ পেয়েছে।
তিনি বলেন, সম্প্রতি বুড়াইচ ইউনিয়নে সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে আহমেদ সিকদার তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। প্রকৃত ঘটনা আড়াল করে তাঁর সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে এনামুল ইসলাম বলেন, তাঁকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত করে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। অথচ তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁর দাবি, আহমেদ সিকদার নিজেও সার ডিলারশিপের জন্য আবেদন করেছিলেন। তবে ডিলারশিপ না পাওয়ায় প্রতিহিংসাপরায়ণ হয়ে তিনি এসব অভিযোগ করছেন।
ব্যবসায়িক যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়ে তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’-এর সব শর্ত পূরণ করেই তিনি আবেদন করেন। তাঁর প্রতিষ্ঠান মেসার্স এনামুল এন্টারপ্রাইজের নামে স্থানীয় কৃষি অফিস ও ঢাকার খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সার ও কীটনাশক ব্যবসার অভিজ্ঞতার একাধিক সনদ রয়েছে। সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের সামনে এসব সনদ প্রদর্শন করেন।
ঘুষ দিয়ে ডিলারশিপ নেওয়ার অভিযোগ অস্বীকার করে এনামুল ইসলাম বলেন, উপজেলা ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির মাধ্যমে সরেজমিন তদন্ত, নিজস্ব গুদামঘর, আর্থিক সক্ষমতা এবং ব্যবসায়িক অভিজ্ঞতার সনদ যাচাই-বাছাইয়ের পর তাঁকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ পাওয়ায় এখানে কোনো ধরনের আর্থিক লেনদেনের প্রশ্নই ওঠে না।
তিনি আরও বলেন, একজন আবেদনকারী হিসেবে ব্যর্থতার দায় অন্যের ওপর চাপিয়ে সরকারি নিয়োগপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার বন্ধ না হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
অন্যদিকে, গত ১৪ নভেম্বর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তোলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও শিকদার ট্রেডার্সের স্বত্বাধিকারী আহমেদ সিকদার।
তিনি বলেন, সরকারি নিয়ম মেনে প্রয়োজনীয় কাগজপত্র ও নিজস্ব গুদামসহ ডিলার নিয়োগের সব শর্ত পূরণ করে তিনি আবেদন করেছিলেন। উপজেলা কৃষি অফিসের প্রস্তুত করা তালিকায় তাঁর নাম প্রথমে থাকলেও শেষ পর্যন্ত তাঁকে ডিলার নিয়োগ দেওয়া হয়নি। তাঁর পরিবর্তে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত একজনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। নিয়োগপ্রাপ্ত ডিলারের গুদাম ও সার পরিবহনের সুবিধা নিয়েও প্রশ্ন তোলেন আহমেদ সিকদার। এ ঘটনায় রাজনৈতিক প্রভাব বা পক্ষপাতের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু সমাধান দাবি করেন তিনি।
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা বলেন, উপজেলা কমিটি যাচাই-বাছাই করে প্রতিটি ইউনিয়ন থেকে যোগ্য তিনজন আবেদনকারীর নাম জেলা কমিটির কাছে পাঠায়। জেলা কমিটি আরও যাচাই-বাছাই করে তালিকা কৃষি মন্ত্রণালয়ে পাঠায়। সার ডিলার নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কৃষি মন্ত্রণালয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ