ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্টাফ বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, তদন্ত শুরু


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্টাফ বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, তদন্ত শুরু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহাসড়কের পাশে পার্ক করে রাখা একটি স্টাফ বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের মতে, মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এটি বুধবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টা ২৫ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় এলাকায় ঘটে। শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সানারপাড় হাইওয়ে রোডে মো. লতিফের বাসের গ্যারেজ ও ইউটার্ন সংলগ্ন রাস্তার ওপর ‘থ্রি স্টার’ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৩২২) পার্ক করা ছিল। অজ্ঞাতনামা দুজন আরোহী একটি মোটরসাইকেলে করে এসে ফাঁকা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আগুনের কারণে বাসটির বেশ কিছু অংশ পুড়ে যায়। তবে বাসের ভেতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ড

ক্ষতিগ্রস্ত বাসটির মালিক লোকমান মামুন। তিনি ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা এবং বাসটির নিয়মিত চালক হিসেবে মামুন নামের এক ব্যক্তি কাজ করতেন।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস কালের কণ্ঠকে জানান, ‘রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা রাস্তার পাশে পার্ক করা ওই বাসটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। বাসটি মূলত বিভিন্ন অফিসের স্টাফদের যাতায়াতের কাজে ব্যবহার হতো বলে আমরা জানতে পেরেছি।’

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন: চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ঘন কুয়াশায় বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৮ এম


পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ঘন কুয়াশায় বন্ধ

মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) বুধবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয়।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, ফেরি চলাচল বন্ধ থাকার ফলে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে দুই প্রান্তে মোট ৯টি ফেরি আটকে রয়েছে। পাটুরিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে খান জাহান আলী ও বাইগার ফেরি অবস্থান করছে, ৪ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফেরি রয়েছে এবং ৫ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ফেরি নোঙর করা আছে। মাঝনদীতে আটকা পড়েছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরি।

অন্যদিকে, দৌলতদিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে পায়রা ও বিএস ডা. গোলাম মাওলা ফেরি অবস্থান করছে, ৪ নম্বর ঘাটে হাসনাহেনা ফেরি রয়েছে এবং ৭ নম্বর ঘাটে ধলেশ্বরী ও কেরামত আলী ফেরি নোঙর করা হয়েছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, "ঘন কুয়াশার কারণে নৌপথের মার্কিং বাতি দেখা যাচ্ছে না। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে আবারও ফেরি চলাচল শুরু হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সম্পদ থাকে, মালিক বদলে যায়: মানুষের উত্থান-পতনের কাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৯ এম


সম্পদ থাকে, মালিক বদলে যায়: মানুষের উত্থান-পতনের কাহিনী

পৃথিবীর ইতিহাসে মানুষের উত্থান ও পতনের অসংখ্য কাহিনী রয়েছে। একসময় যাঁদের কথায় রাজ্য পরিচালিত হতো, যাঁদের ইশারায় শত শত মানুষ ওঠাবসা করত, যাঁদের ধন-সম্পদের হিসাব রাখা কঠিন ছিল—সময়ের পরিক্রমায় তাঁরাই একদিন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তাঁদের রেখে যাওয়া অট্টালিকা, বিপুল সম্পদ, ক্ষমতা ও প্রতিপত্তি অন্যদের হাতে চলে গেছে। যেসব সম্পদের পাহাড় গড়তে তাঁরা জীবনের মূল্যবান সময় ব্যয় করেছেন, মৃত্যুর পর সেই সম্পদের ওপর তাঁদের আর কোনো কর্তৃত্ব থাকে না। উত্তরসূরিরা সেই সম্পদের মালিক হয়ে যায়, নতুন মানুষ ক্ষমতা ও প্রতিপত্তির আসনে অধিষ্ঠিত হয়। অথচ যিনি একসময় এসবের মালিক ছিলেন, তিনি চলে গেছেন নিঃস্ব হাতে।

এটাই দুনিয়ার চিরন্তন বাস্তবতা। মানুষ যত বড় ধনী কিংবা ক্ষমতাবানই হোক, মৃত্যুর কাছে সবাই অসহায়। কোনো সম্পদ, ক্ষমতা কিংবা প্রভাব-প্রতিপত্তি মৃত্যুকে ঠেকিয়ে রাখতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ‘প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর কিয়ামতের দিনই তোমাদের কর্মফল পূর্ণমাত্রায় দেওয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফলকাম। আর পার্থিব জীবন তো প্রতারণার উপকরণ ছাড়া কিছুই নয়।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৮৫)

সম্পদ থাকে, মালিক বদলে যায়

একজন ব্যক্তি জীবনের পুরোটা সময় সম্পদ গড়তে ব্যয় করেন; কিন্তু তাঁর মৃত্যুর পর সন্তানরা সেই সম্পদের মালিক হয়ে যায়। আবার কখনো তাঁর প্রতিষ্ঠিত ব্যবসা, বাড়ি, জমি ও প্রভাব-প্রতিপত্তি অন্যদের নিয়ন্ত্রণে চলে যায়। দুনিয়ার এই বাস্তবতা মানুষকে গভীরভাবে ভাবায়। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মৃত ব্যক্তির সঙ্গে তিনটি জিনিস যায়—তার পরিবার, তার সম্পদ ও তার আমল। অতঃপর দুটি ফিরে আসে এবং একটি তার সঙ্গে থেকে যায়। তার পরিবার ও সম্পদ ফিরে আসে, আর তার আমল তার সঙ্গে থেকে যায়।’ (সহিহ বুখারি, হাদিস : ৬৫১৪; সহিহ মুসলিম, হাদিস : ২৯৬০)

দুনিয়ার সম্পদ ও ক্ষমতা মানুষের জন্য পরীক্ষা হিসেবে কাজ করে। অনেক মানুষ মনে করে, বিপুল সম্পদের মালিক হওয়া কিংবা সমাজে প্রভাব-প্রতিপত্তি অর্জন করাই সফলতা। অথচ ইসলাম সম্পদ ও ক্ষমতাকে সফলতার মাপকাঠি হিসেবে বিবেচনা করে না। বরং এগুলো মানুষের জন্য পরীক্ষা। কেউ সম্পদ পেয়ে কৃতজ্ঞ হয়, আবার কেউ অহংকারী হয়ে ওঠে। কেউ ক্ষমতা পেয়ে মানুষের সেবা করে, আবার কেউ ক্ষমতার অপব্যবহার করে জুলুম-নির্যাতনে লিপ্ত হয়। আল্লাহ তাআলা বলেন, ‘জেনে রেখো, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তো কেবল পরীক্ষা। আর আল্লাহর কাছেই রয়েছে মহাপুরস্কার।’ (সুরা আল-আনফাল, আয়াত : ২৮)

তাহলে সম্পদ অর্জন করা দোষের নয়; বরং সম্পদের মোহে পড়ে আল্লাহকে ভুলে যাওয়া, অন্যের অধিকার নষ্ট করা এবং অহংকারে মত্ত হওয়াই বিপদের কারণ। প্রকৃত বুদ্ধিমান সেই ব্যক্তি, যে সম্পদকে নিজের জীবনের উদ্দেশ্য না বানিয়ে আখিরাতের পাথেয় হিসেবে ব্যবহার করে।

ধন-সম্পদের যে প্রতিযোগিতা নিন্দনীয়

মানুষের একটি স্বভাব হলো, সে যা অর্জন করে, অনেক সময় তাতেই সন্তুষ্ট থাকতে পারে না। আরও সম্পদ, আরও বাড়ি, আরও জমি, আরও ক্ষমতা ও সামাজিক মর্যাদার পেছনে ছুটতে থাকে। একসময় এই প্রতিযোগিতা তাকে জীবনের প্রকৃত উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে দেয়। অথচ মৃত্যু কখন আসবে, তা কারও জানা নেই। আল্লাহ তাআলা বলেন, ‘প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের গাফেল করে রেখেছে। এমনকি তোমরা কবরস্থানে উপনীত হও।’ (সুরা : তাকাসুর, আয়াত : ১-২)

প্রকৃত সম্পদ হলো নেক আমল

মানুষ দুনিয়াতে সম্পদের পাহাড় গড়ে তুলতে পারে, কিন্তু সেই সম্পদ একদিন অন্যের হাতে চলে যাবে। অথচ এমন কিছু সম্পদ রয়েছে, যা মৃত্যুর পরও মানুষের উপকারে আসে। সেগুলো হলো—সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান, যে তার জন্য দোয়া করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন তার আমল বন্ধ হয়ে যায়; তবে তিনটি আমল ছাড়া—সদকায়ে জারিয়া, এমন জ্ঞান, যার দ্বারা উপকৃত হওয়া যায় এবং নেক সন্তান, যে তার জন্য দোয়া করে।’ (সহিহ মুসলিম, হাদিস : ১৬৩১)

সুতরাং মানুষের প্রকৃত দূরদর্শিতা হলো এমন সম্পদ ও আমল রেখে যাওয়া, যা তার মৃত্যুর পরও কল্যাণ বয়ে আনবে। একটি মসজিদ নির্মাণ, মানুষের উপকারে আসে এমন কূপ বা পানির ব্যবস্থা করা, দ্বীনি কিংবা উপকারী জ্ঞান ছড়িয়ে দেওয়া, ভালো কাজে মানুষকে উদ্বুদ্ধ করা এবং সন্তানদের নেককার হিসেবে গড়ে তোলা—এসব কাজ মানুষের মৃত্যুর পরও সওয়াবের মাধ্যম হতে পারে। অন্যদিকে, যে ব্যক্তি শুধু নিজের ভোগবিলাস ও দুনিয়াবি মর্যাদা প্রতিষ্ঠার জন্য জীবন ব্যয় করেছে, তার মৃত্যুর পর তার সম্পদের মালিকানা অন্যদের কাছে চলে যাবে। কিন্তু আখিরাতের জন্য তার নিজের অর্জন কতটুকু, সেটিই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ধর্ষণ ও প্রাণনাশের হুমকির মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৩ এম


গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ধর্ষণ ও প্রাণনাশের হুমকির মামলা

গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু তাহের প্রধানের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তার বাড়ির নিরাপত্তাকর্মী আব্দুল কাদেরকেও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী নারী গত ১৫ নভেম্বর গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী মো. সালাউদ্দিন জানিয়েছেন, আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, পাঁচ বছর আগে শ্রীপুরে একটি পোশাক কারখানায় চাকরির সুবাদে আবু তাহেরের সঙ্গে ওই নারীর পরিচয় ঘটে। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন তাহের। অভিযোগ রয়েছে, গত ৮ আগস্ট ওই নারীর ভাড়া বাসায় গিয়ে তাকে ধর্ষণ করেন তিনি। এ সময় বাড়ির নিরাপত্তাকর্মী আব্দুল কাদের বাইরে পাহারায় ছিলেন। বিষয়টি প্রকাশ না করতে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

এজাহারে আরো উল্লেখ করা হয়েছে, ৩০ অক্টোবর ওই নারীর বাসায় গিয়ে আবারও তাহের তাকে ধর্ষণ করেন। পরে বিয়ের আশ্বাস দিয়ে গাড়িতে করে নেওয়ার সময় বাঘের বাজার এলাকায় নামিয়ে রেখে পালিয়ে যান। একপর্যায়ে বিয়ে করতে অস্বীকৃতি জানান তিনি।

অভিযুক্ত আবু তাহের প্রধান এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, "মামলার বিষয়ে কিছু জানি না। সাংবাদিকদের মাধ্যমে প্রথম জানতে পেরেছি।"

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) গাজীপুরের পুলিশ সুপার রকিবুল আক্তার জানিয়েছেন, "আদালতের কোনো আদেশ এখনো পাইনি। পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৪ এম


রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভোতে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৭ আরোহীর সবাই নিহত হয়েছেন। বিমানটিকে প্রাথমিকভাবে রাশিয়ার সামরিক বাহিনীর এএন-১২ মডেলের বিমান হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, বিধ্বস্ত বিমানটি আন্তোনভ এএন-১২ মডেলের ছিল। মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে বিমানটি বিধ্বস্ত হয়।

কেমেরোভো প্রদেশের গভর্নর ইলিয়া সেরেদিউক রুশ দৈনিক দ্য মস্কো টাইমসকে জানিয়েছেন, আঞ্চলিক রাজধানী থেকে ৫ কিলোমিটার দূরে ইয়াগুনোভা গ্রামের একটি বিরান এলেকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে একটি তদন্ত দল এবং ‘বিমান দুর্ঘটনা তদন্ত কমিশন’ কাজ করছে। ঘটনাস্থলে জরুরি সেবাদানকারী দলগুলো উপস্থিত রয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, উড়োজাহাজটির চারটি ইঞ্জিনের একটিতে জ্বালানি লিক হওয়ায় আগুন ধরে গিয়েছিল, ফলে নিয়ন্ত্রণ ব্যবস্থা অকেজো হয়ে পড়ে এবং বিমানটি মাটিতে আছড়ে পড়ে।

সূত্রের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম ‘বাজা’ জানিয়েছে, জ্বালানি লিক হওয়া, ইঞ্জিনে আগুন লাগা এবং হাইড্রোলিক সিস্টেম বিকল হয়ে যাওয়া—এই তিনটি বিষয় কেমেরোভোতে এএন-১২ বিমানটির বিধ্বস্ত হওয়ার সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে বিমানটি বিধ্বস্ত হওয়ার মুহূর্তের দৃশ্য দেখা গেছে; যেখানে দূর আকাশে একটি জ্বলন্ত বস্তুকে নিচে পড়ে যেতে দেখা যায়। এরপর একটি বিস্ফোরণে আকাশ আলোকিত হয়ে ওঠে, তবে দুর্ঘটনাটি অনেক দূরে ঘটায় তা স্পষ্টভাবে দেখা যায়নি।

বিবিসি এবং রয়টার্স ফুটেজটির সময় ও তারিখ যাচাই করেছে। রয়টার্স ঘটনাস্থলের দৃশ্যপট বিশ্লেষণ করে নিশ্চিত করেছে যে, এটি ওই এলাকার স্যাটেলাইট চিত্রের সাথে মিলে যায়।

বিধ্বস্ত বিমানটিতে কোনো পণ্য বা মালামাল ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রুশ সামরিক বাহিনীতে আন্তোনভ এএন-১২ সিরিজের বিমানগুলো প্রায় অপরিহার্য। অস্ত্র ও সেনা পরিবহনের পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধার অভিযানের কাজেও এ সিরিজের বিমানগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%