ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আফ্রিকায় বাণিজ্য সম্প্রসারণের জন্য কার্যকর ব্যাংকিং ব্যবস্থা জরুরি: ডিসিসিআই সভাপতি


আফ্রিকায় বাণিজ্য সম্প্রসারণের জন্য কার্যকর ব্যাংকিং ব্যবস্থা জরুরি: ডিসিসিআই সভাপতি

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ মন্তব্য করেছেন যে, কার্যকর ব্যাংকিং ব্যবস্থা ও আন্তর্জাতিক পেমেন্ট মেকানিজমের অভাব, ট্রেড ফাইন্যান্স এবং এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি না পাওয়ার কারণে আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হচ্ছে না। তিনি বলেন, "এ অঞ্চলে বৈদেশিক বিনিয়োগ ও বাণিজ্যের সম্ভাবনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এই সুযোগকে কাজে লাগাতে হবে।"

বৃহস্পতিবার, ঘানার অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক কোয়াসি আবিরি-ডানসো এবং নাইজেরিয়ার লাগোস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী লেয়ে কুপোলেইয়ের সঙ্গে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের পৃথক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

ঢাকা চেম্বার সভাপতি হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, ঘানা ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের জন্য দুই দেশের বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, প্রযুক্তিগত সহায়তার উন্নয়ন এবং সরকারি নীতি-সহায়তা অপরিহার্য। তিনি ঘানার ফিনটেক, বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও), সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ডিজিটাল ইনোভেশনসহ তথ্যপ্রযুক্তিভিত্তিক অন্যান্য সেবা খাতের উন্নয়নে বাংলাদেশি উদ্যোক্তাদের সহায়তা গ্রহণের আহ্বান জানান। বাংলাদেশ থেকে আরও বেশি হারে তৈরি পোশাক, ওষুধ, পাট ও পাটজাত পণ্য, প্লাস্টিক, অটোমোটিভ ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের পণ্য আমদানির জন্য ঘানাসহ আফ্রিকার উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: মো. শফিকুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলেন

ঘানার হাইকমিশনার অধ্যাপক কোয়াসি আবিরি-ডানসো জানান, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে ঘানার গভীর আগ্রহ রয়েছে। তিনি বলেন, "আমরা স্বর্ণ ও বিরল মৃত্তিকা খনিজ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম।" তাই, বাংলাদেশি উদ্যোক্তাদের ঘানাকে এই ধরনের পণ্য আমদানির জন্য বিবেচনা করার আহ্বান জানান তিনি। কোয়াসি, বাংলাদেশের বিদ্যমান চ্যালেঞ্জের কথা উল্লেখ করে ঘানা থেকে তেল আমদানির সম্ভাবনা যাচাইয়ের প্রস্তাব দেন। তিনি বলেন, কার্যকর ব্যাংকিং ব্যবস্থা এবং আন্তর্জাতিক অর্থ পরিশোধের উপযুক্ত পদ্ধতি নিশ্চিত করা গেলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন আরও সহজ ও গতিশীল হবে।

অন্য এক বৈঠকে নাইজেরিয়ার লাগোস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী লয়ে কুপোলেই বলেন, দুই দেশ প্রায় একই ধরনের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারায় এগিয়ে যাচ্ছে। তিনি জানান, বাংলাদেশ থেকে ওষুধ, তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, ফিনটেক সলিউশন এবং আইসিটি সেবা আমদানিতে নাইজেরিয়ার উদ্যোক্তাদের আগ্রহ রয়েছে। নাইজেরিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), ইউরিয়া এবং অন্যান্য সার, কোকো বীজ, কাজুবাদামসহ অন্যান্য পণ্য আমদানির জন্য তিনি বাংলাদেশি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

এ সময় ঢাকা চেম্বারের ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল ও সাইফ উদ্দৌলাহ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ২০ ও ৫০ টাকার নোট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমির হামজা: ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব পেয়েছিলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৫ পি.এম


আমির হামজা: ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব পেয়েছিলাম

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা সম্প্রতি বিশাল পরিমাণের ঘুষের প্রস্তাব পাওয়ার দাবি করেছেন। বৃহস্পতিবার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এই দাবি করেন। বক্তব্যের মধ্যে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রমে অনিয়ম এবং দালালচক্রের উপস্থিতির অভিযোগও উত্থাপন করেন।

অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মোজাহেরুল ইসলাম। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শাখা ছাত্রশিবিরের নেতাকর্মী এবং নবীন শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দুর্নীতিমুক্ত নেতৃত্বের গুরুত্ব তুলে ধরতে গিয়ে মুফতি আমির হামজা বলেন, ‘সেদিন রাতের বেলা একজন এসেছিল সন্ত্রাসী টাইপের। বলছে–আপনি তো আলেম মানুষ, বেশি খাবেন না, ২ টাকা করে খাবেন। আমি হিসাব করে দেখলাম প্রায় ৪৮ থেকে ৫০ কোটির ওপরে টাকা আসবে। এই রকম বিশাল ব্যাপার আমার সামনে।’

কুষ্টিয়া সদরে এ ধরনের আরও ৩৩টি স্থান বা খাতের কথা উল্লেখ করে সংসদ সদস্য আমির হামজা জানান, এসব অর্থনৈতিক প্রলোভন থেকে নিজের ইমান ও এখলাস ঠিক রাখার জন্য তিনি সবার কাছে দোয়া চান।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে মুফতি আমির হামজা বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রমে বিপুল অর্থ-সম্পদ থাকা সত্ত্বেও দুর্নীতির কারণে সেখান থেকে কাঙ্ক্ষিত সুফল বেরিয়ে আসে না।

নিজের পর্যবেক্ষণের কথা জানিয়ে তিনি বলেন, ‘দেখলাম ৩০ হাজার ডলার যায় মাছ ধরার জন্য। সর্বোচ্চ ডলারের হিসাব দেখলাম ৮ হাজার ডলারের নিবন্ধন আছে, বাকি ২২ হাজার ডলারের নিবন্ধন নেই। এই টাকাগুলো সরকার পাচ্ছে না।’ এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রটির দায়িত্বশীল সব পর্যায়ে দালালচক্রের উপস্থিতি রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি অর্থের অপচয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা গণপূর্তমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


সরকারি অর্থের অপচয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা গণপূর্তমন্ত্রীর

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের মন্তব্য করেছেন, নিম্নমানের নির্মাণকাজ অথবা সরকারি অর্থের অপচয়ের সাথে যদি কোনো কর্মকর্তা জড়িত হন, তাহলে তাঁর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তিনি উল্লেখ করেছেন যে, মিথ্যা অভিযোগ, ব্যক্তিগত স্বার্থ বা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার ভিত্তিতে কারো বিরুদ্ধে অন্যায় করা হবে না।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও তদূর্ধ্ব কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও জানান, গণপূর্ত অধিদপ্তরের জোনাল অফিসগুলোর কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করছে। বিশেষ করে কুমিল্লা জোনের অধীনে বেশ কিছু জেলা ও উপজেলা থাকায় কার্যক্রম পরিচালনায় চাপ সৃষ্টি হচ্ছে। এই বিষয়টি মাথায় রেখে কুমিল্লা ও বগুড়ায় নতুন জোন গঠনের পরিকল্পনা করা হচ্ছে।

তিনি বলেন, কাজের স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার জন্য ৩০ সদস্যের একটি বিশেষ মনিটরিং ও অডিট প্যানেল গঠন করা হবে। এই প্যানেল থেকে চার-পাঁচজনের দল গঠন করে দেশের বিভিন্ন জেলা এবং প্রকল্পে আকস্মিক পরিদর্শনে পাঠানো হবে। এখানে কোনো নির্দিষ্ট বা স্থায়ী দল থাকবে না; বরং বিভিন্ন সময়ে বিভিন্ন দল মাঠপর্যায়ের কাজের মান, অগ্রগতি এবং ব্যয় যাচাই করবে। এর ফলে প্রকল্পের প্রকৃত চিত্র জানা সম্ভব হবে এবং অনিয়মের সুযোগ কমানো যাবে।

সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।

মতবিনিময় সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং গণপূর্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাইয়ের তৃতীয় সম্মিলন ১৯-২০ ডিসেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৭ পি.এম


রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাইয়ের তৃতীয় সম্মিলন ১৯-২০ ডিসেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের জন্য দুই দিনব্যাপী ‘অ্যালামনাই তৃতীয় সম্মিলন-২০২৬’ আয়োজনের পরিকল্পনা করেছে ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এই সম্মিলন আগামী ১৯ ও ২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ সময় ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মিলনের আহ্বায়ক ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. বেলাল হোসেন। তিনি উল্লেখ করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করার উদ্দেশ্যে এই সম্মিলনের আয়োজন করা হচ্ছে।

তিনি আরও জানান, অ্যালামনাই সম্মিলন শুধুমাত্র একটি পুনর্মিলনী অনুষ্ঠান নয়; এটি প্রিয় বিশ্ববিদ্যালয়ের স্মৃতিময় প্রাঙ্গণে ফিরে আসা, শিক্ষাজীবনের সোনালি দিনগুলো নতুন করে স্মরণ করা, শ্রদ্ধেয় প্রাক্তন শিক্ষকদের সান্নিধ্য লাভ এবং প্রিয় সহপাঠীদের সঙ্গে পুনর্মিলিত হওয়ার একটি অনন্য সুযোগ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে বি.এ. (অনার্স), এম.এ., এম.ফিল ও পিএইচডি ডিগ্রিধারী সাবেক শিক্ষার্থীরা নির্ধারিত নিবন্ধন ফি দিয়ে সম্মিলনে অংশ নিতে পারবেন। এছাড়া বিভাগের অনার্স প্রথম বর্ষ থেকে এমএ শেষ সেমিস্টার পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীরা সহযোগী সদস্য হিসেবে অংশ নেওয়ার সুযোগ পাবেন। অংশগ্রহণকারীদের স্বামী-স্ত্রী ও সন্তানরাও জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা ফি দিয়ে সম্মিলনে অংশ নিতে পারবেন।

নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে সাধারণ সদস্যদের জন্য ৩ হাজার টাকা, নতুন আজীবন সদস্যদের জন্য ৭ হাজার ৫০০ টাকা, পুরোনো আজীবন সদস্যদের জন্য ২ হাজার ৫০০ টাকা এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৫০০ টাকা। ২০২০ সালের সম্মিলনে নিবন্ধিত আজীবন ও সাধারণ জীবন সদস্যদের জন্য ৫০০ টাকা ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।

নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে আয়োজকেরা জানান, নির্ধারিত ফি অগ্রণী ব্যাংকের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখায় ‘ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর সঞ্চয়ী হিসাবে জমা দিতে হবে। এরপর নির্ধারিত গুগল ফরমে প্রয়োজনীয় তথ্য, ছবি ও টাকা জমার রসিদ সংযুক্ত করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। আগামী ৩০ নভেম্বর নিবন্ধনের শেষ দিন। সম্মিলনসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে https://csa.ru.ac.bd/isaa/ ওয়েবসাইটে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, বিপুলসংখ্যক প্রাক্তন শিক্ষার্থীকে একটি অভিন্ন, সুসংগঠিত ও শক্তিশালী প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করা এ আয়োজনের অন্যতম লক্ষ্য। তাঁদের অর্জিত অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতাকে কাজে লাগিয়ে বর্তমান শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা, উচ্চশিক্ষা ও কর্মজীবনে সহযোগিতার কার্যকর সুযোগ সৃষ্টি করতে চান আয়োজকেরা।

তাঁদের প্রত্যাশা, এবারের সম্মিলনের মধ্য দিয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি সুদৃঢ় যোগাযোগ নেটওয়ার্ক গড়ে উঠবে। পাশাপাশি ভবিষ্যতে বিভাগের সার্বিক উন্নয়ন ও কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আয়োজকেরা জানান, সম্মিলনে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ জন অংশগ্রহণ করবেন বলে তাঁরা আশা করছেন। সম্মিলনের সার্বিক প্রস্তুতি ও সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করে সবাইকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন তাঁরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরটিভিতে সংবাদ প্রকাশের পর হবিগঞ্জের কাটেঙ্গা বিল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৭ পি.এম


আরটিভিতে সংবাদ প্রকাশের পর হবিগঞ্জের কাটেঙ্গা বিল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ

মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী পাখিদের অভয়াশ্রম কাটেঙ্গা বিল উদ্ধারের জন্য উপজেলা প্রশাসন উদ্যোগ গ্রহণ করেছে। ইউএনও মেহেদী হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায় জীববৈচিত্র্য সংরক্ষণ, জলাশয় পুনরুদ্ধার ও পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছেন।

আরটিভিতে গত ২৮ অক্টোবর কাটেঙ্গা বিলের অস্তিত্ব সংকট নিয়ে সংবাদ প্রকাশের পর প্রশাসনের এই উদ্যোগ নতুন আশার সঞ্চার করেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ইউএনও ও এসিল্যান্ডের নেতৃত্বে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বিল এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় বিলের সরকারি জমি চিহ্নিত করে চারপাশে লাল পতাকা স্থাপন করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, বিলটি পুনরুদ্ধার, খনন এবং জলাশয় নির্ভর পাখি ও অন্যান্য প্রাণীর খাদ্য ও নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার বিষয়েও পরিকল্পনা নেওয়া হচ্ছে।

মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে অবস্থিত প্রায় সাড়ে ১১ একর আয়তনের কাটেঙ্গা বিলটি দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের ঐতিহ্য ও প্রাকৃতিক পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। আশপাশের নিচু জমি ও জলপ্রবাহের সঙ্গে সংযুক্ত এ বিল সাতছড়ি ও তেলমাছড়া বনের কাছাকাছি হওয়ায় বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি পাখি এবং জলজ প্রাণীর জন্য গুরুত্বপূর্ণ আবাসস্থল হিসেবে পরিচিত।

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী ভূমিদখলকারী চক্র দীর্ঘদিন ধরে বিলটির বিভিন্ন অংশ দখল করে মাটি ভরাটের মাধ্যমে কৃষিজমিতে রূপান্তর করেছে। এর ফলে বিলের স্বাভাবিক জলপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশ, জীববৈচিত্র্য ও স্থানীয় মৎস্যসম্পদ হুমকির মুখে পড়েছে।

কাটেঙ্গা বিল রক্ষা কমিটির আহ্বায়ক এবং সাতছড়ি জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটির (সিএমসি) সভাপতি শফিকুল ইসলাম আবুল বলেন, “এই বিল আমাদের এলাকার ঐতিহ্যের অংশ। ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এর সঙ্গে। আগে প্রতি বছর চৈত্র মাসের প্রথম দিনে আশপাশের কয়েকটি ইউনিয়নের মানুষ একসঙ্গে বিলে মাছ ধরতে যেতাম। কিন্তু দখলদারদের কারণে বিলটি ধ্বংসের পথে।”

তিনি আরও বলেন, “বর্তমানে ইউএনও ও এসিল্যান্ডের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি, সংসদ সদস্যের সুদৃষ্টি ও সহযোগিতায় বিলটি সংরক্ষণের পাশাপাশি কবিগান, জারিসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে নতুন পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।”

শফিকুল ইসলাম আবুল দীর্ঘদিন ধরে কাটেঙ্গা বিল উদ্ধারের দাবিতে বিভিন্ন সরকারি দপ্তরে চিঠি প্রদান, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছেন।

এ বিষয়ে ইউএনও মেহেদী হাসান জানান, কাটেঙ্গা বিল নিয়ে আগে থেকেই প্রশাসনের পরিকল্পনা ছিল। বিলের সরকারি জমি চিহ্নিত করা হয়েছে। জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও সরকারি সম্পদ রক্ষায় এখানে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে আরও নতুন পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%